ঝিনাইদাহ প্রতিনিধিঃ
ঝিনাইদহ সদর উপজেলার মধুহাটি ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডে ১ লাখ ৮৮ হাজার ২০০ টাকা ব্যয়ে নির্মিত একটি ফ্ল্যাট সলিং সড়ক দেড় মাসের মধ্যেই বিভিন্ন স্থানে দেবে গিয়ে গর্তের সৃষ্টি হয়েছে। স্থানীয়দের অভিযোগ, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আলতাফ হোসেনের তত্ত্বাবধানে নির্মাণকাজে নিম্নমানের ইট-বালু ব্যবহার করায় দ্রুত সড়কটি নষ্ট হয়েছে।
প্রকল্পের ফলক অনুযায়ী, ৮৯ দশমিক ৪৮১ মি টার দৈর্ঘ ও ২ দশমিক ৪৪০ মিটার প্রস্থ সড়কটি ২০২৫–২৬ অর্থবছরের বিশেষ বরাদ্দে নির্মাণ করা হয়। ফলকে প্রকল্পের সার্বিক তত্ত্বাবধানে চেয়ারম্যান মো. আলতাফ হোসেনের নাম রয়েছে।
সরেজমিনে দেখা যায়, সড়কের বিভিন্ন অংশ দেবে গেছে এবং ইট সরে গিয়ে গর্ত তৈরি হয়েছে। স্থানীয়দের অভিযোগ, কাজের সময় নিম্নমানের ইট ও বালু ব্যবহারের বিষয়টি তাঁরা দেখলেও ভয়ে প্রতিবাদ করেননি।
চেয়ারম্যান মো. আলতাফ হোসেন বলেন, রাস্তাটি আমি করেছি, আমি সেখানে গিয়ে দেখেছি। বৃষ্টি বন্ধ হলে পুনরায় রাস্তাটি সংষ্কার করা হবে। আপনি নিউজ করেন, আমার কোনো সমস্যা নেই।