কালীগঞ্জে চার প্রতিবন্ধী – কালীগঞ্জে চার প্রতিবন্ধী মানুষের নিদারুণ জীবনসংগ্রাম, প্রয়োজন

কালীগঞ্জে চার প্রতিবন্ধী মানুষের নিদারুণ জীবনসংগ্রাম, প্রয়োজন চিকিৎসার সহায়তা

কালীগঞ্জ ঝিনাইদহ প্রতিনিধি

Thank you for reading this post, don't forget to subscribe!

কালীগঞ্জ উপজেলার উল্লা গ্রামে চরম দারিদ্র্য ও শারীরিক প্রতিবন্ধকতার সঙ্গে প্রতিনিয়ত লড়াই করছেন চার প্রতিবন্ধী মানুষ। সরকারিভাবে নিয়মিত প্রতিবন্ধী ভাতা পেলেও তা দিয়ে উন্নত চিকিৎসা, প্রয়োজনীয় সহায়ক সরঞ্জাম ও জীবনযাত্রার খরচ মেটানো সম্ভব হচ্ছে না। কারও প্রয়োজন শ্রবণযন্ত্র বা হিয়ারিং মেশিন, কারও চলাচলের জন্য দরকার ইলেকট্রিক হুইলচেয়ার। আবার কাউকে স্বামী পরিত্যক্তা হয়ে জরাজীর্ণ ঘরে ছোট্ট সন্তানকে নিয়ে বাবার আশ্রয়ে দিন কাটাতে হচ্ছে।

উল্লা গ্রামের ক্ষেতমজুর আসাদুল ইসলাম ও সিমা খাতুন দম্পতির আট বছর বয়সী বড় ছেলে আবু রায়হান শ্রবণ ও বাক্প্রতিবন্ধী। বয়স দুই বছর হওয়ার পর পরিবার বুঝতে পারে শিশুটি শুনতে বা বলতে পারছে না। স্থানীয় চিকিৎসকদের পেছনে ধারদেনা করে অর্থ খরচ করলেও আর্থিক সংকটে উন্নত চিকিৎসা সম্ভব হয়নি। চিকিৎসকেরা জানিয়েছেন, কানে শোনার জন্য একটি ভালো মানের যন্ত্রের দাম প্রায় ৮০ হাজার থেকে ৫ লাখ টাকা। তুলনামূলক কম দামের একটি হিয়ারিং মেশিন কিনতেও অন্তত ৩০ হাজার টাকার প্রয়োজন। যন্ত্রের অভাব ও সহপাঠীদের উপহাসের কারণে শিশুটি এখন আর বিদ্যালয়ে যেতে চাইছে না।

রায়হানের বাড়ির পাশেই থাকেন ফরাদ উল্লাহ ও রেবেকা খাতুন দম্পতির ২৭ বছর বয়সী মেয়ে সাথী খাতুন। শারীরিক ও বুদ্ধিপ্রতিবন্ধিতা নিয়ে দীর্ঘদিন ধরে বিছানায় রয়েছেন তিনি। পরিবারের দাবি, শৈশবে টিকা দেওয়ার পর থেকেই তিনি অসুস্থ হয়ে পড়েন এবং বর্তমানে তাঁর কোমরের নিচের অংশ পুরোপুরি অচল। মেয়ের চিকিৎসার পেছনে জমিজমা বিক্রি করে এখন নিঃস্ব পরিবারটি। সাথীর চলাচলের জন্য একটি ইলেকট্রিক হুইলচেয়ার অত্যন্ত জরুরি বলে জানিয়েছেন তাঁর মা-বাবা।

একই গ্রামের তারিক হোসেনের ছেলে ২১ বছর বয়সী তরুণ আলী রাজের জীবনও নানা প্রতিকূলতায় ঘেরা। দুই হাতে লাঠির ওপর ভর দিয়ে তাঁকে টেনে টেনে হাঁটতে হয়। অর্থাভাব ও মানসিক কষ্টের কারণে প্রতিবন্ধী বিদ্যালয়ের পড়াশোনা বন্ধ হয়ে যায় তাঁর। চলতি বছরের জানুয়ারি মাসে ক্যানসারে আক্রান্ত হয়ে আলী রাজের মা মারা যান। স্ত্রীর চিকিৎসার খরচ জোগাতে গিয়ে ভিটেমাটি ছাড়া সব হারিয়ে নিঃস্ব হয়ে পড়েছেন বাবা তারিক হোসেন। ছেলের চলাচলের উপযোগী একটি ইলেকট্রিক হুইলচেয়ার ও চিকিৎসার জন্য সমাজের সহযোগিতা চেয়েছেন তিনি।

এদিকে জন্ম থেকেই দুটি পা ছাড়া বেঁচে আছেন একই এলাকার নুর ইসলাম ও লিলি খাতুন দম্পতির ৪০ বছর বয়সী বড় মেয়ে সাক্ষী খাতুন। দুই হাতের ওপর ভর দিয়ে তাঁকে চলাফেরা করতে হয়। প্রায় সাত বছর আগে পাশের কোলা ইউনিয়নের আকির হোসেনের সঙ্গে তাঁর বিয়ে হয়েছিল এবং তাঁদের চার বছর বয়সী একটি কন্যাসন্তান রয়েছে। তবে স্বামী তাঁকে ছেড়ে অন্যত্র বিয়ে করায় সাক্ষী এখন বাবার জরাজীর্ণ ঘরে আশ্রয় নিয়েছেন। বৃদ্ধ বাবার একার উপার্জনে তাঁদের দিন কাটছে অনাহারে-অর্ধাহারে।

ভুক্তভোগী পরিবারগুলো জানায়, তিন মাস পরপর যে সরকারি প্রতিবন্ধী ভাতা মেলে, তা দিয়ে বর্তমানের দ্রব্যমূল্য ও চিকিৎসার ন্যূনতম ব্যয় মেটানোও অসম্ভব। সমাজের বিত্তবান ও সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মানবিক সহযোগিতাই উল্লা গ্রামের কালীগঞ্জে চার প্রতিবন্ধী মানুষের এই দুঃসহ জীবনসংগ্রাম কিছুটা লাঘব করতে পারে।

আরও পড়ুন:

আরো পড়ুন
ঝিনাইদহে ৫৫তম জাতীয় সমবায় দিবস – ঝিনাইদহে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপনে র‍্যালি ও সমবায় মেলা
আরো পড়ুন
Img 20261108 Wa0000
আরো পড়ুন
Civil Serjon Office 20261108175603
আরো পড়ুন
মহেশপুরে মোটরসাইকেল ও পাখিভ্যান সংঘর্ষ – মহেশপুরে মোটরসাইকেল ও পাখিভ্যান সংঘর্ষে ভ্যানচালক নিহত (2)
আরো পড়ুন
Img 20261107 Wa0014
আরো পড়ুন
জামায়াতের ৩ এমপির সংবাদ সম্মেলন।
আরো পড়ুন
Scroll to Top