এআই সাইকোসিস কী, চ্যাটবটের সঙ্গে অতিরিক্ত ঘনিষ্ঠতায় কেন বাড়ছে উদ্বেগ?

এআই সাইকোসিস কী, চ্যাটবটের সঙ্গে অতিরিক্ত ঘনিষ্ঠতায় কেন বাড়ছে উদ্বেগ?

নিজস্ব প্রতিবেদক

Thank you for reading this post, don't forget to subscribe!

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই এখন মানুষের দৈনন্দিন জীবনের অংশ হয়ে উঠেছে। চ্যাটজিপিটি, জেমিনাইয়ের মতো চ্যাটবটের সঙ্গে অনেকেই ব্যক্তিগত অনুভূতি ভাগাভাগি করছেন, কথা বলছেন একাকিত্ব দূর করতে। মানুষের মতো কথা বলা, সহানুভূতি প্রকাশ এবং তাৎক্ষণিক উত্তর দেওয়ার কারণে কেউ কেউ এসব চ্যাটবটকে ঘনিষ্ঠ বন্ধু হিসেবেও ভাবতে শুরু করেছেন। তবে বিশেষজ্ঞদের উদ্বেগ, মানসিকভাবে ঝুঁকিতে থাকা ব্যক্তিদের ক্ষেত্রে চ্যাটবটের সঙ্গে অতিরিক্ত নির্ভরশীলতা কখনো কখনো বিভ্রান্তিকর চিন্তা ও অবাস্তব বিশ্বাসকে আরও জোরালো করে তুলতে পারে। এ পরিস্থিতি ঘিরেই আলোচনায় এসেছে ‘এআই সাইকোসিস’ শব্দটি।

এআই সাইকোসিস কী?

এআই সাইকোসিস চিকিৎসাবিজ্ঞানে এখনো স্বীকৃত কোনো রোগের নাম নয়। বরং এআই চ্যাটবটের সঙ্গে কথোপকথনের প্রভাবে কারও মধ্যে সাইকোসিসের লক্ষণ দেখা দেওয়া কিংবা আগে থেকে থাকা লক্ষণ আরও বেড়ে যাওয়ার সম্ভাব্য পরিস্থিতি বোঝাতে শব্দটি ব্যবহার করা হচ্ছে।

সাইকোসিস এমন একটি মানসিক অবস্থা, যেখানে ব্যক্তি বাস্তবতা ও কল্পনার মধ্যে পার্থক্য করতে সমস্যায় পড়েন। এ সময় কেউ এমন কিছু দেখতে বা শুনতে পারেন, যার বাস্তবে অস্তিত্ব নেই। আবার কারও মধ্যে এমন বিশ্বাস তৈরি হতে পারে, যার পক্ষে কোনো বাস্তব প্রমাণ নেই। চিন্তাভাবনা ও কথাবার্তাও অসংলগ্ন হয়ে যেতে পারে।

কীভাবে বাড়তে পারে ঝুঁকি?

এআই চ্যাটবট সাধারণত ব্যবহারকারীর বক্তব্যের সঙ্গে সামঞ্জস্য রেখে উত্তর দেয়। কথোপকথনে তারা ভদ্র, সহানুভূতিশীল ও সহযোগিতামূলক আচরণ করে। তবে এই বৈশিষ্ট্য মানসিকভাবে ঝুঁকিতে থাকা ব্যক্তির জন্য কখনো সমস্যা তৈরি করতে পারে।

ধরা যাক, কেউ মনে করছেন তাকে অনুসরণ করা হচ্ছে বা কেউ তার ক্ষতি করতে চায়। তিনি চ্যাটবটকে নিজের আশঙ্কার কথা জানালেন। চ্যাটবট যদি যথাযথভাবে সন্দেহের সত্যতা যাচাই না করে শুধু সহানুভূতিশীল উত্তর দেয়, তাহলে ওই ব্যক্তি সেটিকে নিজের ধারণার পক্ষে সমর্থন হিসেবে নিতে পারেন।

এভাবে চ্যাটবটের অনিচ্ছাকৃত সমর্থন কারও ভুল বিশ্বাসকে আরও শক্তিশালী করতে পারে। ফলে বাস্তবতা যাচাই করার ক্ষমতা দুর্বল হওয়ার আশঙ্কা তৈরি হয়।

একাকিত্ব ও চ্যাটবটের প্রতি অতিরিক্ত নির্ভরতা

একাকিত্ব মানুষের মানসিক স্বাস্থ্যে নেতিবাচক প্রভাব ফেলতে পারে। চ্যাটবটের সঙ্গে কথা বলে সাময়িক স্বস্তি পাওয়া সম্ভব হলেও এটি কখনোই বাস্তব মানবিক সম্পর্কের পূর্ণ বিকল্প নয়।

কেউ যদি পরিবার, বন্ধু ও পরিচিতজনদের সঙ্গে যোগাযোগ কমিয়ে দিনের বড় অংশ চ্যাটবটের সঙ্গে কাটান, তাহলে সামাজিক বিচ্ছিন্নতা বাড়তে পারে। বিশেষ করে মানসিকভাবে বিপর্যস্ত ব্যক্তিরা বাস্তব মানুষের কাছ থেকে সাহায্য না নিয়ে সব সমস্যার সমাধান চ্যাটবটের কাছে খুঁজতে থাকলে পরিস্থিতি আরও জটিল হতে পারে।

এআই ব্যবহার করলেই কি সাইকোসিস হয়?

