আজকের দিন-তারিখ
  • ()
ঝিনাইদহ কৃষি অধিদপ্তর

ঝিনাইদহের কৃষি বিভাগে ১০০ পদ শূন্য, ব্যাহত হচ্ছে মাঠপর্যায়ের সেবা

নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ

Thank you for reading this post, don't forget to subscribe!

কৃষি উৎপাদন বৃদ্ধি, আধুনিক প্রযুক্তির সম্প্রসারণ এবং কৃষকদের প্রয়োজনীয় পরামর্শ দেওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। অথচ ঝিনাইদহের ছয়টি উপজেলা কৃষি অফিস ও জেলা উপপরিচালকের কার্যালয়ে দেখা দিয়েছে তীব্র জনবল সংকট। অনুমোদিত ৩৩২টি পদের বিপরীতে কর্মরত রয়েছেন মাত্র ২৩২ জন। শূন্য পড়ে আছে ১০০টি পদ। ফলে প্রয়োজনীয় জনবলের অভাবে দাপ্তরিক কার্যক্রমের পাশাপাশি মাঠপর্যায়ে কৃষকদের কাঙ্ক্ষিত সেবা প্রদান ব্যাহত হচ্ছে।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য অনুযায়ী, জেলার মোট অনুমোদিত পদের প্রায় ৩০ শতাংশই শূন্য। সবচেয়ে বেশি সংকট রয়েছে উপসহকারী কৃষি কর্মকর্তার পদে। কৃষকদের সঙ্গে সরাসরি যোগাযোগ, ফসলের রোগবালাই শনাক্ত, আধুনিক চাষাবাদ পদ্ধতি সম্পর্কে পরামর্শ এবং কৃষি প্রযুক্তি সম্প্রসারণের মতো গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন এসব কর্মকর্তা। অথচ ২০৭টি অনুমোদিত পদের বিপরীতে কর্মরত রয়েছেন মাত্র ১৩৬ জন। শূন্য রয়েছে ৭১টি পদ।

উপজেলাভিত্তিক হিসাবে ঝিনাইদহ সদরে ২০টি, কালীগঞ্জে ১৪টি, কোটচাঁদপুরে একটি, মহেশপুরে ৯টি, শৈলকুপায় ১৯টি এবং হরিণাকুণ্ডুতে আটটি উপসহকারী কৃষি কর্মকর্তার পদ শূন্য রয়েছে। ফলে একজন কর্মকর্তাকে একাধিক এলাকার দায়িত্ব পালন করতে হচ্ছে, যা মাঠপর্যায়ে কৃষকদের নিয়মিত সেবা প্রদানের ক্ষেত্রে বাড়তি চাপ তৈরি করছে।

কৃষি সম্প্রসারণ কর্মকর্তার পদেও রয়েছে বড় ধরনের ঘাটতি। জেলায় এ পদে অনুমোদিত ১২টি পদের বিপরীতে কর্মরত রয়েছেন মাত্র পাঁচজন। শূন্য রয়েছে সাতটি পদ। এর মধ্যে ঝিনাইদহ সদরে দুটি এবং কালীগঞ্জ, কোটচাঁদপুর, মহেশপুর, শৈলকুপা ও হরিণাকুণ্ডুতে একটি করে পদ ফাঁকা রয়েছে।

এ ছাড়া অতিরিক্ত কৃষি কর্মকর্তার ছয়টি পদের মধ্যে পাঁচটি পূরণ হলেও ঝিনাইদহ সদরে একটি পদ শূন্য রয়েছে। সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তার ছয়টি পদের বিপরীতে কর্মরত রয়েছেন চারজন। কোটচাঁদপুর ও মহেশপুরে একটি করে দুটি পদ ফাঁকা রয়েছে।

শুধু মাঠপর্যায়ের কর্মকর্তাই নন, দাপ্তরিক কার্যক্রম পরিচালনার ক্ষেত্রেও রয়েছে জনবল সংকট। অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিকের ১৪টি পদের বিপরীতে কর্মরত রয়েছেন নয়জন। শূন্য রয়েছে পাঁচটি পদ। কালীগঞ্জ, কোটচাঁদপুর, মহেশপুর, শৈলকুপা ও হরিণাকুণ্ডুতে একটি করে পদ ফাঁকা রয়েছে।

