একরামুল ইসলাম তুষার, কালীগঞ্জ
কালীগঞ্জে বিএনপির নাম ভাঙিয়ে চাঁদা তুললে পুলিশে দেওয়ার হুঁশিয়ারি রাশেদ খানের। বিএনপির নাম ভাঙিয়ে কার্যালয় খুলে সালিশ-বাণিজ্যের নামে চাঁদাবাজি করলে তাদের ধরে পুলিশে দেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান।
বৃহস্পতিবার (৩০ জুলাই) বিকেলে ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা অডিটোরিয়ামে এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সতর্কবার্তা দেন। কালীগঞ্জ উপজেলার ধর্মীয় ও শিক্ষাপ্রতিষ্ঠানে সরকারি অনুদানের চেক বিতরণ উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে রাশেদ খান বলেন, “দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ করে কেউ যদি বিএনপির নাম ভাঙিয়ে অবৈধ অফিস খুলে সালিশ কিংবা চাঁদাবাজিতে লিপ্ত হয়, তবে তাদের কোনো ছাড় দেওয়া হবে না। এদের চিহ্নিত করে সরাসরি পুলিশের হাতে তুলে দিতে হবে।”
অনুষ্ঠানে উপজেলার ৪৭টি ধর্মীয় ও শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য মোট ৫৭ লাখ ৫০ হাজার টাকা বরাদ্দের প্রথম পর্যায়ে ২৩ লাখ ৪২ হাজার ৫০০ টাকার চেক হস্তান্তর করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেজওয়ানা নাহিদের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক মো. আব্দুল মজিদ, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. সেলিম রেজা, পিএএ, এবং ঝিনাইদহ-৪ আসনের সাবেক প্যানেল মেয়র ও বিএনপি নেতা হামিদুল ইসলাম হামিদ।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাবেক চেয়ারম্যান মো. আবুল কালাম আজাদ, তবিবুর রহমান মিনি, কালীগঞ্জ উপজেলা যুবদলের সদস্য সচিব মাহবুবুর রহমান মিলন ও বাহারুল ইসলাম কাজলসহ স্থানীয় প্রশাসন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান প্রধান এবং বিএনপি ও অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা।