ঝিনাইদহ প্রতিনিধি
১৮ বছরের অবহেলায় গ্যাস-বিদ্যুৎ সংকট, উত্তরণে সমন্বিত প্রয়াস চলছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাাঁন। বিগত ১৮ বছরের ব্যাপক লুটপাট, দুর্নীতি ও চরম অব্যবস্থাপনার ফলেই দেশে গ্যাস, বিদ্যুৎ ও জ্বালানি খাতে বর্তমান দীর্ঘমেয়াদি সংকট তৈরি হয়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর সহকারী (রাজনৈতিক) মো. রাশেদ খাঁন। রোববার (২৩ আগস্ট) সকালে ঝিনাইদহ শিশু কুঞ্জ স্কুল অ্যান্ড কলেজ আয়োজিত সংবর্ধনা ও সুধী মতবিনিময় সভা শেষে স্থানীয় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
সফরসূচি অনুযায়ী, নিজ জেলা ঝিনাইদহে এসে একাধিক মতবিনিময় ও সংবর্ধনা অনুষ্ঠানে অংশ নেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী।
সংবাদ সম্মেলনে দেশের বর্তমান বিদ্যুৎ ও জ্বালানি পরিস্থিতি নিয়ে রাশেদ খাঁন বলেন, শেখ হাসিনার সরকারের মেয়াদে নতুন করে কোনো কার্যকর গ্যাসকূপ অনুসন্ধান করা হয়নি। উল্টো রেন্টাল ও কুইক রেন্টাল বিদ্যুৎকেন্দ্রের নামে সীমাহীন লুটপাট চালিয়ে বিদ্যুৎ খাতকে পঙ্গু করে দিয়ে সংকটের বীজ বপন করা হয়েছিল। পরবর্তীতে অন্তর্বর্তী সরকারের মেয়াদেও এ খাতের উন্নয়নে তাৎক্ষণিক ও কার্যকর পদক্ষেপের অভাব থাকায় এই চাপ আরও বাড়ে।
তিনি উল্লেখ করেন, বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর সব পক্ষের সঙ্গে সমন্বয় ও পরামর্শের মাধ্যমে এই বিদ্যুৎ সংকট থেকে উত্তরণের পথ খুঁজছে। জনগণের কষ্টের বিষয়টি অনুধাবন করে সরকারের উচ্চপর্যায় থেকে যে দুঃখ প্রকাশ করা হয়েছে—তা নজিরবিহীন এবং সরকারের উদারতারই বহিঃপ্রকাশ।
রাজনৈতিক প্রেক্ষাপট তুলে ধরে রাশেদ খাঁন বলেন, জামায়াতে ইসলামী নির্বাচনের আগে শরীয়াহ আইন বাস্তবায়নের কথা বললেও এখন আর সে বিষয়ে কথা বলছে না। তারা হঠাৎ ৭২-এর সংবিধান বাতিলের দাবি জানাচ্ছে, যা তারা কেবল নিজস্ব রাজনৈতিক সুবিধার জন্যই করছে।
সম্প্রতি জামায়াত নেতা আবু তাহেরের বক্তব্য প্রসঙ্গে তিনি কঠোর প্রতিক্রিয়া জানিয়ে বলেন, ১৯৯৬ সালে আওয়ামী লীগের সাথে জোটবদ্ধ আন্দোলনের অতীত অভিজ্ঞতার কারণেই হয়তো আওয়ামী লীগের রাজনীতিতে ফেরায় জামায়াতের আপত্তি নেই। তবে জামায়াত বাধা না দিলেও আওয়ামী শক্তি পুনরুজ্জীবিত হওয়ার চেষ্টা করলে জুলাই গণঅভ্যুত্থানের সব শক্তি ও আমরা মাঠে থেকেই শক্ত হাতে তা প্রতিরোধ করব।
আসন্ন স্থানীয় সরকার নির্বাচন প্রসঙ্গে রাজনৈতিক অবস্থানের কথা স্পষ্ট করে তিনি জানান, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) স্থানীয় নির্বাচনে একক প্রার্থী চূড়ান্ত করবে। দলীয় শৃঙ্খলা বজায় রাখতে কাউকে বিদ্রোহী প্রার্থী হওয়ার সুযোগ দেওয়া হবে না এবং কেউ শৃঙ্খলা ভঙ্গ করলে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।
কেশবচন্দ্র কলেজে শিক্ষক-শিক্ষার্থী মতবিনিময়
শিশু কুঞ্জ স্কুলের কর্মসূচি শেষে রাশেদ খাঁন ঐতিহাসিক ঝিনাইদহ সরকারি কেশবচন্দ্র (কেসি) কলেজে গমন করেন। সেখানে শিক্ষক, সাধারণ শিক্ষার্থী ও ছাত্রসংগঠনের নেতাকর্মীদের সঙ্গে পৃথক এক মতবিনিময় সভায় যোগ দেন।
উক্ত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন ঝিনাইদহ জেলা পরিষদের প্রশাসক মো. আব্দুল মজিদ, কেশবচন্দ্র কলেজের অধ্যক্ষ মাসরুর উল আলম এবং অবসরপ্রাপ্ত শিক্ষক মহব্বত হোসেন টিপুসহ স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ। দিনব্যাপী এ সফরে তিনি স্থানীয় আইনশৃঙ্খলা ও সার্বিক উন্নয়নমূলক কর্মকাণ্ড বিষয়ে জেলা প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গেও মতবিনিময় করেন।