কালীগঞ্জে

অসহায় দুই প্রতিবন্ধীর পাশে দাঁড়ালেন কালীগঞ্জের ইউএনও

কালীগঞ্জ প্রতিনিধি

Thank you for reading this post, don't forget to subscribe!

স্বাভাবিকভাবে শুনতে ও কথা বলতে পারে না আট বছরের শিশু আবু রায়হান। আর ২১ বছর বয়সী আলী রাজের চলাফেরার সঙ্গী দুই হাতের লাঠি। শারীরিক প্রতিবন্ধকতা ও আর্থিক সংকট—দুইয়ের সঙ্গে প্রতিনিয়ত লড়াই করতে হচ্ছে তাদের। এমন বাস্তবতায় তাদের প্রয়োজনের কথা জানতে পেরে সহায়তার হাত বাড়িয়ে দিয়েছেন ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেজওয়ানা নাহিদ।

উপজেলার জামাল ইউনিয়নের উল্লা গ্রামের এই দুই বাসিন্দার দুরবস্থার কথা বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হলে বিষয়টি নজরে আসে ইউএনওর। এরপর শিশু আবু রায়হানের শ্রবণসহায়ক যন্ত্র কেনার জন্য ১৫ হাজার টাকা এবং আলী রাজের চলাচলের সুবিধার্থে একটি হুইলচেয়ার দেন তিনি।

আবু রায়হানের বয়স মাত্র আট বছর। শ্রবণ ও বাকপ্রতিবন্ধিতার কারণে স্বাভাবিকভাবে শুনতে ও কথা বলতে পারে না সে। উন্নত চিকিৎসা এবং প্রয়োজনীয় হিয়ারিং মেশিন কেনার সামর্থ্য নেই পরিবারের। শিশুটির শ্রবণক্ষমতা বাড়াতে একটি ভালো মানের হিয়ারিং মেশিন প্রয়োজন—এমন তথ্য জানার পর তার পরিবারের হাতে ১৫ হাজার টাকা সহায়তা তুলে দেন ইউএনও।

একই গ্রামের আলী রাজের জীবনসংগ্রামও কম নয়। ২১ বছর বয়সী এই তরুণ শারীরিক প্রতিবন্ধকতার কারণে দুই হাতে লাঠির সাহায্যে চলাফেরা করেন। কখনো এক পা, কখনো অন্য পা টেনে সামনে এগোতে হয় তাকে। চলতি বছরের জানুয়ারিতে ক্যানসারে আক্রান্ত হয়ে মাকে হারিয়েছেন তিনি। আর্থিক সংকট ও শারীরিক সীমাবদ্ধতার কারণে শেষ করতে পারেননি পড়াশোনাও।

সম্প্রতি দাদিকে সঙ্গে নিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে যান আলী রাজ। তার চলাফেরার কষ্টের বিষয়টি বিবেচনা করে একটি হুইলচেয়ার প্রদান করেন ইউএনও রেজওয়ানা নাহিদ। হুইলচেয়ারটি তার দৈনন্দিন চলাচলে কিছুটা হলেও স্বস্তি এনে দেবে বলে আশা করা হচ্ছে।

উল্লা গ্রামের চার প্রতিবন্ধী ব্যক্তিকে নিয়ে প্রকাশিত সংবাদ থেকেই বিষয়টি সামনে আসে। তাদের মধ্যে আবু রায়হান ও আলী রাজের প্রয়োজন অনুযায়ী এই সহায়তা দেওয়া হয়েছে।

একটি হিয়ারিং মেশিন কেনার অর্থ কিংবা একটি হুইলচেয়ার—কারও কাছে হয়তো খুব বড় কিছু নয়। কিন্তু যাদের প্রতিদিনের জীবন শারীরিক সীমাবদ্ধতা ও আর্থিক সংকটের সঙ্গে লড়াই করে কাটে, তাদের কাছে এমন সহায়তা হয়ে উঠতে পারে অনেক বড় অবলম্বন। আবু রায়হান ও আলী রাজের পাশে দাঁড়ানোর এই উদ্যোগ তাই কেবল আর্থিক সহায়তা নয়, অসহায় মানুষের প্রয়োজনের সময়ে পাশে থাকারও একটি দৃষ্টান্ত।

আরও পড়ুন:

আরো পড়ুন
কালীগঞ্জে লকডাউন ঘিরে নাশকতার অভিযোগে ছাত্রলীগের দুই কর্মী গ্রেপ্তার
আরো পড়ুন
ঝিনাইদহ সন্ত্রাসবিরোধী – ঝিনাইদহে সন্ত্রাসবিরোধী মামলায় ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার
আরো পড়ুন
কালীগঞ্জ মহাসড়কে – কালীগঞ্জে মহাসড়কে পেট্রোল ঢেলে আগুন, ‘জয় বাংলা’ স্লোগান
আরো পড়ুন
ঝিনাইদহ শীতার্তদের – ঝিনাইদহে শীতার্তদের জন্য জেলা প্রশাসনের কাছে ৫০০ কম্বল দিল আশা
আরো পড়ুন
শৈলকুপা উপজেলা চেয়ারম্যান
আরো পড়ুন
ঝিনাইদহ সড়ক – ঝিনাইদহে সড়ক প্রশস্তকরণে ৩২ স্থাপনা উচ্ছেদ, নিলামে বিক্রি ৫ লাখ টাকায়
আরো পড়ুন
Scroll to Top