একরামুল ইসলাম তুষার, কালীগঞ্জ
কালীগঞ্জের রাজনীতিতে আস্থার প্রতীক মাওলানা ওলিউর রহমান। একটি আদর্শিক সমাজ বিনির্মাণে এবং জনকল্যাণমুখী রাজনীতিতে সততা, দক্ষতা ও দূরদর্শী নেতৃত্বের কোনো বিকল্প নেই। ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা রাজনীতিতে এমনই এক স্বচ্ছ ও পরিচ্ছন্ন ভাবমূর্তির নাম মাওলানা ওলিউর রহমান। দীর্ঘদিনের রাজনৈতিক সংগ্রাম, সুসংগঠিত সাংগঠনিক দক্ষতা এবং সাধারণ মানুষের বিপদে-আপদে পাশে থাকার মধ্য দিয়ে তিনি নিজেকে এলাকার এক আস্থার প্রতীকে পরিণত করেছেন।
মাওলানা ওলিউর রহমান বর্তমানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঝিনাইদহ জেলা শাখার প্রশিক্ষণ সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করছেন। এর আগে তিনি কালীগঞ্জ উপজেলা শাখার আমিরের দায়িত্ব অত্যন্ত সফলতার সাথে সম্পন্ন করেছেন। একজন নেতার সবচেয়ে বড় গুণ হলো ধৈর্য এবং সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা, যা তার দীর্ঘ রাজনৈতিক জীবনে প্রতিফলিত হয়েছে। তৃণমূল নেতাকর্মীদের ঐক্যবদ্ধ রাখা এবং ত্যাগের রাজনীতিতে বিশ্বাসী হওয়ার কারণেই তিনি আজ সর্বস্তরের মানুষের কাছে গ্রহণযোগ্য।
বিগত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঝিনাইদহ-৪ আসনে পরিচালকের দায়িত্ব পালনকালে তার সাংগঠনিক দূরদর্শিতা ও শৃঙ্খলাবোধ বিশেষভাবে প্রশংসিত হয়েছে। এছাড়া আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত চেয়ারম্যান প্রার্থী হিসেবে তার নাম আসায় স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের মধ্যে নতুন আশার সঞ্চার হয়েছে।
একজন জনবান্ধব নেতার পরিচয় পাওয়া যায় সংকটে তার ভূমিকার মাধ্যমে। মাওলানা ওলিউর রহমান কেবল রাজনীতিতেই সীমাবদ্ধ থাকেননি, বরং সামাজিক বিশৃঙ্খলা রোধ, পরিচ্ছন্ন কালীগঞ্জ অভিযান এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণে বাজার মনিটরিংয়ের মতো সরাসরি জনসম্পৃক্ত কাজে নিজেকে নিয়োজিত রেখেছেন।
নিজের রাজনৈতিক দর্শন সম্পর্কে মাওলানা ওলিউর রহমান বলেন, “আমি কেবল পদের জন্য নয়, বরং জনগণের ভালোবাসা ও আস্থা নিয়ে মানুষের কল্যাণে কাজ করতে চাই। ইনশাআল্লাহ, সবাইকে সাথে নিয়ে একটি দুর্নীতিমুক্ত, ন্যায়ভিত্তিক এবং আধুনিক উন্নয়নের মডেল উপজেলা হিসেবে কালীগঞ্জকে গড়ে তোলাই আমার মূল লক্ষ্য।”
স্থানীয় ভোটার ও সাধারণ মানুষ মনে করেন, একজন নেতার মধ্যে যখন সততা, মানুষের দুঃখ বোঝার ক্ষমতা এবং অন্যায়ের বিরুদ্ধে আপসহীন মনোভাব থাকে, তখনই তিনি গণমানুষের নেতা হয়ে ওঠেন। মাওলানা ওলিউর রহমানের মধ্যে এই গুণাবলিগুলো বিদ্যমান থাকায় আসন্ন নির্বাচনে তাকে বিজয়ী করতে তারা অত্যন্ত আশাবাদী এবং ঐক্যবদ্ধভাবে কাজ করে যাচ্ছেন।