ঝিনাইদহ উন্নয়ন

ঝিনাইদহে থমকে আছে শতকোটি টাকার উন্নয়ন প্রকল্প, সংসদে দাবি তুলবেন এমপি আলী আজম

বিশেষ প্রতিনিধি

Thank you for reading this post, don't forget to subscribe!

দক্ষিণ-পশ্চিমাঞ্চলের জেলা ঝিনাইদহে শিক্ষা, স্বাস্থ্যসেবা, শিল্পায়ন ও গ্রামীণ অবকাঠামো উন্নয়নে নেওয়া একাধিক প্রকল্প বছরের পর বছর ধরে আটকে আছে।বিগত বিএনপি-জামায়াত জোট সরকারের আমলে এসব প্রকল্পের বেশ কয়েকটি উদ্বোধন করা হলেও দীর্ঘ সময়েও অনেকগুলো পূর্ণাঙ্গভাবে চালু হয়নি। কিছু প্রকল্প বাতিল হয়েছে, আবার কিছু প্রতিষ্ঠান প্রয়োজনীয় জনবল ও সরঞ্জামের অভাবে কার্যকর সেবা দিতে পারছে না। এতে সরকারি অর্থ ব্যয়ের পরও কাঙ্ক্ষিত সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন জেলার মানুষ।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ঝিনাইদহের স্বাস্থ্যসেবা উন্নয়নে ট্রমা হাসপাতাল নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছিল। বিগত বিএনপি-জামায়াত জোট সরকারের আমলে উদ্যোগে নেওয়া প্রায় ছয় কোটি টাকার এ প্রকল্পটি দীর্ঘ ১৩ বছর ঝুলে থাকার পর বাতিল করা হয়। সড়ক দুর্ঘটনায় আহতদের দ্রুত চিকিৎসা দেওয়ার জন্য হাসপাতালটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারত বলে মনে করছেন স্থানীয়রা।

জেলায় শিল্পায়নের সম্ভাবনা তৈরিতে ২০০৮ সালে গ্যাসলাইন নির্মাণ করা হয়। কিন্তু দীর্ঘ ১৮ বছরেও শিল্পকারখানা কিংবা আবাসিক গ্রাহকদের কাছে গ্যাস সরবরাহ নিশ্চিত করা সম্ভব হয়নি। ফলে অবকাঠামো তৈরি হলেও এর সুফল পাচ্ছেন না স্থানীয় বাসিন্দা ও উদ্যোক্তারা।

এ ছাড়া ঝিনাইদহে খাবার স্যালাইন কারখানা এবং সদর হাসপাতালের করোনারি কেয়ার ইউনিট স্থাপনের প্রকল্পও বাতিল হয়ে যায়। অন্যদিকে ম্যাটস, চক্ষু হাসপাতাল, শিশু হাসপাতাল, চাকলাপাড়ার আইএইচটি, হরিণাকুণ্ডুর বিএসসি নার্সিং প্রশিক্ষণ কেন্দ্র, ঝিনাইদহ নার্সিং প্রশিক্ষণ কেন্দ্র ও পরিবার পরিকল্পনা বিভাগের বিভিন্ন প্রতিষ্ঠানে জনবল সংকট রয়েছে। বিশেষ করে ম্যাটসে প্রয়োজনীয় জনবল না থাকায় প্রতিষ্ঠানটির কার্যক্রম নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।

ঝিনাইদহ চক্ষু হাসপাতালকে সরকারি করার ঘোষণা এবং একটি অ্যাম্বুলেন্স দেওয়ার প্রতিশ্রুতিও বাস্তবায়িত হয়নি বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

জেলার বিভিন্ন উপজেলায় নির্মিত পাঁচটি ১০ শয্যাবিশিষ্ট মা ও শিশু কল্যাণ কেন্দ্রও দীর্ঘদিন ধরে চালু হয়নি। শৈলকুপার দুধসর ও কাঁচেরকোল, মহেশপুরের ভৈরবা, সদর উপজেলার দক্ষিণ কাষ্টসাগরা এবং কালীগঞ্জ পৌরসভা এলাকায় কেন্দ্রগুলোর ভবন নির্মাণের পাশাপাশি আসবাবপত্র ও চিকিৎসা সরঞ্জাম সরবরাহ করা হয়েছে। কিন্তু প্রয়োজনীয় জনবল নিয়োগ না হওয়ায় আট বছর ধরে সেগুলো কার্যত বন্ধ রয়েছে।

