জমি বিক্রি করে সৌদি আরবে, দুর্ঘটনায় পা হারিয়ে অসহায় রাজু

জমি বিক্রি করে সৌদি আরবে, দুর্ঘটনায় পা হারিয়ে অসহায় কালীগঞ্জের রাজু

বিদেশে গিয়ে প্রথম মাসের বেতন পাঠিয়েছিলেন বাড়িতে; গ্যাস সিলিন্ডার পড়ে পা হারানোর পর অর্থাভাবে মিলছে না চিকিৎসা, প্রয়োজন কৃত্রিম পা

Thank you for reading this post, don't forget to subscribe!

কালীগঞ্জ প্রতিনিধি

পরিবারের অভাব ঘোচাতে মায়ের নামে থাকা জমি বিক্রি করে সৌদি আরবে পাড়ি জমিয়েছিলেন রাজু আহম্মেদ (২০)। বিদেশে গিয়ে প্রথম মাসের বেতন পেয়ে বাড়িতেও টাকা পাঠিয়েছিলেন তিনি। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাসে সেখানে কাজ করতে গিয়ে দুর্ঘটনায় গুরুতর আহত হন। গ্যাস সিলিন্ডার পড়ে ভেঙে যায় তাঁর ডান পায়ের হাড়। পরে চিকিৎসাধীন অবস্থায় পায়ে পচন ধরলে কেটে ফেলতে হয় পুরো পা। এখন দেশে ফিরে অর্থাভাবে চিকিৎসা করাতে না পেরে অসহায় জীবন কাটছে তাঁর।

গত ৩১ অক্টোবর সৌদি আরব থেকে দেশে ফেরত পাঠানো হয় রাজুকে। কিন্তু কেটে ফেলা পায়ের ক্ষত এখনো শুকায়নি। ক্ষতস্থান থেকে বের হচ্ছে পুঁজ ও রক্ত। অসহ্য যন্ত্রণায় দিন কাটছে তাঁর। প্রয়োজনীয় চিকিৎসা ও কৃত্রিম পা সংযোজনের সামর্থ্য নেই পরিবারের। ফলে অনিশ্চিত হয়ে পড়েছে তাঁর ভবিষ্যৎ।

রাজু আহম্মেদ ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার মালিয়াট ইউনিয়নের মনোহরপুর গ্রামের কামাল হোসেন ও কদবানু বিবি দম্পতির ছেলে। তিন ভাইয়ের মধ্যে তিনি মেজ। বড় ভাই রাজন আহম্মেদ ইট ভাঙা ও কৃষিশ্রমিকের কাজ করেন। ছোট ভাই রুবেল হোসেন দ্বিতীয় শ্রেণিতে পড়ে। রাজু নবম শ্রেণি পর্যন্ত পড়াশোনা করেছেন। সংসারের অভাবের কারণে পড়াশোনা ছেড়ে উপার্জনের আশায় বিদেশে যাওয়ার সিদ্ধান্ত নেন।

পরিবারের পক্ষ থেকে জানা যায়, রাজুকে সৌদি আরবে পাঠাতে প্রয়োজন হয়েছিল সাড়ে পাঁচ লাখ টাকা। এ জন্য তাঁর মা কদবানু বিবির বাবার বাড়ি থেকে পাওয়া ১৩ শতক জমি পাঁচ লাখ টাকায় বিক্রি করা হয়। বাকি ৫০ হাজার টাকা ধার করে ছেলেকে বিদেশে পাঠানোর ব্যবস্থা করেন তাঁরা।

গত ২ আগস্ট সৌদি আরবের মক্কা শহরে যান রাজু। সেখানে একটি বাসায় মাসে ৪০ হাজার টাকা বেতনে কাজ নেন। শুরুতে সবকিছু ঠিকঠাক চলছিল। ১ সেপ্টেম্বর প্রথম মাসের বেতন পেয়ে নিজের খরচের জন্য কিছু টাকা রেখে বাকি টাকা বাড়িতে পাঠিয়ে দেন।

