/ Nov 11, 2026
মাগুরা-ঝিনাইদহ হয়ে দর্শনা-পোড়াদহ রেলসংযোগের উদ্যোগ, ব্যয় ১০ কোটি টাকা

ঝিনাইদহের বুক চিরে ছুটবে ট্রেন, মাগুরা থেকে দর্শনা-পোড়াদহ রেলপথের পরিকল্পনা

বিশেষ প্রতিবেদক

Thank you for reading this post, don't forget to subscribe!

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের যোগাযোগ ব্যবস্থায় নতুন সম্ভাবনার দ্বার খুলতে যাচ্ছে প্রস্তাবিত মাগুরা-ঝিনাইদহ-দর্শনা-পোড়াদহ রেলপথ। মাগুরা ও ঝিনাইদহ জেলাকে জাতীয় রেলনেটওয়ার্কের আওতায় আনতে প্রায় ৭০ কিলোমিটার নতুন ব্রডগেজ রেললাইন নির্মাণের পরিকল্পনা নিয়েছে সরকার। এ প্রকল্প বাস্তবায়িত হলে দীর্ঘদিনের রেল যোগাযোগবঞ্চিত দুই জেলার লাখো মানুষের যাতায়াত ও পণ্য পরিবহনে নতুন সুযোগ সৃষ্টি হবে।

বাংলাদেশ রেলওয়ে সূত্রে জানা গেছে, ঝিনাইদহ হয়ে মাগুরা থেকে দর্শনা-পোড়াদহ সেকশন পর্যন্ত রেল সংযোগ স্থাপনের সম্ভাব্যতা যাচাইয়ের উন্নয়ন প্রকল্প প্রস্তাব (ডিপিপি) অনুমোদন করেছে রেলপথ মন্ত্রণালয়। সম্ভাব্যতা সমীক্ষার জন্য প্রাথমিকভাবে ১০ কোটি ৫০ লাখ টাকা ব্যয় ধরা হয়েছে। এক মাসের মধ্যে প্রকল্প পরিচালক (পিডি) নিয়োগ দেওয়ার পরিকল্পনা রয়েছে।

বাংলাদেশ রেলওয়ের পশ্চিমাঞ্চলের প্রধান প্রকৌশলী মো. আহসান জাবির জানিয়েছেন, সম্ভাব্যতা সমীক্ষার প্রতিবেদন পাওয়ার পর আট মাসের মধ্যে মূল প্রকল্প বাস্তবায়নের প্রক্রিয়া শুরু করা হবে।

রেলপথ মন্ত্রণালয়ের ২০২৬ সালের আগস্টে তৈরি সম্ভাব্যতা যাচাইয়ের প্রকল্প প্রস্তাবে (পিএফএস) মাগুরা থেকে ঝিনাইদহ হয়ে দর্শনা-পোড়াদহ সেকশন পর্যন্ত প্রায় ৭০ কিলোমিটার নতুন ব্রডগেজ রেললাইন নির্মাণের পরিকল্পনা রয়েছে। পাশাপাশি ঝিনাইদহ থেকে কালীগঞ্জের মোবারকগঞ্জ রেলস্টেশন পর্যন্ত আরও ২১ কিলোমিটার রেলপথ নির্মাণের সম্ভাবনাও যাচাই করা হবে।

তিনটি বিকল্প রুট যাচাই

প্রস্তাবিত রেলপথের জন্য তিনটি বিকল্প নকশা যাচাই করা হবে। এর মধ্যে ঝিনাইদহ ও গাড়াগঞ্জ হয়ে মাগুরা থেকে পোড়াদহ এবং দর্শনা জংশনের সঙ্গে সংযোগ স্থাপনের বিষয়টি গুরুত্ব পাবে। কারিগরি, আর্থিক, পরিবেশগত ও সামাজিক প্রভাব বিবেচনা করে চূড়ান্ত রুট নির্ধারণ করা হবে।

সম্ভাব্যতা সমীক্ষায় রেলপথের অবস্থান, স্টেশন নির্মাণের স্থান, সেতু, কালভার্ট, বাঁধ, সিগন্যালিং ব্যবস্থা এবং অন্যান্য অবকাঠামোর প্রাথমিক নকশা তৈরি করা হবে। পাশাপাশি ভূমি অধিগ্রহণ, পুনর্বাসন, যাত্রী ও পণ্য পরিবহনের চাহিদা এবং প্রকল্পের অর্থনৈতিক সক্ষমতাও যাচাই করবেন পরামর্শকরা।

প্রকৌশলগত জরিপের মাধ্যমে নদী, সড়ক ও অন্যান্য অবকাঠামো অতিক্রমের উপযুক্ত ব্যবস্থা নির্ধারণ করা হবে। সমীক্ষা শেষে প্রকল্প বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় ব্যয় প্রাক্কলন, প্রকৌশল নকশা ও দরপত্রের নথিও প্রস্তুত করা হবে।

প্রকল্প ব্যয় প্রায় ১ হাজার ১৭ কোটি টাকা

রেলওয়ের প্রধান প্রকৌশলী মো. আহসান জাবিরের দেওয়া তথ্য অনুযায়ী, প্রস্তাবিত মূল রেল প্রকল্পের আনুমানিক ব্যয় প্রায় ১ হাজার ১৭ কোটি টাকা। সম্ভাব্যতা সমীক্ষা শেষ হলে ভূমি অধিগ্রহণসহ অন্যান্য প্রস্তুতিমূলক কাজ শুরু হবে। ভূমি অধিগ্রহণে এক থেকে দেড় বছর সময় লাগতে পারে। পুরো প্রকল্প বাস্তবায়নে সম্ভাব্য পাঁচ থেকে ছয় বছর সময় প্রয়োজন হতে পারে।