একইভাবে জেলা সদরের হাটগোপালপুরে ২৫ শয্যাবিশিষ্ট হাসপাতাল নির্মাণের জন্য জমি অধিগ্রহণ করা হলেও প্রকল্পটি বাস্তবায়িত হয়নি।

স্বাস্থ্য বিভাগের জনবল সংকটও প্রকট। ঝিনাইদহ সিভিল সার্জন কার্যালয়ের ১৫৫টি পদে নিয়োগ প্রক্রিয়া দীর্ঘদিন ধরে ঝুলে আছে। এতে মাঠপর্যায়ে স্বাস্থ্যসেবা কার্যক্রম ব্যাহত হচ্ছে।

শিক্ষা খাতেও রয়েছে অব্যবস্থাপনা। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নামে নামকরণ করা সরকারি কেসি কলেজের ছাত্রাবাসটি প্রায় ১৬ বছর ধরে পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। ফলে দূরদূরান্ত থেকে আসা শিক্ষার্থীদের আবাসন সংকট বাড়ছে।

অন্যদিকে গ্রামীণ যোগাযোগব্যবস্থার উন্নয়নেও দৃশ্যমান অগ্রগতি নেই। জেলার বিভিন্ন সড়ক চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে বলে অভিযোগ স্থানীয়দের। বৃহত্তর যশোর প্রকল্পের আওতায় ঝিনাইদহের কিছু সড়ক উন্নয়নের কথা থাকলেও একনেকে অনুমোদন না পাওয়ায় কাজ শুরু হয়নি বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

এ বিষয়ে সচেতন নাগরিক অ্যাডভোকেট ইসমাইল হোসেন বলেন, জেলার গুরুত্বপূর্ণ উন্নয়ন প্রকল্পগুলো দীর্ঘদিন ধরে আটকে থাকায় সাধারণ মানুষ কাঙ্ক্ষিত সেবা থেকে বঞ্চিত হচ্ছেন। ঝিনাইদহ সদর আসনের সংসদ সদস্য আলী আজম মো. আবু বকরের কাছে আমাদের প্রত্যাশা, তিনি যেন জেলার এসব সমস্যা জাতীয় সংসদে তুলে ধরে সরকারের উচ্চপর্যায়ে কার্যকর উদ্যোগ গ্রহণে ভূমিকা রাখেন। বিশেষ করে বাতিল হওয়া খাবার স্যালাইন কারখানা, ট্রমা হাসপাতাল ও করোনারি কেয়ার ইউনিট প্রকল্প পুনর্বিবেচনা করে বাস্তবায়নের উদ্যোগ নেওয়ার দাবি জানান তিনি।

তিনি আরও বলেন, জেলার উন্নয়নে সংসদ সদস্য নিজে উদ্যোগী হলেও স্থানীয় পর্যায়ে সরকারদলীয় কিছু নেতাকর্মীর বাধা ও অসহযোগিতার অভিযোগ রয়েছে। এ ধরনের প্রতিবন্ধকতা দূর করে উন্নয়ন কার্যক্রম এগিয়ে নিতে সংসদ সদস্যকে আরও দৃঢ় ভূমিকা রাখতে হবে। একই সঙ্গে জেলার অন্যান্য সংসদ সদস্য ও সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকা প্রতিনিধিদের সঙ্গে সমন্বয় করে সম্মিলিতভাবে দাবি উত্থাপন করতে হবে। ব্যক্তিগত বা দলীয় স্বার্থের ঊর্ধ্বে উঠে সবাই সহযোগিতা করলে ঝিনাইদহের দীর্ঘদিনের আটকে থাকা উন্নয়ন প্রকল্পগুলো বাস্তবায়নের পথ তৈরি হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

