কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি:
ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বালিয়াডাঙ্গা দাখিল মাদ্রাসার সাবেক সিনিয়র শিক্ষক মরহুম সাখাওয়াত হোসেনের রুহের মাগফেরাত কামনায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বালিয়াডাঙ্গা দাখিল মাদ্রাসার সুপার মাওলানা মো. আতিয়ার রহমান। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাদ্রাসার সভাপতি মো. আশরাফ হোসেন স্বপন।
এ সময় বক্তব্য রাখেন মাদ্রাসার সাবেক সভাপতি ও বর্তমান পরিচালনা পর্ষদের সদস্য, বিশিষ্ট শিক্ষাবিদ ও সমাজসেবক মারফত উল্লাহ মাস্টার এবং সাবেক শিক্ষক ও দাতা সদস্য মো. আবুল কাশেম। এছাড়া মাদ্রাসার শিক্ষক, পরিচালনা পর্ষদের সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা মরহুম সাখাওয়াত হোসেনের কর্মময় জীবন, শিক্ষকতা এবং শিক্ষা বিস্তারে তাঁর অবদানের কথা তুলে ধরে আলোচনা করেন।
বক্তারা বলেন, মরহুম সাখাওয়াত হোসেন ছিলেন একজন নিবেদিতপ্রাণ শিক্ষক। দীর্ঘদিন বালিয়াডাঙ্গা দাখিল মাদ্রাসায় শিক্ষকতা করে তিনি অসংখ্য শিক্ষার্থীকে জ্ঞান ও নৈতিক শিক্ষায় গড়ে তুলেছেন। তাঁর স্নেহ, আদর্শ ও শিক্ষাদানের স্মৃতি সাবেক শিক্ষার্থী ও সহকর্মীদের মাঝে দীর্ঘদিন স্মরণীয় হয়ে থাকবে।
তারা আরও বলেন, একজন আদর্শ শিক্ষকের প্রকৃত মূল্য তাঁর মৃত্যুর পরও তাঁর শিক্ষার্থীদের কর্ম ও চরিত্রের মধ্য দিয়ে প্রকাশ পায়। মরহুম সাখাওয়াত হোসেনের শিক্ষা ও আদর্শ নতুন প্রজন্মকে অনুপ্রাণিত করবে বলে বক্তারা আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠানের সার্বিক পরিচালনায় ছিলেন বালিয়াডাঙ্গা দাখিল মাদ্রাসার ভারপ্রাপ্ত সহকারী সুপার মাওলানা আব্দুল লতিফ খান। অনুষ্ঠানটি পরিচালনা করেন হাফেজ মাওলানা মো. খালিদ হাসান।
আলোচনা শেষে মরহুম সাখাওয়াত হোসেনের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। মোনাজাতে মরহুমের সকল ভুলত্রুটি ক্ষমা করে তাঁকে জান্নাতুল ফেরদৌস নসিব এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের ধৈর্য ধারণের তাওফিক কামনা করা হয়।