মালিয়াট, কালীগঞ্জ (ঝিনাইদহ)
ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার মালিয়াট ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডে চাকুলিয়া–দীঘারপাড়া ১ কিলোমিটার দীর্ঘদিনের কাঁচা সড়ক পাকাকরণের কাজ দ্রুতই শুরু হতে যাচ্ছে। চাকুলিয়া ইসলামের বাড়ি থেকে দীঘারপাড়া মধ্যপাড়া জামে মসজিদ পর্যন্ত প্রায় ১ কিলোমিটার সড়ক পাকাকরণের জন্য ইতোমধ্যে সরকারি বিল পাস হয়েছে।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর ) বিকালে সড়কটির নির্মাণকাজ আনুষ্ঠানিকভাবে শুরুর আগে পরিমাপ ও বর্তমান অবস্থা যাচাইয়ের লক্ষ্যে সরেজমিনে এলাকা পরিদর্শন করেছেন ঝিনাইদহ-৪ আসনের জাতীয় সংসদ সদস্য মাওলানা আবু তালিবের পিএস জাফর উল্লাহ ফিরোজ, যুব জামায়াত নেতা বিল্লাল হোসেনসহ উপজেলা জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা।
পরিদর্শনকালে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন মালিয়াট ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও আগামী ইউপি নির্বাচনে জামায়াতে ইসলামী মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী আহসান হাবীব, ৮ নম্বর ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী মো. শফিকুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
পরিদর্শন দল জানায়, কাজ শুরুর আগে সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করা হয়েছে এবং আশা করা যাচ্ছে যে দ্রুততম সময়ের মধ্যে কাজ শুরু হয়ে নির্ধারিত মেয়াদের মধ্যেই সড়কটির পাকাকরণ সম্পন্ন হবে।
দীর্ঘদিনের কাঁচা রাস্তাটি পাকা হলে চাকুলিয়া ও দীঘারপাড়াসহ আশপাশের কয়েকটি গ্রামের সাধারণ মানুষের যাতায়াতের দুর্ভোগ লাঘব হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন স্থানীয়রা।