এ বিষয়ে ঝিনাইদহ সদর আসনের সংসদ সদস্য আলী আজম মো. আবু বকর বলেন, “ঝিনাইদহ দক্ষিণ-পশ্চিমাঞ্চলের একটি সম্ভাবনাময় জেলা। অথচ দীর্ঘদিন ধরে এ জেলার অনেক গুরুত্বপূর্ণ উন্নয়ন প্রকল্প অবহেলা ও নানা জটিলতায় আটকে রয়েছে। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সরকারের সময়ে নেওয়া বেশ কিছু উন্নয়ন পরিকল্পনা এখনো পূর্ণাঙ্গভাবে বাস্তবায়িত হয়নি। এসব প্রকল্প বাস্তবায়ন করা গেলে জেলার স্বাস্থ্যসেবা, শিক্ষা, শিল্পায়ন, কর্মসংস্থান ও যোগাযোগব্যবস্থায় ব্যাপক পরিবর্তন আসবে। আমি চাই, ঝিনাইদহের মানুষ যেন তাদের ন্যায্য উন্নয়ন ও নাগরিক সেবা থেকে আর বঞ্চিত না হন।

আমি ঝিনাইদহের উন্নয়নে ব্যক্তিগতভাবে উদ্যোগ নিচ্ছি এবং বিভিন্ন প্রকল্প বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট দপ্তর ও মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করছি। কিন্তু দুঃখজনকভাবে, আমার এসব উদ্যোগের পথে স্থানীয় পর্যায়ে সরকারদলীয় কিছু নেতাকর্মী নানা ধরনের বাধা-বিঘ্ন সৃষ্টি করছেন। উন্নয়নমূলক কাজ এগিয়ে নিতে গেলে অসহযোগিতা, রাজনৈতিক প্রভাব বিস্তার এবং বিভিন্নভাবে প্রতিবন্ধকতার মুখে পড়তে হচ্ছে। একজন সংসদ সদস্য হিসেবে আমি যখন এলাকার মানুষের স্বার্থে কাজ করতে চাই, সরকারদলীয় পরিচয় ব্যবহার করে কেউ বাধা সৃষ্টি করলে তা অত্যন্ত হতাশাজনক। ব্যক্তিগত স্বার্থ কিংবা রাজনৈতিক প্রভাবের কারণে জনগণের উন্নয়ন আটকে রাখা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। আমি চাই, সবাই এসব সংকীর্ণতা থেকে বেরিয়ে এসে জেলার উন্নয়নে সহযোগিতা করবেন।

ঝিনাইদহের ট্রমা হাসপাতাল, স্যালাইন কারখানা, করোনারি কেয়ার ইউনিট, চক্ষু হাসপাতাল, শিশু হাসপাতাল, আইএইচটি, ম্যাটস, নার্সিং প্রশিক্ষণকেন্দ্র, মা ও শিশুস্বাস্থ্যকেন্দ্র, হাটগোপালপুর ২৫ শয্যার হাসপাতাল, গ্যাস সরবরাহ এবং শিক্ষাপ্রতিষ্ঠানের অবকাঠামো উন্নয়নসহ যেসব প্রকল্প দীর্ঘদিন ধরে আটকে রয়েছে, সেগুলো বাস্তবায়নে আমি বিশেষ গুরুত্ব দেব। একই সঙ্গে স্বাস্থ্য খাতের শূন্য পদে জনবল নিয়োগ, প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জাম সরবরাহ, কেসি কলেজের ছাত্রাবাস এবং গ্রামীণ সড়ক উন্নয়নের বিষয়গুলোও সামনে আনব। শুধু অবকাঠামো নির্মাণ নয়, প্রতিষ্ঠানগুলো যেন কার্যকরভাবে চালু হয় এবং সাধারণ মানুষ প্রকৃত সেবা পান, সেটিও নিশ্চিত করা প্রয়োজন।