কিন্তু এরপরই ঘটে দুর্ঘটনা। অন্যের বাসায় কাজ করার সময় একটি গ্যাস সিলিন্ডার তাঁর ডান পায়ের ওপর পড়ে। এতে পায়ের হাড় ভেঙে যায় এবং বড় ধরনের ক্ষত সৃষ্টি হয়। পরে সৌদি আরবের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় পায়ে পচন ধরলে চিকিৎসকেরা তাঁর ডান পা কেটে ফেলেন।

রাজু আহম্মেদ বলেন, কেটে ফেলা পায়ের ক্ষত কোনোভাবেই শুকাচ্ছে না। ক্ষতস্থান থেকে সারাক্ষণ পুঁজ ও রক্ত বের হচ্ছে। ব্যথায় রাতে ঘুমাতে পারেন না। দেশে ফেরার পর চিকিৎসার জন্য যশোরের একটি ক্লিনিকে গেলেও অর্থাভাবে আর চিকিৎসা চালিয়ে যেতে পারেননি।

গত ১৩ নভেম্বর মনোহরপুর গ্রামে রাজুর বাড়িতে গিয়ে দেখা যায়, টিনের বেড়া দেওয়া ঘরের বারান্দায় বসে আছেন তিনি। নিজের জীবনের দুর্ঘটনার কথা বলতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন। আক্ষেপ করে রাজু বলেন, ‘পরিবারের সবার মুখে হাসি ফোটানোর জন্য বিদেশে গিয়েছিলাম। এখন এই শরীর নিয়ে কীভাবে বাকি জীবন চলবে?’

রাজুর বড় ভাই রাজন আহম্মেদেরও আর্থিক অবস্থা ভালো নয়। স্ত্রী ও দুই সন্তান নিয়ে তাঁর আলাদা সংসার। ইট ভাঙার পাশাপাশি কৃষিশ্রমিকের কাজ করে সংসার চালান তিনি। শারীরিক অসুস্থতার কারণে নিয়মিত কাজ করতেও পারেন না। ফলে ভাইয়ের চিকিৎসার ব্যয় বহন করা তাঁর পক্ষেও কঠিন।

রাজুর মা কদবানু বিবি বলেন, ‘ছেলের পা ভালো হতে আরও লাখ টাকা লাগবে। তা ছাড়া ভবিষ্যতে তাঁকে কিছু করে খেতে হলে কৃত্রিম পা লাগাতে হবে। এর কোনোটিই করার সামর্থ্য নেই।’

তিনি আরও বলেন, তাঁদের ভিটেবাড়ি ছাড়া আর কোনো সম্পদ নেই। ছেলেকে চিকিৎসকের কাছে নেওয়ার মতো টাকাও নেই। সারাক্ষণ যন্ত্রণায় ছেলেটি বিছানায় শুয়ে কাঁদে। ছেলের এমন অবস্থায় কী করবেন, তা বুঝে উঠতে পারছেন না তাঁরা।

আরও পড়ুন:

আরো পড়ুন
ঝিনাইদহ উন্নয়ন
আরো পড়ুন
ঢাকা মহানগর দক্ষিণ ও উত্তর যুবদলের সাংগঠনিক দায়িত্ব পেলেন ঝিনাইদহের কামরুজ্জামান
আরো পড়ুন
নেতানিয়াহুর আইজেনকেট ক্ষমতায় ফেরা নিয়ে অনিশ্চয়তা, সমর্থন প্রত্যাহার করল জোটসঙ্গী ইউটিজে
আরো পড়ুন
‍Sheikh Hasina
আরো পড়ুন
ঝিনাইদহে বৃষ্টির পানিতে ডুবেছে ধান ও পেঁয়াজের বীজতলা, গো-খাদ্য সংকটের শঙ্কা
আরো পড়ুন
Whatsapp Image 2026 11 22 At 80225 Pm 2611221519
আরো পড়ুন
Scroll to Top