একরামুল ইসলাম তুষার, কালীগঞ্জ
ঝিনাইদহের কালীগঞ্জে দেশীয় প্রজাতির মাছ রক্ষা ও জলজ জীববৈচিত্র্য সংরক্ষণে বিভিন্ন নদীতে বিশেষ ভ্রাম্যমাণ অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। অভিযানে প্রায় ১ লাখ ৫০ হাজার টাকা মূল্যের অবৈধ ৪০টি চায়না দুয়ারি জাল জব্দ করে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।
সোমবার (২৮ সেপ্টেম্বর) দিনব্যাপী বেগবতী ও চিত্রা নদীর বিভিন্ন গুরুত্বপূর্ণ ও ঝুঁকিপূর্ণ পয়েন্টে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনা করেন কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেজওয়ানা নাহিদ।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, দেশীয় প্রজাতির মাছ ও এর রেণু পোনা রক্ষায় বেগবতী ও চিত্রা নদীর জামাল ইউনিয়নের তৈলকুপি, সুন্দরপুর-দুর্গাপুর ইউনিয়নের জমিদার বাড়ি সংলগ্ন এলাকা, চাপালী পৌর এলাকা এবং এর আশপাশের অংশজুড়ে এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। অভিযানকালে নদী থেকে অবৈধভাবে বসানো প্রায় ৭০০ মিটার দৈর্ঘ্যের ৪০টি চায়না দুয়ারি জাল জব্দ করা হয়। পরবর্তীতে জব্দকৃত জালগুলো উপজেলা পরিষদ চত্বরে প্রকাশ্যে আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়।
অভিযান পরিচালনাকালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা হাসান সাজ্জাদ, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যবৃন্দ, উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী এবং স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজওয়ানা নাহিদ জানান, দেশীয় মৎস্য সম্পদ ও জলজ জীববৈচিত্র্য রক্ষায় অবৈধ জালের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।