শৈলকূপা (ঝিনাইদহ) প্রতিনিধি
শৈলকূপায় ইজিবাইকের ধাক্কায় প্রাণ যাওয়ার ঘটনায় চালক পালিয়ে গেলেও গাড়ি আটক করে স্থানীয় জনতা। ঝিনাইদহের শৈলকূপায় ইজিবাইকের ধাক্কায় রাহাব্বুল ইসলাম (১৯) নামে এক পথচারী যুবক নিহত হয়েছেন। কুষ্টিয়া সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শনিবার (১ আগস্ট) সন্ধ্যায় তার মৃত্যু হয়। এর আগে একই দিন দুপুরে উপজেলার গাড়াগঞ্জ-শৈলকূপা সড়কের গাড়াগঞ্জ বাজারে পিন্টু জোয়ার্দারের দোকানের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত রাহাব্বুল ইসলাম উপজেলার গাড়াগঞ্জ গ্রামের কাইয়ুম শাহার বড় ছেলে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্র জানায়, শনিবার দুপুর ১২টার দিকে রাহাব্বুল বাড়ি থেকে বের হয়ে কেনাকাটার উদ্দেশ্যে রাস্তার পাশ দিয়ে হেঁটে বাজারের দিকে যাচ্ছিলেন। এ সময় পেছন দিক থেকে আসা একটি দ্রুতগতির যাত্রীবাহী ইজিবাইক তাকে সজোড়ে ধাক্কা দেয়। ধাক্কায় তিনি সড়কের ওপর ছিটকে পড়লে ইজিবাইকটি তার শরীরের ওপর উঠে যায়। এতে তিনি মাথায় ও বুকে গুরুতর আঘাতপ্রাপ্ত হন।
ঘটনার পরপরই চালক সটকে পড়ার চেষ্টা করলেও উপস্থিত স্থানীয় জনতা ধাওয়া করে ঘাতক ইজিবাইকটি আটক করে। স্থানীয়রা তাৎক্ষণিকভাবে আহত রাহাব্বুলকে উদ্ধার করে শৈলকূপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তার শারীরিক অবস্থার দ্রুত অবনতি হলে চিকিৎসকের পরামর্শে তাকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যা সাড় ৬টার দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
দুর্ঘটনার তথ্য নিশ্চিত করে শৈলকূপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির মোল্লা জানান, সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত এক যুবক চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের প্রক্রিয়া ও আনুষঙ্গিক আইনি কাজ সম্পন্ন করা হচ্ছে। আটককৃত ইজিবাইকের বিষয়ে ও দুর্ঘটনার সার্বিক ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।