কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি
ঝিনাইদহের কালীগঞ্জে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় আগামী স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রার্থীর বিজয় সুনিশ্চিত করতে ভুল বোঝাবুঝি নিরসন, সকল কোন্দল ও অভ্যন্তরীণ বিভেদ ভুলে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) নলডাঙ্গা ভূষণ অডিটোরিয়ামে কালীগঞ্জ উপজেলা বিএনপি আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান।
প্রধান অতিথির বক্তব্যে রাশেদ খান বলেন, সকল ভুল বোঝাবুঝির অবসান ঘটিয়ে তৃণমূল বিএনপিকে শক্তিশালী ও একতাবদ্ধ করতে হবে। দলে কোনো প্রকার গ্রুপিং বা অভ্যন্তরীণ কোন্দল রাখা যাবে না। গত সংসদ নির্বাচনে বিভেদের কারণে কাঙ্ক্ষিত ফল অর্জন সম্ভব হয়নি উল্লেখ করে তিনি বলেন, আগামী স্থানীয় সরকার নির্বাচনে ধানের শীষের প্রার্থীদের জয়ী করতে দলমত নির্বিশেষে সকল নেতাকর্মীকে একজোট হয়ে মাঠপর্যায়ে কাজ করতে হবে।
অনুষ্ঠানে বিএনপির মূলধারার রাজনীতিতে পুনরাগমনকারী নেতৃবৃন্দকে ফুলেল শুভেচ্ছা জানানো হয় এবং প্রধান অতিথি রাশেদ খান তাদের নতুন করে শপথ বাক্য পাঠ করান।
উপজেলা যুবদলের সদস্য সচিব মাহাবুবর রহমান মিলনের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন সাবেক প্যানেল মেয়র ও ঝিনাইদহ-৪ আসনের বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক হামিদুল ইসলাম হামিদ, সাবেক যুগ্ম আহ্বায়ক ইলিয়াছ রহমান মিঠু এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা হাফিজুর রহমান।
এছাড়াও বিশেষ সভায় বিএনপি নেতা ইসমাইল হোসেন, লুৎফর রহমান লেন্টু, মশিয়ার রহমান ও সামসুল ইসলামসহ উপজেলা ও পৌর বিএনপি এবং এর বিভিন্ন অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।