মুসা মিয়া

বিনা খরচে বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের শিক্ষার আলো ছড়াচ্ছে ঝিনাইদহের মুসা মিয়া বিদ্যালয়

ঝিনাইদহ প্রতিনিধি

Thank you for reading this post, don't forget to subscribe!

প্রতিবন্ধিতা কোনো শিশুর এগিয়ে যাওয়ার পথে বাধা হতে পারে না—এই বিশ্বাসকে ধারণ করে বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের শিক্ষা, প্রশিক্ষণ ও স্বাভাবিক বিকাশে কাজ করে যাচ্ছে ঝিনাইদহের মুসা মিয়া বুদ্ধি বিকাশ বিদ্যালয়। সম্পূর্ণ বিনা খরচে শিক্ষা ও বিভিন্ন ধরনের থেরাপি সেবা দিয়ে প্রতিষ্ঠানটি পাশে দাঁড়িয়েছে দুই শতাধিক শিশু ও তাদের পরিবারের।

বিদ্যালয় সূত্রে জানা যায়, বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের সামাজিক প্রতিবন্ধকতা দূর করে যথাযথ প্রশিক্ষণের মাধ্যমে যুগোপযোগী শিক্ষা প্রদান এবং সমাজের মূল ধারায় সম্পৃক্ত করার লক্ষ্যে ২০১৪ সালের ১৭ আগস্ট প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠিত হয়। বর্তমানে ঝিনাইদহ শহরের চুয়াডাঙ্গা বাসস্ট্যান্ডের দক্ষিণ পাশে তিনতলাবিশিষ্ট ভবনে চলছে বিদ্যালয়টির কার্যক্রম। এখানে দুই শতাধিক বিশেষ চাহিদাসম্পন্ন শিশু পড়াশোনা করছে।

প্রতিষ্ঠার শুরু থেকেই বিদ্যালয়টিকে সর্বাত্মক পৃষ্ঠপোষকতা দিয়ে আসছে ঝিনাইদহ জাহেদী ফাউন্ডেশন। প্রতিষ্ঠানটিতে প্রায় এক কোটি টাকা ব্যয়ে নির্মিত অত্যাধুনিক আইসিটি ল্যাব, সমৃদ্ধ ফিজিওথেরাপি ল্যাব, স্পিচ ও অকুপেশনাল থেরাপি ল্যাব এবং সেন্সরি ল্যাব রয়েছে। এসব সুবিধার মাধ্যমে শিশুদের দক্ষতা বৃদ্ধি, মানসিক বিকাশ ও শারীরিক সক্ষমতা উন্নয়নে কাজ করা হচ্ছে।

বিদ্যালয়ে পাঁচ ধরনের বিশেষ চাহিদাসম্পন্ন শিশুর শিক্ষার ব্যবস্থা রয়েছে। তারা হলো—বুদ্ধি প্রতিবন্ধী, ডাউন সিনড্রোম, সেরিব্রাল পালসি, শ্রবণপ্রতিবন্ধী ও বহুমাত্রিক প্রতিবন্ধী শিশু। শিশুদের শিক্ষা ও প্রশিক্ষণের জন্য রয়েছে সাড়ে তিন হাজারের বেশি বিশেষ প্রশিক্ষণ যন্ত্রপাতি ও শিখন উপকরণ।

রেডিয়্যান্ট ফার্মাসিউটিক্যালসের চেয়ারম্যান নাসের শাহরিয়ার জাহেদী মহুল বিদ্যালয়ের নামে ১৫ শতক জমি দান করেছেন। বিদ্যালয়ের যাবতীয় ব্যয়ভার বহনের পাশাপাশি শিক্ষার্থীদের যাতায়াতের সুবিধার্থে একটি স্কুল পিকআপ ভ্যানও দিয়েছে জাহেদী ফাউন্ডেশন।

প্রতিষ্ঠানটিতে ১২ জন প্রশিক্ষিত শিক্ষক, তিনজন থেরাপিস্ট, ছয়জন শিক্ষা সহকারী ও আটজন কর্মকর্তা নিয়মিত দায়িত্ব পালন করছেন। তাঁদের সম্মিলিত প্রচেষ্টায় বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের শিক্ষা ও বিকাশের কার্যক্রম পরিচালিত হচ্ছে।

বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সিরাজুম মুনিরা জানান, মানসম্মত শিক্ষা ও প্রশিক্ষণের মাধ্যমে বিদ্যালয়ের শিক্ষার্থীরা জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে সাফল্য অর্জন করেছে। একজন শিক্ষার্থী চিত্রাঙ্কনে প্রধানমন্ত্রীর কাছ থেকে জাতীয় পুরস্কার পেয়েছে। এ ছাড়া বিদ্যালয়ের দুজন শিক্ষার্থী জার্মানির বার্লিনে অনুষ্ঠিত স্পেশাল অলিম্পিকে স্বর্ণ ও ব্রোঞ্জ পদক অর্জন করেছে। তাদের এই অর্জন ঝিনাইদহবাসীর জন্য গৌরবের।

তিনি বলেন, শিশুদের বয়স ও সক্ষমতা অনুযায়ী তিনটি ধাপে শিক্ষা দেওয়া হয়। তিন থেকে ছয় বছর বয়সী শিশুদের জন্য রয়েছে আর্লি ডেভেলপমেন্ট চাইল্ডহুড প্রোগ্রাম। সাত থেকে ১৩ বছর বয়সীদের অ্যাডভান্স লেভেলে এবং ১৩ বছরের বেশি বয়সীদের অটিজম শ্রেণিতে রেখে শিক্ষা ও প্রশিক্ষণ দেওয়া হয়।

বিদ্যালয়ের শিক্ষার্থী পান্না আক্তার জানায়, জার্মানির বার্লিনে অনুষ্ঠিত স্পেশাল অলিম্পিকে সে স্বর্ণপদক অর্জন করেছে। এই সাফল্যে সে খুবই আনন্দিত।

ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সিরাজুম মুনিরা আরও বলেন, শিশুদের বিভিন্ন জাতীয় আয়োজনের সঙ্গে পরিচিত করতে জেলার নানা অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণের সুযোগ করে দেওয়া হয়। এ ছাড়া পিঠা উৎসব, নবান্ন উৎসব, নাচ ও বিভিন্ন শারীরিক পরিবেশনায়ও অংশ নেয় তারা। এসব আয়োজন শিশুদের আত্মবিশ্বাস ও সামাজিক দক্ষতা বাড়াতে সহায়তা করে।

ঝিনাইদহ জাহেদী ফাউন্ডেশনের সমন্বয়কারী তবিবুর রহমান লাবু বলেন, বিদ্যালয়টি বর্তমানে ঝিনাইদহের গৌরবের একটি প্রতিষ্ঠান। নাসের শাহরিয়ার জাহেদীর বাবার নামে বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়েছে। এখানে শহর থেকে প্রায় ১০ কিলোমিটার দূরের বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরাও পড়তে আসে। তাদের যাতায়াতের জন্য পিকআপ ভ্যানে বাড়ি থেকে আনা-নেওয়ার ব্যবস্থা রয়েছে। ভবিষ্যতে আরও একটি গাড়ির ব্যবস্থা করার পরিকল্পনা রয়েছে।

তিনি আরও জানান, বিদ্যালয়টি বর্তমানে সম্পূর্ণ অনাবাসিক। তবে ভবিষ্যতে এটিকে আবাসিক প্রতিষ্ঠানে রূপ দেওয়ার পরিকল্পনাও রয়েছে।

বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের শিক্ষা, চিকিৎসাসহায়ক থেরাপি ও সামাজিক বিকাশের সুযোগ তৈরি করে মুসা মিয়া বুদ্ধি বিকাশ বিদ্যালয় শুধু শিক্ষার আলোই ছড়াচ্ছে না, বরং পরিবারগুলোর দীর্ঘদিনের উদ্বেগ ও অনিশ্চয়তা কাটাতেও ভূমিকা রাখছে।

আরও পড়ুন:

আরো পড়ুন
ঝিনাইদহ ভিক্ষার
কালীগঞ্জে
আরো পড়ুন
কালীগঞ্জ থানার বিএনপি নেতা
কালীগঞ্জের একই গ্রামের চার প্রতিবন্ধীর জীবনসংগ্রাম, সহযোগিতার অপেক্ষায় চার পরিবার
আরো পড়ুন
মহেশপুর মাধবদী বিওপি
কালীগঞ্জ সাজাপ্রাপ্ত
Scroll to Top