উপকৃত হতে পারে দেড় কোটি মানুষ

প্রস্তাবিত রেলপথ বাস্তবায়িত হলে মাগুরা ও ঝিনাইদহসহ আশপাশের অঞ্চলের মানুষের যোগাযোগ ব্যবস্থায় বড় পরিবর্তন আসতে পারে। পিএফএস নথি অনুযায়ী, প্রায় ৭০ কিলোমিটার রেলপথ নির্মিত হলে প্রায় এক কোটি মানুষ রেল যোগাযোগের সুবিধা পেতে পারেন। অন্যদিকে ঝিনাইদহ থেকে মোবারকগঞ্জ পর্যন্ত অতিরিক্ত ২১ কিলোমিটার রেল সংযোগ হলে আরও প্রায় ৫০ লাখ মানুষ উপকৃত হওয়ার সম্ভাবনা রয়েছে।

প্রস্তাবিত রেল করিডোরে গাড়াগঞ্জকে গুরুত্বপূর্ণ স্টেশন হিসেবে বিবেচনা করা হচ্ছে। এতে ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীদের যাতায়াত সহজ হওয়ার পাশাপাশি কুষ্টিয়া অঞ্চলের যোগাযোগ ব্যবস্থাতেও ইতিবাচক প্রভাব পড়তে পারে।

এ ছাড়া ঝিনাইদহ জেলা শহর ও কালীগঞ্জের মোবারকগঞ্জ রেলস্টেশনকে সংযুক্ত করা সম্ভব হলে জেলার আরও বিস্তীর্ণ এলাকার মানুষ রেল যোগাযোগের সুবিধা পাবেন।

কৃষি ও ব্যবসা-বাণিজ্যে নতুন সম্ভাবনা

ঝিনাইদহ ও মাগুরা কৃষিপ্রধান জেলা হিসেবে পরিচিত। বিশেষ করে সবজি, ফুলসহ বিভিন্ন কৃষিপণ্য উৎপাদনে এ দুই জেলার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। বর্তমানে এসব পণ্য দেশের বিভিন্ন বাজারে পাঠাতে সড়কপথের ওপর নির্ভর করতে হয়। রেল যোগাযোগ চালু হলে তুলনামূলক কম খরচে কৃষিপণ্য পরিবহনের সুযোগ তৈরি হতে পারে। এতে কৃষকদের পরিবহন ব্যয় কমার পাশাপাশি দ্রুত বাজারজাতকরণও সহজ হবে।

স্থানীয় ব্যবসায়ী, শিল্পোদ্যোক্তা ও কৃষকেরাও এ রেলপথের মাধ্যমে লাভবান হতে পারেন। বিশেষ করে দর্শনা সীমান্তকেন্দ্রিক আমদানি-রপ্তানি ও সীমান্ত বাণিজ্যে নতুন গতি সঞ্চারের সম্ভাবনা রয়েছে।

মধুখালী-মাগুরা রেলপথের সঙ্গে যুক্ত হবে নতুন করিডোর

এর আগে ফরিদপুরের মধুখালী থেকে মাগুরা পর্যন্ত ১৯ দশমিক ৯০ কিলোমিটার ব্রডগেজ রেললাইন নির্মাণের কাজ শুরু হয়েছে। রেলওয়ে কর্মকর্তাদের তথ্য অনুযায়ী, এ প্রকল্পের অবকাঠামোগত কাজের প্রায় ৫০ দশমিক ৫০ শতাংশ ইতোমধ্যে শেষ হয়েছে।

মধুখালী-মাগুরা রেলপথের সঙ্গে প্রস্তাবিত মাগুরা-ঝিনাইদহ-দর্শনা-পোড়াদহ রেল সংযোগ যুক্ত হলে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের রেল যোগাযোগ আরও বিস্তৃত হবে। পদ্মা সেতু হয়ে ঢাকার সঙ্গে এ অঞ্চলের রেল যোগাযোগ সহজ হওয়ার পাশাপাশি পশ্চিম সীমান্ত এলাকার সঙ্গে দেশের অন্যান্য অঞ্চলের সংযোগও শক্তিশালী হতে পারে।

সব মিলিয়ে প্রস্তাবিত রেলপথটি বাস্তবায়িত হলে ঝিনাইদহ ও মাগুরার যোগাযোগ ব্যবস্থায় দীর্ঘদিনের ঘাটতি পূরণের পাশাপাশি কৃষি, শিল্প, ব্যবসা-বাণিজ্য ও আঞ্চলিক অর্থনীতিতে নতুন সম্ভাবনা তৈরি হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

আরও পড়ুন:

আরো পড়ুন
নারীকে ‘বাইকে লিফট’ দিতে গিয়ে ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় ছাত্রদল নেতা নিহত
আরো পড়ুন
Image 348577 1794356476
আরো পড়ুন
কালীগঞ্জ নিষিদ্ধ – কালীগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিলের প্রস্তুতি, দুই সহোদরসহ আটক ৩
আরো পড়ুন
মহেশপুরে অবৈধ ইটভাটা – মহেশপুরে অবৈধ ইটভাটা বন্ধ, ভ্রাম্যমাণ আদালত ১ লাখ টাকা জরিমানা
আরো পড়ুন
ঝিনাইদহ মাসে – ঝিনাইদহে তিন মাসে ৯০ জনের আত্মহত্যা, নিহতদের দুই-তৃতীয়াংশ নারী
আরো পড়ুন
ছাত্রলীগ আন্দোলন
আরো পড়ুন
Scroll to Top