আমি এসব বিষয় জাতীয় সংসদে তুলে ধরব। সংসদে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের দৃষ্টি আকর্ষণ করে প্রকল্পগুলোর প্রয়োজনীয় অনুমোদন, অর্থ বরাদ্দ, জনবল নিয়োগ ও বাস্তবায়নের দাবি জানাব। পাশাপাশি সরকারের সংশ্লিষ্ট দপ্তরগুলোর সঙ্গে যোগাযোগ অব্যাহত রাখব, যাতে বছরের পর বছর ঝুলে থাকা প্রকল্পগুলো কাগজে-কলমে সীমাবদ্ধ না থেকে বাস্তবে রূপ পায়। ঝিনাইদহের মানুষের ন্যায্য দাবিগুলো আদায়ে আমি সংসদে সোচ্চার থাকব এবং সরকারের কাছ থেকে প্রয়োজনীয় পদক্ষেপ ও সহযোগিতা আদায়ের সর্বোচ্চ চেষ্টা করব।

এ কাজে আমি একা এগোতে চাই না। ঝিনাইদহের সব সংসদ সদস্যকে সঙ্গে নিয়ে জেলার উন্নয়নসংক্রান্ত দাবিগুলো ঐক্যবদ্ধভাবে সরকারের কাছে তুলে ধরতে চাই। ঝিনাইদহ-৩ ও ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্যদের পাশাপাশি ঝিনাইদহ-১ আসনের সংসদ সদস্য ও আইনমন্ত্রীর সহযোগিতাও কামনা করব। আমরা সবাই দলীয় অবস্থানের ঊর্ধ্বে উঠে জেলার স্বার্থে একসঙ্গে কাজ করলে সরকারের কাছ থেকে প্রয়োজনীয় বরাদ্দ ও সিদ্ধান্ত আদায় করা অনেক সহজ হবে। জেলার উন্নয়ন কোনো একক আসনের বিষয় নয়; এটি পুরো ঝিনাইদহের মানুষের প্রত্যাশা।

আমি বিশ্বাস করি, আন্তরিক প্রচেষ্টা, জনপ্রতিনিধিদের সম্মিলিত উদ্যোগ এবং সরকারের সহযোগিতা পেলে ঝিনাইদহের দীর্ঘদিনের উন্নয়নবঞ্চনা দূর করা সম্ভব। যেসব প্রকল্প একসময় মানুষের স্বপ্ন দেখিয়েছিল, সেগুলো বাস্তবায়নের মাধ্যমে নতুন সম্ভাবনার দ্বার খুলতে চাই। উন্নয়নের পথে যত বাধাই আসুক, জেলার মানুষের স্বার্থে আমি আমার দায়িত্ব পালন করে যাব। ঝিনাইদহকে একটি উন্নত, সমৃদ্ধ ও সেবাবান্ধব জেলা হিসেবে গড়ে তুলতে আমি আশাবাদী।”

এ বিষয়ে প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী মো. রাশেদ খান জানিয়েছেন, দীর্ঘদিনের এসব সমস্যা সমাধানে বর্তমান সরকার উদ্যোগ নিয়েছে। বিএনপি সরকারের আমলে প্রতিষ্ঠিত সরকারি প্রতিষ্ঠানগুলো পুনরায় চালু, প্রয়োজনীয় জনবল নিয়োগ এবং আধুনিক যন্ত্রপাতি সরবরাহের বিষয়ে সংশ্লিষ্ট দপ্তরে ডিও লেটার দেওয়া হয়েছে।

তিনি আশা প্রকাশ করেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের হস্তক্ষেপে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আমলে উদ্বোধন করা প্রতিষ্ঠানগুলো পুনরায় সচল করার ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন:

আরো পড়ুন
ঢাকা মহানগর দক্ষিণ ও উত্তর যুবদলের সাংগঠনিক দায়িত্ব পেলেন ঝিনাইদহের কামরুজ্জামান
আরো পড়ুন
নেতানিয়াহুর আইজেনকেট ক্ষমতায় ফেরা নিয়ে অনিশ্চয়তা, সমর্থন প্রত্যাহার করল জোটসঙ্গী ইউটিজে
আরো পড়ুন
‍Sheikh Hasina
আরো পড়ুন
ঝিনাইদহে বৃষ্টির পানিতে ডুবেছে ধান ও পেঁয়াজের বীজতলা, গো-খাদ্য সংকটের শঙ্কা
আরো পড়ুন
Whatsapp Image 2026 11 22 At 80225 Pm 2611221519
আরো পড়ুন
Img 20261122 Wa0000
আরো পড়ুন
Scroll to Top