এআই ব্যবহার করলেই কারও সাইকোসিস হবে, এমন বৈজ্ঞানিক প্রমাণ এখনো পাওয়া যায়নি। মানসিক স্বাস্থ্য সমস্যার পেছনে জিনগত বৈশিষ্ট্য, মস্তিষ্কের কার্যক্রম, পরিবেশ, মাদক গ্রহণ এবং শৈশবের নেতিবাচক অভিজ্ঞতাসহ বিভিন্ন কারণ ভূমিকা রাখতে পারে।

তবে আগে থেকেই মানসিক সমস্যার ঝুঁকিতে থাকা ব্যক্তিদের ক্ষেত্রে চ্যাটবটের কিছু আচরণ বিদ্যমান সমস্যাকে আরও জটিল করতে পারে বলে বিশেষজ্ঞরা উদ্বেগ প্রকাশ করছেন।

সামাজিক যোগাযোগমাধ্যমের অ্যালগরিদম যেমন ব্যবহারকারীর পছন্দ ও বিশ্বাসের সঙ্গে মেলে এমন বিষয় বারবার সামনে আনতে পারে, তেমনি চ্যাটবটও কথোপকথনের ধারায় অনিচ্ছাকৃতভাবে ব্যবহারকারীর ভুল ধারণাকে সমর্থন করতে পারে।

এ ছাড়া আত্মহত্যা বা আত্মক্ষতির ঝুঁকি মোকাবিলায় এআই ব্যবস্থায় নিরাপত্তাব্যবস্থা থাকলেও বিভ্রান্তিকর বিশ্বাস কিংবা সাইকোসিসের লক্ষণ শনাক্ত করে যথাযথ প্রতিক্রিয়া জানানোর ক্ষেত্রে এখনো সীমাবদ্ধতা রয়েছে।

এআই সাইকোসিসের ঝুঁকি এড়াতে করণীয়

কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার পুরোপুরি বন্ধ করা বাস্তবসম্মত সমাধান নয়। বরং প্রযুক্তির নিরাপদ ব্যবহার নিশ্চিত করা জরুরি।

বিশেষজ্ঞদের মতে, এআই তৈরির সময় মানসিক স্বাস্থ্যের বিষয়টিকে আরও গুরুত্ব দিতে হবে। ব্যবহারকারীর কথাবার্তায় বাস্তবতাবিবর্জিত বিশ্বাস বা গুরুতর মানসিক সংকটের লক্ষণ দেখা গেলে চ্যাটবটের উচিত সেই বিশ্বাসকে সমর্থন না করে সতর্কভাবে পেশাদার সহায়তা নেওয়ার পরামর্শ দেওয়া।

চিকিৎসকদেরও রোগীর প্রযুক্তি ব্যবহারের অভ্যাস সম্পর্কে খোঁজ নেওয়া প্রয়োজন। কেউ কতটা সময় চ্যাটবটের সঙ্গে কাটাচ্ছেন এবং সেটির ওপর কতটা নির্ভরশীল হয়ে পড়েছেন, তা মানসিক স্বাস্থ্য মূল্যায়নের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ হতে পারে।

ব্যক্তিগত পর্যায়েও কিছু সতর্কতা জরুরি। চ্যাটবটকে চিকিৎসক কিংবা মানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞের বিকল্প হিসেবে ব্যবহার করা উচিত নয়। অস্বাভাবিক ভয়, অতিরিক্ত সন্দেহ, এমন কণ্ঠস্বর শোনা যার বাস্তবে কোনো উৎস নেই কিংবা বাস্তবতা নিয়ে বিভ্রান্তি দেখা দিলে দ্রুত মানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া প্রয়োজন।

প্রযুক্তির পরিবর্তনের সঙ্গে মানুষের চিন্তা ও আচরণের ধরনেও পরিবর্তন আসছে। একসময় বিভ্রান্তিকর বিশ্বাসের সঙ্গে রেডিও বা টেলিভিশনের মতো প্রযুক্তি জড়িয়ে থাকত। বর্তমানে সেই জায়গায় যুক্ত হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা।

এআই মানুষের জীবন সহজ করার পাশাপাশি নতুন কিছু ঝুঁকিও সামনে আনছে। তাই এর সুবিধা গ্রহণের পাশাপাশি সীমাবদ্ধতা সম্পর্কে সচেতন থাকা এবং বাস্তব মানবিক সম্পর্ক বজায় রাখাও জরুরি।

সূত্র: সায়েন্স অ্যালার্ট

আরও পড়ুন:

আরো পড়ুন
Jpg 45
আরো পড়ুন
ঝিনাইদহ সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক বদলি নিয়ে ক্ষোভ, পুনর্বহালের দাবি
আরো পড়ুন
শার্শা বেনাপোল – শার্শা-বেনাপোল এলাকায় ডেঙ্গুর প্রকোপ বাড়ছে, দেড় মাসে ১৮৮ জন আক্রান্ত
আরো পড়ুন
ঝিনাইদহ চক্ষু হাসপাতালে তিন বছর পর ছয় কর্মচারীর নিয়োগ বাতিল
আরো পড়ুন
মোবাইল নেটওয়ার্ক ব্যবসায় নামছেন ইলন মাস্ক, বুস্ট মোবাইল কেনার পরিকল্পনা
আরো পড়ুন
Man Peeing 8cd37a
আরো পড়ুন
Scroll to Top