মহেশপুর প্রতিনিধি
ঝিনাইদহ সীমান্তে বিএসএফের রাবার বুলেটে বাংলাদেশি যুবক আহতের ঘটনা ঘটেছে। ঝিনাইদহের মহেশপুর উপজেলার শ্রীনাথপুর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) ছোড়া রাবার বুলেটে রুবেল হোসেন (৩১) নামে এক বাংলাদেশি মারাত্মকভাবে আহত হয়েছেন। মঙ্গলবার (৪ আগস্ট) ভোরে ভারতের মহেন্দ্র সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে।
আহত রুবেল হোসেন মহেশপুর উপজেলার সীমান্তবর্তী শ্যামকুড় মাঠপাড়া গ্রামের মজিবুল খানের ছেলে।
স্থানীয় সূত্র ও বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সূত্রে জানা গেছে, মঙ্গলবার ভোরে রুবেলসহ কয়েকজন ব্যক্তি শ্রীনাথপুর বিওপি (বর্ডার পর্যবেক্ষণ পোস্ট) সংলগ্ন সীমান্তে অবস্থান করছিলেন। এ সময় ভারতের মহেন্দ্র ক্যাম্পের বিএসএফের একটি টহল দল তাদের উপস্থিতি টের পেয়ে লক্ষ্য করে রাবার বুলেট নিক্ষেপ করে। এতে বুক ও শরীরের বিভিন্ন স্থানে রাবার বুলেট বিদ্ধ হয়ে রুবেল গুরুতর আহত হন।
ঘটনার পরপরই সঙ্গীরা তাকে উদ্ধার করে দ্রুত বাংলাদেশ অভ্যন্তরে ফিরিয়ে নিয়ে আসেন। প্রথমে তাকে পার্শ্ববর্তী চুয়াডাঙ্গার জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। তবে তার শারীরিক অবস্থার অবনতি হলে প্রাথমিক চিকিৎসা শেষে আশঙ্কাজনক অবস্থায় উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় স্থানান্তর করা হয়েছে।
এ বিষয়ে ঝিনাইদহ-৫৮ বিজিবি ব্যাটালিয়নের অতিরিক্ত পরিচালক মেজর তোয়াসিন হাবিব হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আহত রুবেলের বুকে রাবার বুলেট লেগেছে বলে প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে। সীমান্তে বিএসএফের অনাকাঙ্ক্ষিত এ গুলিবর্ষণের ঘটনায় বিজিবির পক্ষ থেকে কড়া প্রতিবাদ জানানো হচ্ছে। সেই সাথে বিষয়টি গভীরভাবে খতিয়ে দেখে প্রয়োজনীয় আইনি ও কূটনৈতিক ব্যবস্থা নেওয়া হচ্ছে।