মাদকমুক্ত সমাজ গঠনের আহ্বানে ঝিনাইদহে মাদকবিরোধী র‍্যালি

মাদকমুক্ত সমাজ গঠনের আহ্বানে ঝিনাইদহে মাদকবিরোধী র‍্যালি

ঝিনাইদহ প্রতিনিধি

মাদকমুক্ত সমাজ গঠন, যুবসমাজকে মাদকের ভয়াবহ ছোবল থেকে রক্ষা এবং সামাজিক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ঝিনাইদহে মাদকবিরোধী র‍্যালি অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৪ অক্টোবর) বিকেল ৪টায় ঝিনাইদহ শহরের কেন্দ্রীয় শহীদ মিনার থেকে র‍্যালিটি বের করা হয়। ঝিনাইদহ উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটির আয়োজনে অনুষ্ঠিত এ র‍্যালিতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। অংশগ্রহণকারীরা ব্যানার ও মাদকবিরোধী বিভিন্ন সচেতনতামূলক প্ল্যাকার্ড বহন করেন। এ সময় মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলা এবং মাদকমুক্ত সমাজ প্রতিষ্ঠার আহ্বান জানানো হয়।

র‍্যালিতে বক্তারা বলেন, মাদক ব্যক্তি, পরিবার ও সমাজের জন্য মারাত্মক হুমকি। বিশেষ করে তরুণ প্রজন্ম মাদকের কবলে পড়লে তাদের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়ে। মাদকের বিস্তার রোধে শুধু আইন প্রয়োগের ওপর নির্ভর না করে সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং পারিবারিক ও নৈতিক শিক্ষার ওপর গুরুত্ব দিতে হবে।

তারা আরও বলেন, যুবসমাজকে মাদকের ভয়াবহ পরিণতি সম্পর্কে সচেতন করতে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, সামাজিক সংগঠন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। পাশাপাশি মাদকাসক্ত ব্যক্তিদের সুস্থ জীবনে ফিরিয়ে আনতে প্রয়োজনীয় সহযোগিতা ও পুনর্বাসনের উদ্যোগ নেওয়ার ওপরও গুরুত্বারোপ করেন তারা।

র‍্যালিতে অংশগ্রহণ করেন ঝিনাইদহ উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটির উপদেষ্টা ড. মোস্তাফিজুর রহমান, সভাপতি মো. আশরাফুল ইসলাম, সহসভাপতি আব্দুস সবুর ও আনোয়ারুল ইসলাম, সাধারণ সম্পাদক মো. আবুল বাসার, সাংগঠনিক সম্পাদক ফখরুদ্দিন মুন্না, তথ্য ও যোগাযোগ সম্পাদক ইমন আহমেদ, অর্থ সম্পাদক মোসলেম উদ্দিন, শিক্ষা বিষয়ক সম্পাদক ফারুক আহমেদ, প্রচার সম্পাদক সোহরাব হোসেন এবং সহসাংগঠনিক সম্পাদক আল মিরাজ।

এ ছাড়া র‍্যালিতে বিশিষ্ট সমাজসেবী হারুনুর রশিদ প্লাবনসহ সংগঠনের অন্যান্য সদস্য ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

র‍্যালির মাধ্যমে মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলা, যুবসমাজকে মাদক থেকে দূরে রাখা এবং একটি সুস্থ, নিরাপদ ও মাদকমুক্ত সমাজ প্রতিষ্ঠায় সবাইকে এগিয়ে আসার আহ্বান জানানো হয়।

আরো পড়ুন
ঝিনাইদহে মাটিবাহী ট্রাক্টরের চাপায় প্রাণ গেল ৪ বছরের শিশু জাকিয়ার
কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স
ঝিনাইদহে নারীর চুল কেটে মরিচ গুঁড়া দিয়ে নির্যাতন
ঝিনাইদহের মহেশপুর
ঝিনাইদহে সামাজিক আধিপত্য নিয়ে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৭
Scroll to Top