কালীগঞ্জ, প্রতিনিধি:
ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলায় ডিবি পুলিশের অভিযানে ৪০ পিস ইয়াবাসহ ইকবাল হোসেন রনিকে আটক করা হয়েছে। গতকাল রাতে গোপন সংবাদের ভিত্তিতে খোসালপুর গ্রামে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। পরে তাকে কালীগঞ্জ থানায় হস্তান্তর করা হয় এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর আদালতে প্রেরণ করা হয়েছে।
স্থানীয় সূত্রে অভিযোগ, রাখালগাছি ইউনিয়নের খোসালপুর গ্রামের ছাবির হোসেনের পুত্র ইকবাল হোসেন রনি দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন এবং প্রভাবশালী রাজনৈতিক মহলের ছত্রছায়ায় এ কার্যক্রম চালিয়ে আসছিলেন। একই সঙ্গে আওয়ামী লীগের রাজনৈতিক সহায়তায় স্থানীয় বিরোধী রাজনৈতিক নেতাকর্মীদের বিভিন্নভাবে হয়রানি ও নির্যাতন করেছেন বলেও অভিযোগ রয়েছে।
এলাকাবাসীর ভাষ্য, তার কর্মকাণ্ডে তারা দীর্ঘদিন আতঙ্ক ও অস্বস্তির মধ্যে বসবাস করছিলেন। মাদক বিস্তার, প্রভাব খাটানো এবং নানা অনৈতিক কর্মকাণ্ডের কারণে এলাকায় স্বাভাবিক পরিবেশ ব্যাহত হচ্ছিল বলে তারা দাবি করেছেন। অনেকেই ভয় ও চাপের কারণে প্রকাশ্যে কথা বলতে সাহস পাননি বলেও জানান।