ঝিনাইদহ সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক বদলি নিয়ে ক্ষোভ, পুনর্বহালের দাবি

ঝিনাইদহ সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক বদলি নিয়ে ক্ষোভ, পুনর্বহালের দাবি

নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ

Thank you for reading this post, don't forget to subscribe!

ঝিনাইদহ ২৫০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতালের চিকিৎসাসেবা, প্রশাসনিক শৃঙ্খলা ও আর্থিক ব্যবস্থাপনায় দৃশ্যমান উন্নয়নের পর তত্ত্বাবধায়ক ডা. মোস্তাফিজুর রহমানকে বদলি করায় স্থানীয়দের মধ্যে ক্ষোভ ও অসন্তোষ দেখা দিয়েছে। তাঁর স্থলে নতুন তত্ত্বাবধায়ক হিসেবে ডা. মো. ইউসুফ আলীকে দায়িত্ব দেওয়ার পর নিয়োগ নিয়েও শুরু হয়েছে আলোচনা-সমালোচনা। বিশেষ করে নতুন তত্ত্বাবধায়কের আওয়ামী লীগপন্থী চিকিৎসকদের সংগঠন স্বাধীনতা চিকিৎসক পরিষদের (স্বাচিপ) আজীবন সদস্যপদ নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয়রা।

গত ১৮ নভেম্বর স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. জালাল উদ্দিন মোহাম্মদ রুমী স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে ডা. মোস্তাফিজুর রহমানকে খুলনার বটিয়াঘাটা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হিসেবে পদায়ন করা হয়। তাঁর স্থলে ঝিনাইদহ সদর হাসপাতালের তত্ত্বাবধায়কের দায়িত্ব দেওয়া হয় ডা. মো. ইউসুফ আলীকে।

স্থানীয়দের প্রশ্ন, হাসপাতালের চিকিৎসাসেবা ও আর্থিক ব্যবস্থাপনায় ইতিবাচক পরিবর্তন আনার পরও কেন ডা. মোস্তাফিজুর রহমানকে বদলি করা হলো? একই সঙ্গে নতুন তত্ত্বাবধায়কের রাজনৈতিক সংশ্লিষ্টতা ও স্বাচিপের আজীবন সদস্যপদ নিয়ে ওঠা অভিযোগ যথাযথভাবে যাচাই করা হয়েছে কি না, তা নিয়েও প্রশ্ন দেখা দিয়েছে।

সংশ্লিষ্ট সদস্যতথ্যে ডা. ইউসুফ আলীর নামের বিপরীতে ২২০০১৫১ নম্বরের স্বাচিপের আজীবন সদস্যপদের তথ্য রয়েছে বলে দাবি করা হচ্ছে। স্বাচিপ আওয়ামী লীগপন্থী চিকিৎসকদের সংগঠন হিসেবে পরিচিত। এ অবস্থায় গুরুত্বপূর্ণ একটি সরকারি হাসপাতালের প্রশাসনিক দায়িত্বে নিয়োগের ক্ষেত্রে পেশাগত যোগ্যতা ও প্রশাসনিক দক্ষতার পাশাপাশি সংশ্লিষ্ট অভিযোগগুলো যাচাইয়ের দাবি জানিয়েছেন স্থানীয় সচেতন নাগরিকেরা।

হাসপাতাল সূত্রে পাওয়া তথ্য অনুযায়ী, ডা. মোস্তাফিজুর রহমানের দায়িত্ব পালনকালে হাসপাতালের রাজস্ব আয় ও আর্থিক ব্যবস্থাপনায় উল্লেখযোগ্য পরিবর্তন আসে। ২০২৩-২৪ অর্থবছরে সরকারি কোষাগারে রাজস্ব জমা হয়েছিল ১ কোটি ৭১ লাখ টাকা। ২০২৫-২৬ অর্থবছরে তা বেড়ে দাঁড়িয়েছে ২ কোটি ২৮ লাখ টাকায়। অর্থাৎ দুই অর্থবছরের ব্যবধানে রাজস্ব জমা বেড়েছে ৫৭ লাখ টাকা।

অন্যদিকে, অ্যাম্বুলেন্সের জ্বালানি ব্যয় ২০২৪-২৫ অর্থবছরে প্রায় ৬৫ লাখ টাকা থেকে কমে ২০২৫-২৬ অর্থবছরে প্রায় ৩০ লাখ টাকায় নেমে আসে। সাইকেল স্ট্যান্ডের ইজারা ৮০ হাজার টাকার কম দর থেকে উন্মুক্ত দরপত্রের মাধ্যমে ৬ লাখ ৭৫ হাজার ৫০০ টাকায় উন্নীত হয়।

এ ছাড়া তাঁর সময়ে চিকিৎসক-কর্মচারীদের বায়োমেট্রিক হাজিরা চালু, রোগীদের খাবারের মানোন্নয়ন, ওষুধ সরবরাহ ও পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার, চিকিৎসকদের রাতের রাউন্ড নিশ্চিত এবং অ্যাম্বুলেন্সে জিপিএস ট্র্যাকার স্থাপনের মতো উদ্যোগ নেওয়া হয়। প্রশাসনিক স্বচ্ছতা ও জবাবদিহি প্রতিষ্ঠায়ও বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছিল বলে হাসপাতালসংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

ঝিনাইদহ উন্নয়ন সমন্বয় সংগ্রাম কমিটির সাধারণ সম্পাদক আবুল বাশার বলেন, ডা. মোস্তাফিজুর রহমান দায়িত্ব নেওয়ার পর হাসপাতালের প্রশাসনিক শৃঙ্খলা ও আর্থিক ব্যবস্থাপনায় দৃশ্যমান পরিবর্তন এসেছে। এমন একজন কর্মকর্তার বদলিতে তাঁরা হতাশ।

স্থানীয় ব্যবসায়ী ফকরুদ্দীন মুন্না বলেন, তাঁর দায়িত্ব পালনকালে রোগীদের খাবারের মান, অক্সিজেন সরবরাহ ও পানীয় জলের ব্যবস্থায় উন্নতি হয়েছে। স্থানীয় বাসিন্দা ওয়াসিম জানান, গর্ভবতী মায়েদের চিকিৎসাসেবা এবং অপ্রয়োজনীয় সিজারিয়ান কমাতে কাউন্সেলিং কার্যক্রমেও গুরুত্ব দেওয়া হয়েছিল।

স্থানীয় সেবাপ্রত্যাশী ও সচেতন নাগরিকদের দাবি, হাসপাতালের উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে ডা. মোস্তাফিজুর রহমানকে ঝিনাইদহ সদর হাসপাতালে পুনর্বহালের বিষয়টি বিবেচনা করা হোক। পাশাপাশি নতুন তত্ত্বাবধায়কের নিয়োগের ক্ষেত্রে তাঁর পেশাগত যোগ্যতা, প্রশাসনিক দক্ষতা ও রাজনৈতিক সংশ্লিষ্টতা নিয়ে ওঠা প্রশ্নের বিষয়ে স্বাস্থ্য অধিদপ্তরের সুস্পষ্ট ব্যাখ্যা দেওয়া প্রয়োজন।

বদলির বিষয়ে ডা. মোস্তাফিজুর রহমান বলেন, ঝিনাইদহে দায়িত্ব পালনকালে সরকারি নিয়ম মেনে প্রতিটি খাতে স্বচ্ছতা নিশ্চিত করে রোগীদের সেবা দেওয়ার চেষ্টা করেছেন। নাগরিকদের চিকিৎসাসেবা নিশ্চিত করাই ছিল তাঁর একমাত্র লক্ষ্য।

অন্যদিকে, স্বাচিপের আজীবন সদস্যপদ নিয়ে ওঠা প্রশ্নের বিষয়ে নতুন তত্ত্বাবধায়ক ডা. মো. ইউসুফ আলীর বক্তব্য জানতে ফোন করা হলে তিনি বলেন, ‘এ বিষয়ে আমি পরে কথা বলব।’ এরপর তিনি ফোনের সংযোগ বিচ্ছিন্ন করে দেন।

সব মিলিয়ে হাসপাতালের সাম্প্রতিক উন্নয়ন কার্যক্রমের ধারাবাহিকতা, তত্ত্বাবধায়কের বদলির কারণ এবং নতুন দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাকে ঘিরে ওঠা প্রশ্নের বিষয়ে স্বাস্থ্য অধিদপ্তরের অবস্থান জানতে চাচ্ছেন ঝিনাইদহবাসী।

আরও পড়ুন:

আরো পড়ুন
মহেশপুর হাজার – মহেশপুরে ১ হাজার ৪৩১ বোতল ভারতীয় সিরাপ জব্দ, আটক ১
আরো পড়ুন
জমি নিয়ে বিরোধে মহেশপুরে ১৩ ঘণ্টা পড়ে রইল বাবার মরদেহ
আরো পড়ুন
কোটচাঁদপুরে ১ হাজার ৭০০ কৃষক পেলেন বিনামূল্যে বীজ-সার
আরো পড়ুন
ঘূর্ণিঝড়ের প্রভাবে ঝিনাইদহে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি, পাকা ধান ক্ষতির আশংকা
আরো পড়ুন
৫৬ বছরেও সেতু হয়নি, ঝুঁকিপূর্ণ সাঁকোয় পারাপার ১০ গ্রামের মানুষের
আরো পড়ুন
মহেশপুর সীমান্তে – মহেশপুর সীমান্তে ভারতে প্রবেশের চেষ্টায় নারী-শিশুসহ আটক ৫
আরো পড়ুন
Scroll to Top