নিজস্ব সংবাদদাতা-
ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার ১নং সুন্দরপুর ইউনিয়নের কমলাপুর গ্রামের চাল ও ধানের বিচালি (কাড়ি) ব্যবসায়ী আব্দুল মান্নান (মনা)-র ক্রয়কৃত একটি পুরাতন মোটরসাইকেল প্রায় দুই বছর পর চোরাই সন্দেহে জব্দ করেছে গোয়েন্দা (ডিবি) পুলিশ। এ ঘটনাকে কেন্দ্র করে তাঁর ছেলে স্থানীয় জামায়াত নেতা সাইদুর রহমান ডাবলুর বিরুদ্ধে রাজনৈতিকভাবে চরিত্র হননের উদ্দেশ্যে মিথ্যা প্রপাগান্ডা ছড়ানোর অভিযোগ উঠেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ব্যবসায়ী আব্দুল মান্নান মনা প্রায় দুই বছর আগে একই ইউনিয়নের আলাইপুর গ্রামের মোটরসাইকেল মিস্ত্রি রতনের মাধ্যমে একটি ব্যবহৃত ডিসকভারি ১২৫ সিসি মোটরসাইকেল ক্রয় করেন। পুলিশ সূত্রে জানা যায়, মিস্ত্রি রতন মূলত চোরাই মোটরসাইকেল চক্রের সাথে যুক্ত। তবে রতন পাশের গ্রামের বাসিন্দা হওয়ায় এবং তার অন্ধকার জগতে বিচরণ সম্পর্কে জানা না থাকায় তাকে বিশ্বাস করে হরিনাকুন্ডু উপজেলার ভবানীপুর গ্রামের মো: মনির হোসেনের কাছ থেকে ৮০ হাজার টাকায় মোটরসাইকেলটি কেনেন আব্দুল মান্নান।
গাড়িটির লেনদেনের সময় ঝিনাইদহের বিজ্ঞ নোটারী পাবলিকের কার্যালয় থেকে এফিডেভিট সম্পন্ন করা হয়, যেখানে এডভোকেট মো: আজিজুর রহমান সনাক্তকারী হিসেবে স্বাক্ষর করেছিলেন। বৈধ কাগজপত্র রয়েছে ভেবে আব্দুল মান্নান গত দুই বছর ধরে প্রকাশ্যে নিজ ব্যবসায়িক কাজে এটি ব্যবহার করে আসছিলেন। সম্প্রতি ডিবি পুলিশ গাড়িটি চোরাই চিহ্নিত করে জব্দ করলে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।