ঝিনাইদহ প্রতিনিধি
‘নিরাপদ সড়ক সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ’—এ স্লোগানকে সামনে রেখে ঝিনাইদহে জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপন করা হয়েছে।
বুধবার (২৮ অক্টোবর) সকালে জেলা প্রশাসন ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) আয়োজনে দিবসটি উপলক্ষে শহরে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সকালে শহরের পানি উন্নয়ন বোর্ড কার্যালয়ের সামনে থেকে র্যালিটি বের করা হয়। র্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। সেখানে বেলুন উড়িয়ে দিবসটির উদ্বোধন করা হয়।
পরে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে জেলা প্রশাসক নোমান হোসেন, জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট এম এ মজিদ, অতিরিক্ত পুলিশ সুপার শেখ বিল্লাল হোসেন এবং বিআরটিএর সহকারী পরিচালক দেবাশীষ বিশ্বাসসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা বক্তব্য দেন।
আলোচনা সভায় বক্তারা বলেন, সড়ক দুর্ঘটনা রোধে ট্রাফিক আইন মেনে চলার পাশাপাশি চালকদের সচেতনতা বৃদ্ধি এবং পথচারীদের দায়িত্বশীল আচরণ নিশ্চিত করা জরুরি। নিরাপদ সড়ক গড়ে তুলতে সরকারি উদ্যোগের পাশাপাশি সাধারণ মানুষকেও সচেতন হতে হবে।
বক্তারা আরও বলেন, সড়কে শৃঙ্খলা বজায় রাখা, নির্ধারিত গতিসীমা অনুসরণ করা এবং ট্রাফিক আইন মেনে চলার মাধ্যমে দুর্ঘটনা কমিয়ে আনা সম্ভব। এ জন্য চালক, যাত্রী ও পথচারীসহ সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তাঁরা।

