৩১ অক্টোবর ১১ দলীয় জোটের লংমার্চ সফল করতে ঝিনাইদহ জামায়াতের ব্যাপক প্রস্তুতি

৩১ অক্টোবর ১১ দলীয় জোটের লংমার্চ সফল করতে ঝিনাইদহ জামায়াতের ব্যাপক প্রস্তুতি

ঝিনাইদহ প্রতিনিধি:

আগামী ৩১ অক্টোবর ১১ দলীয় জোটের কেন্দ্রঘোষিত সাত দফা দাবি আদায়ের লক্ষ্যে ঢাকা-খুলনা-যশোর-ঝিনাইদহ-কুষ্টিয়া লংমার্চ সফল করতে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঝিনাইদহ জেলা শাখা। কর্মসূচি সফল করতে প্রশাসনের সঙ্গে মতবিনিময়, রাজনৈতিক ও সামাজিক যোগাযোগ বৃদ্ধি, সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় এবং জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে প্রচার-প্রচারণা জোরদার করেছেন দলটির নেতাকর্মীরা।

লংমার্চ বাস্তবায়নে প্রশাসনের সহযোগিতা কামনা করে গত ১২ অক্টোবর ঝিনাইদহের পুলিশ সুপারের সঙ্গে সাক্ষাৎ করেন জেলা জামায়াতের আমীর আলী আজম মো. আবু বকর এমপির নেতৃত্বে একটি প্রতিনিধিদল। এ সময় কালীগঞ্জ উপজেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা আবু তালিব এমপিসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

পরদিন ১৩ অক্টোবর ঝিনাইদহ-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক মতিয়ার রহমানসহ স্থানীয় নেতৃবৃন্দকে সঙ্গে নিয়ে সংশ্লিষ্ট প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ করেন জেলা জামায়াতের নেতারা। এ ছাড়া জেলা আমীরের নেতৃত্বে একটি প্রতিনিধিদল হাইওয়ে পুলিশের সঙ্গে মতবিনিময় করে লংমার্চ নির্বিঘ্নে বাস্তবায়নে প্রয়োজনীয় সহযোগিতা কামনা করে।

কর্মসূচি বাস্তবায়নের প্রস্তুতির অংশ হিসেবে গত ১৭ অক্টোবর ১১ দলীয় জোটের নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। পরে ২০ অক্টোবর সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভার আয়োজন করে জেলা জামায়াত।

এদিকে লংমার্চের বার্তা সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে জেলার বিভিন্ন উপজেলা ও ইউনিয়নে মাইকিং, লিফলেট বিতরণ, স্বাগত মিছিল ও গণসংযোগ চালিয়ে যাচ্ছেন নেতাকর্মীরা। কর্মসূচিকে সামনে রেখে সড়কের বিভিন্ন স্থানে তোরণ, বিলবোর্ড ও ফেস্টুন স্থাপন করা হয়েছে। দলীয় সূত্রে জানা গেছে, লংমার্চে অংশগ্রহণ নিশ্চিত করতে তৃণমূল পর্যায়েও সাংগঠনিক তৎপরতা বাড়ানো হয়েছে।

লংমার্চের অংশ হিসেবে ঝিনাইদহ-চুয়াডাঙ্গা বাসস্ট্যান্ডে পথসভার আয়োজনের প্রস্তুতি নেওয়া হচ্ছে। বুধবার থেকে সেখানে মঞ্চ নির্মাণের কাজ শুরু হওয়ার কথা রয়েছে। নির্ধারিত কর্মসূচি অনুযায়ী, ৩১ অক্টোবর বিকেল ৪টায় ওই মঞ্চে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেওয়ার কথা রয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের। এ সময় ১১ দলীয় জোটের কেন্দ্রীয় নেতৃবৃন্দও বক্তব্য দেবেন বলে জানানো হয়েছে।

লংমার্চের প্রস্তুতি সম্পর্কে ঝিনাইদহ জেলা জামায়াতের আমীর আলী আজম মো. আবু বকর এমপি বলেন, “লংমার্চ বাস্তবায়নে আমরা প্রশাসনের সঙ্গে বসেছি এবং প্রয়োজনীয় সহযোগিতা চেয়েছি। জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দের সঙ্গে দফায় দফায় মতবিনিময় করছি। কর্মসূচি সফল করতে সব ধরনের প্রচার-প্রচারণা চালানো হচ্ছে। আমরা সাধারণ মানুষের কাছ থেকে যথেষ্ট সাড়া পাচ্ছি। আশা করছি, লংমার্চে বিপুলসংখ্যক মানুষের সমাগম হবে এবং কর্মসূচি সফলভাবে বাস্তবায়িত হবে।”

লংমার্চকে কেন্দ্র করে ঝিনাইদহের বিভিন্ন এলাকায় জামায়াত ও ১১ দলীয় জোটের নেতাকর্মীদের মধ্যে সাংগঠনিক তৎপরতা বেড়েছে। নির্ধারিত কর্মসূচি সফল করতে জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে প্রস্তুতি অব্যাহত রয়েছে।

আরো পড়ুন
নির্যাতনের শিকার নারীর পাশে মানবাধিকার সংগঠন, আইনি সহায়তার আশ্বাস
ইউটিউব দেখে আনারকলি চাষ, কোটচাঁদপুরে ব্যতিক্রমী উদ্যোগ সঞ্চয়ের
কালীগঞ্জ আখ চাষ
কালীগঞ্জে চাঁদা না দেওয়ায় মার্কেটের ১৫ দোকান দখলের অভিযোগ
ঝিনাইদহে রাতের আঁধারে দুই কৃষকের পুইশাক কেটে দেওয়ার অভিযোগ
মাদকমুক্ত সমাজ গঠনের আহ্বানে ঝিনাইদহে মাদকবিরোধী র‍্যালি
Scroll to Top