একরামুল ইসলাম তুষার, কালীগঞ্জ
কালীগঞ্জে বেশি দামে জ্বালানি তেল বিক্রি: ২ ব্যবসায়ীকে জরিমানা। ঝিনাইদহের কালীগঞ্জে নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে জ্বালানি তেল বিক্রি এবং সঠিক হিসাব সংরক্ষণ না করার অপরাধে দুই ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (২৩ মার্চ) উপজেলার সুন্দরপুর-দুর্গাপুর ইউনিয়নের সিংদহ গ্রামের আমতলা বাজারে এই অভিযান পরিচালনা করা হয়।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, আমতলা বাজারের ব্যবসায়ীরা পেট্রোল ও ডিজেল নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে বিক্রি করছেন—এমন গোপন সংবাদের ভিত্তিতে সেখানে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। অভিযানকালে তেলের দাম বেশি রাখা ছাড়াও ক্রয়-বিক্রয়ের ভাউচার এবং রেজিস্টার সংরক্ষণ না করার প্রমাণ পাওয়া যায়।
এ সময় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী দুই ব্যবসায়ীকে ৫ হাজার টাকা করে মোট ১০,০০০ (দশ হাজার) টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রেজওয়ানা নাহিদ-এর নির্দেশনায় এই অভিযান পরিচালিত হয়।
অভিযান চলাকালে ওই এলাকার বিভিন্ন ফিলিং স্টেশনও তদারকি করা হয়। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, জনস্বার্থে এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে এবং অনিয়মের ক্ষেত্রে কাউকে কোনো ছাড় দেওয়া হবে না।