নিজস্ব প্রতিবেদক
সাপে কাটার পর ওঝার কাছে নেওয়া হলেও বাঁচানো গেলো না কিশোরকে। ঝিনাইদহে ঘুমন্ত অবস্থায় বিষধর সাপের ছোবলে আরাফাত হোসেন (১৪) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে। সোমবার (১০ আগস্ট) দিবাগত মধ্যরাতে ঘরে ঘুমিয়ে থাকা অবস্থায় তাকে সাপে কামড় দেয়। মঙ্গলবার (১১ আগস্ট) সকালে বিষয়টি নিশ্চিত করে ঝিনাইদহ ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল ও সদর থানা।
নিহত আরাফাত হোসেন সদর উপজেলার ঘোড়শাল ইউনিয়নের তালতলা পাড়ার হান্নান মুসল্লির ছেলে। সে ঘোড়শাল মাদ্রাসার ষষ্ঠ শ্রেণির ছাত্র ছিল।
নিহতের স্বজন ও স্থানীয়দের বরাত দিয়ে জানা গেছে, রাত সাড়ে ১১টার দিকে নিজের ঘরে ঘুমন্ত অবস্থায় আরাফাতকে বিষধর সাপে ছোবল দেয়। বিষয়টি টের পেয়ে স্বজনরা প্রথমে তাকে স্থানীয় এক ওঝার কাছে নিয়ে যান। সেখান থেকে বাড়ি ফেরার পর রাত ৩টার দিকে আরাফাতের অবস্থার আরও অবনতি হয়। এরপর পরিবারের সদস্যরা তাকে নিয়ে ঝিনাইদহ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের উদ্দেশে রওনা হন, তবে পথিমধ্যেই তার মৃত্যু হয়।
এ বিষয়ে ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদউজ্জামান বলেন, “এ রকম কোনো খবর আমরা এখনো পাইনি। তবে বিষয়টি খোঁজখবর নিয়ে আইনগত প্রক্রিয়া সম্পন্ন করা হবে। এ ধরনের ঘটনায় সাধারণত অপমৃত্যু মামলা রুজু করা হয়ে থাকে।”