এইচ এম রাহুল, ঝিনাইদহ সদর:
ঝিনাইদহ সদর উপজেলার ২ নম্বর মধুহাটি ইউনিয়ন জামায়াতে ইসলামীর নতুন আমির হিসেবে নির্বাচিত হয়েছেন সাবেক ইউনিয়ন চেয়ারম্যান ও বর্তমান চেয়ারম্যান পদপ্রার্থী ডা. আকবর হোসাইন।
বুধবার (৩০ সেপ্টেম্বর) মধুহাটি ইউনিয়নে আয়োজিত জামায়াতে ইসলামীর এক বিশেষ অনুষ্ঠানে তাঁর নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়।
অনুষ্ঠানে নতুন আমিরের নাম ঘোষণা করেন ঝিনাইদহ সদর উপজেলা জামায়াতের আমির ও সদর উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী ড. মাওলানা হাবিবুর রহমান। এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মাওলানা তাজুল ইসলাম ও কাজী ছগির আহমদ। এ সময় মধুহাটি ইউনিয়ন জামায়াতে ইসলামীর বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
নতুন দায়িত্ব গ্রহণের পর ডাঃ আকবর হোসাইন সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করা, নেতাকর্মীদের ঐক্যবদ্ধ রাখা এবং এলাকার মানুষের পাশে থেকে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
নিজের অনুভূতি ও লক্ষ্য প্রকাশ করে ডাঃ আকবর হোসাইন বলেন, “বাংলাদেশ জামায়াতে ইসলামীর লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়নে জান-প্রাণ দিয়ে কাজ করব। মহান আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনকে সামনে রেখে সংগঠনের নীতি, আদর্শ ও শৃঙ্খলা মেনে মানুষের কল্যাণে কাজ করে যাব। ইসলামের সুমহান আদর্শ ও ন্যায়-ইনসাফ প্রতিষ্ঠার লক্ষ্যে সব সময় নিজেকে নিয়োজিত রাখব।”