ঝিনাইদহে বীরশ্রেষ্ঠ সিপাহী হামিদুর রহমানের ৫৫তম শাহাদাতবার্ষিকী পালিত

ঝিনাইদহে বীরশ্রেষ্ঠ সিপাহী হামিদুর রহমানের ৫৫তম শাহাদাতবার্ষিকী পালিত

ঝিনাইদহ প্রতিনিধি

নানা আয়োজনের মধ্য দিয়ে ঝিনাইদহে বীরশ্রেষ্ঠ সিপাহী হামিদুর রহমানের ৫৫তম শাহাদাতবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে পুষ্পস্তবক অর্পণ, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

বুধবার (২৮ অক্টোবর) সকালে ঝিনাইদহ শহরের কেন্দ্রীয় বাস টার্মিনালে মুক্তিযোদ্ধা সংসদ, গণতান্ত্রিক যুক্তফ্রন্ট, বাসদ ও সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টসহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়।

পরে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. নোমান হোসেন।

সভায় বক্তব্য দেন জেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের কমান্ডার আব্দুল মজিদ মাস্টার, সাবেক কমান্ডার মো. কামালুজ্জামান, জেলা পরিষদের প্রধান নির্বাহী সেলিম রেজা, অতিরিক্ত পুলিশ সুপার শেখ বিল্লাল হোসেন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা এবং বীরশ্রেষ্ঠ সিপাহী হামিদুর রহমানের ভাতিজা হাফিজুর রহমান।

এ ছাড়া উপস্থিত ছিলেন বাসদ জেলা কমিটির আহ্বায়ক অ্যাডভোকেট আসাদুল ইসলাম আসাদ, সিপিবির জেলা শাখার সাধারণ সম্পাদক আবু তোয়াব অপু, বাংলাদেশ বিপ্লবী কমিউনিস্ট লীগের জেলা শাখার সাধারণ সম্পাদক শহিদুল এনাম পল্লব, জাতীয় গণফ্রন্টের জেলা সমন্বয়ক নেহাল আহমেদ সোহেলসহ বিভিন্ন সংগঠনের নেতারা।

আলোচনা সভায় বক্তারা মহান মুক্তিযুদ্ধে বীরশ্রেষ্ঠ সিপাহী হামিদুর রহমানের অসামান্য সাহসিকতা, বীরত্ব ও আত্মত্যাগের কথা স্মরণ করেন। তাঁর জীবন ও মুক্তিযুদ্ধে অবদানের বিভিন্ন দিক তুলে ধরে তাঁরা বলেন, দেশের স্বাধীনতা অর্জনে বীর মুক্তিযোদ্ধাদের আত্মত্যাগ জাতির ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে।

আলোচনা সভা শেষে বীরশ্রেষ্ঠ সিপাহী হামিদুর রহমানের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। একই সঙ্গে প্রয়াত ও যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধাদের জন্য বিশেষ দোয়া করা হয়। দেশ ও জাতির কল্যাণ কামনায় দোয়া ও মোনাজাত পরিচালনা করেন ঝিনাইদহ কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা মো. সাইদুর রহমান।

আরো পড়ুন
ঝিনাইদহে জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপন
উদ্বোধনের ৮ বছরেও চালু হয়নি ঝিনাইদহের ৪ মা ও শিশু কল্যাণ কেন্দ্র
কালীগঞ্জে ডোপ টেস্টে মাদক সেবনের প্রমাণ, ৫ জনের কারাদণ্ড
৩১ অক্টোবর ১১ দলীয় জোটের লংমার্চ সফল করতে ঝিনাইদহ জামায়াতের ব্যাপক প্রস্তুতি
নির্যাতনের শিকার নারীর পাশে মানবাধিকার সংগঠন, আইনি সহায়তার আশ্বাস
ইউটিউব দেখে আনারকলি চাষ, কোটচাঁদপুরে ব্যতিক্রমী উদ্যোগ সঞ্চয়ের
Scroll to Top