পিৎজায় আনারস দিতে

পিৎজায় আনারস দিতে রাজি না হওয়ায় চাকরি হারালেন ইতালীয় শেফ

আন্তর্জাতিক ডেস্ক

Thank you for reading this post, don't forget to subscribe!

পিৎজায় আনারস ব্যবহারকে ইতালীয় খাদ্যসংস্কৃতির প্রতি অসম্মান মনে করেন ইতালীয় বংশোদ্ভূত শেফ দাভিদে তাম্বুরেলা। এ কারণে অস্ট্রেলিয়ার একটি রেস্তোরাঁর অনুষ্ঠানে হ্যাম ও আনারস দিয়ে পিৎজা তৈরিতে অস্বীকৃতি জানান তিনি। পরে আচরণসহ একাধিক অভিযোগের ভিত্তিতে চাকরি হারান এই শেফ।

অস্ট্রেলিয়ার ব্রিসবেনে ‘লা কস্তা’ নামের একটি রেস্তোরাঁয় কাজ করতেন তাম্বুরেলা। গত মে মাসে তাঁকে চাকরিচ্যুত করে কর্তৃপক্ষ। এর প্রায় দুই সপ্তাহ আগে তাঁর আচরণ ও কর্মপদ্ধতি নিয়ে একটি বৈঠক হয়। সেখানে পিৎজায় আনারস ব্যবহার করতে অস্বীকৃতি জানানোর বিষয়টিও অভিযোগ হিসেবে তুলে ধরা হয়।

তাম্বুরেলার দাবি, ইতালীয় সংস্কৃতির প্রতি অসম্মানজনক মনে হওয়ায় তিনি আনারস দেওয়া পিৎজা তৈরি করতে চাননি। তাঁর মতে, এ ধরনের নির্দেশ মানা তাঁর সাংস্কৃতিক মূল্যবোধের পরিপন্থী। চাকরিচ্যুতির সিদ্ধান্তকে অন্যায় উল্লেখ করে তিনি অস্ট্রেলিয়ার শ্রমবিষয়ক সংস্থা ফেয়ার ওয়ার্ক কমিশনে অভিযোগ করেন।

গত মঙ্গলবার কমিশন জানায়, গত চার বছরে তিনবার পিৎজায় আনারস দিতে অস্বীকৃতি জানিয়েছিলেন তাম্বুরেলা। এর আগে তিনি রেস্তোরাঁর মালিককে বিষয়টি ইতালীয়দের কাছে কতটা সংবেদনশীল, তা যাচাই করে দেখার পরামর্শও দিয়েছিলেন।

ঘটনাটি ঘটেছে কুইন্সল্যান্ডে, যে রাজ্য অস্ট্রেলিয়ার আনারস উৎপাদনের প্রধান কেন্দ্র হিসেবে পরিচিত। দেশটির বাণিজ্যিকভাবে বাজারজাত করা আনারসের বড় অংশই এ অঞ্চলে উৎপাদিত হয়। সানশাইন কোস্ট এলাকায় রয়েছে ১৬ মিটার উঁচু ‘দ্য বিগ পাইনঅ্যাপল’ নামের একটি ফাইবারগ্লাসের ভাস্কর্য, যা পর্যটকদের কাছে পরিচিত আকর্ষণ।

তবে রেস্তোরাঁ কর্তৃপক্ষের অভিযোগ শুধু আনারস নিয়ে মতবিরোধেই সীমাবদ্ধ ছিল না। তাম্বুরেলার বিরুদ্ধে সহকর্মীদের সঙ্গে দুর্ব্যবহার, অশোভন ভাষা ব্যবহার এবং কাজের বিষয়ে পরামর্শ দিলে ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখানোর অভিযোগও আনা হয়।

কমিশনের আদেশে আরও বলা হয়, গত এপ্রিলে কর্মস্থলে ক্ষুব্ধ হয়ে একটি লোহার রেলিংয়ে আঘাত করেছিলেন তাম্বুরেলা। এতে তাঁর ডান হাতের হাড় ভেঙে যায়।

তাম্বুরেলা আশা করেছিলেন, রেস্তোরাঁ কর্তৃপক্ষ তাঁকে অস্ট্রেলিয়ায় স্থায়ীভাবে বসবাসের ভিসা পাওয়ার প্রক্রিয়ায় সহায়তা করবে। কিন্তু চাকরি হারানোর পর সেই উদ্যোগও বন্ধ হয়ে যায়। নির্ধারিত সময়সীমা পার হওয়ার পর অভিযোগ জমা দেওয়ায় কমিশন তাঁর আবেদন গ্রহণ করেনি।

রেস্তোরাঁটির ব্যবস্থাপনা পরিচালক এলিয়ট ইনগ্রাম ডেইলি মেইলকে বলেন, পুরো ঘটনাটি কেবল পিৎজায় আনারস দেওয়া বা না-দেওয়ার বিষয় নয়; এর পেছনে আরও কারণ রয়েছে।

অন্যদিকে, পেশাজীবীদের যোগাযোগমাধ্যম লিংকডইনে তাম্বুরেলা লিখেছেন, নিজের পুরো কর্মজীবনে তিনি মানসম্মত খাবার তৈরি এবং ব্যবসার উন্নয়নে গুরুত্ব দিয়েছেন। এর আগে শেফদের উদ্দেশে প্রকাশিত এক খোলা চিঠিতে তিনি খাবারের উপকরণের প্রতি শ্রদ্ধাশীল থাকার বিষয়টি তুলে ধরেন।

বর্তমানে ব্রিসবেনেরই অন্য একটি রেস্তোরাঁয় কাজ করছেন তাম্বুরেলা। ওই রেস্তোরাঁর খাবারের তালিকায় আনারসের কোনো পদ নেই।

সূত্র: বিবিসি, ডেইলি মেইল ও ফেয়ার ওয়ার্ক কমিশনের বরাত দিয়ে প্রকাশিত প্রতিবেদন।

আরও পড়ুন:

আরো পড়ুন
নেতানিয়াহুর ক্ষমতায় ফেরা নিয়ে অনিশ্চয়তা, সমর্থন প্রত্যাহার করল জোটসঙ্গী ইউটিজে
কংগ্রেস হাতছাড়া, বড় চাপে ট্রাম্প; সামনে তদন্ত ও অভিশংসনের শঙ্কা
Suvendu Adhikari
মিশিগানে ইতিহাস
দিল্লির ঐতিহাসিক
যুক্তরাষ্ট্রের সহায়তা
Scroll to Top