নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ:
ঝিনাইদহের কোটচাঁদপুরে ট্রেনের ধাক্কায় ইঞ্জিনচালিত লাটা হাম্বা গাড়ির চালক নিহত হয়েছেন। এ ঘটনায় গাড়ির হেল্পার গুরুতর আহত হয়েছেন। আজ রবিবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার বড়বামনদাহ ছোট রেলগেট এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত চালকের নাম আলাউদ্দিন (৩৫)। তিনি কালীগঞ্জ উপজেলার ঈশ্বরবা গ্রামের মোসলেম উদ্দিনের ছেলে। তিনি ওই উপজেলার এ এম বি এম ব্রিক্সের চালক হিসেবে কর্মরত ছিলেন।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, সকালে ইটভাটোর একটি ইঞ্জিনচালিত লাটা হাম্বায় ইট নিয়ে কোটচাঁদপুরের বড়বামনদাহ গ্রামে যান আলাউদ্দিন। ইট নামিয়ে ফেরার পথে গাড়িটি রেললাইনের ওপর উঠলে ঢাকা থেকে ছেড়ে আসা খুলনাগামী আন্তঃনগর ‘সাগরদাঁড়ি এক্সপ্রেস’ ট্রেনটি সেটিকে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই চালক আলাউদ্দিনের মৃত্যু হয় এবং তার সাথে থাকা হেল্পার মারাত্মকভাবে আহত হন।
দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহত হেল্পারকে উদ্ধার করে কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। খবর পেয়ে কোটচাঁদপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং মরদেহ উদ্ধার করে।
কোটচাঁদপুর থানার অফিসার ইনচার্জ মো. আসাদুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং এ বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। এই মর্মান্তিক দুর্ঘটনায় নিহতের পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।