উচ্চমান সহকারী তথা হিসাবরক্ষকের ছয়টি পদের মধ্যে পাঁচটি পূরণ হলেও কোটচাঁদপুরে একটি পদ শূন্য রয়েছে। অন্যদিকে স্প্রে মেকানিকের ছয়টি অনুমোদিত পদের বিপরীতে কর্মরত রয়েছেন মাত্র দুজন। কোটচাঁদপুর, শৈলকুপা, মহেশপুর ও হরিণাকুণ্ডুতে একটি করে মোট চারটি পদ শূন্য রয়েছে।

চতুর্থ শ্রেণির কর্মচারীদের মধ্যেও জনবল সংকট প্রকট। পেশকার মেকানিকের ছয়টি পদের মধ্যে চারটি এবং অফিস সহায়কের আটটি পদের মধ্যে চারটি শূন্য রয়েছে। পাশাপাশি জেলা উপপরিচালকের কার্যালয়ে জেলা প্রশিক্ষণ কর্মকর্তার একটি ও ক্যাশিয়ারের একটি পদ দীর্ঘদিন ধরে ফাঁকা রয়েছে।

সংশ্লিষ্টদের মতে, কৃষি বিভাগের মাঠপর্যায়ের কার্যক্রম অনেকাংশে নির্ভর করে উপসহকারী কৃষি কর্মকর্তাদের ওপর। কৃষকদের জমিতে গিয়ে ফসলের অবস্থা পর্যবেক্ষণ, রোগবালাই ও পোকামাকড় দমনে পরামর্শ, সার ও কীটনাশকের সঠিক ব্যবহার নিশ্চিত করা এবং নতুন জাত ও প্রযুক্তির সঙ্গে কৃষকদের পরিচিত করার দায়িত্বও তাঁদের। এ অবস্থায় বিপুলসংখ্যক পদ শূন্য থাকায় কৃষিসেবা সম্প্রসারণে বাড়তি চাপ তৈরি হচ্ছে।

ঝিনাইদহ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক আনিসুজ্জামান খান বলেন, ‘জনবল সংকট থাকলেও কৃষকদের সেবা নিশ্চিত করতে আমরা আন্তরিকভাবে কাজ করছি। সীমিত জনবল দিয়ে মাঠপর্যায়ের কার্যক্রম সচল রাখা এবং কৃষকদের প্রয়োজনীয় পরামর্শ ও আধুনিক প্রযুক্তির সুবিধা পৌঁছে দেওয়ার চেষ্টা অব্যাহত রয়েছে।’

তিনি আরও বলেন, ‘শূন্য পদগুলো পূরণ হলে কৃষিসেবার পরিধি আরও বাড়বে এবং কৃষকদের আরও দ্রুত ও কার্যকর সেবা দেওয়া সম্ভব হবে।’

কৃষিনির্ভর ঝিনাইদহে উৎপাদন বৃদ্ধি ও আধুনিক কৃষি প্রযুক্তির বিস্তারে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই কৃষকদের দোরগোড়ায় কাঙ্ক্ষিত সেবা পৌঁছে দিতে দ্রুত শূন্য পদগুলো পূরণের দাবি উঠেছে।

আরও পড়ুন:

আরো পড়ুন
জাতীয় শিক্ষক – জাতীয় শিক্ষক ফোরাম সাত দফা দাবিতে ঝিনাইদহে সম্মেলন
আরো পড়ুন
ঝিনাইদহে কালের সমাজ – ঝিনাইদহে কালের সমাজ পত্রিকার ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
আরো পড়ুন
ঝিনাইদহের কালীগঞ্জে গ্যাস বিক্রির অভিযোগ – ঝিনাইদহের কালীগঞ্জে গ্যাস বিক্রির অভিযোগে সিলিন্ডারবোঝাই ট্রাক আটক
আরো পড়ুন
Jhenaidah Kaliganj Dop Test
আরো পড়ুন
খবরের কাগজ বন্ধুজন
আরো পড়ুন
ঝিনাইদহে পাওনা টাকা নিয়ে কৃষককে কুপিয়ে হত্যা
আরো পড়ুন
Scroll to Top