ঝিনাইদহ প্রতিনিধি:
ঝিনাইদহের শৈলকুপায় সামাজিক আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষে নারীসহ অন্তত সাতজন আহত হয়েছেন। বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকালে উপজেলার হাকিমপুর ইউনিয়নের পুরাতন বাখরবা গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে পুরাতন বাখরবা গ্রামের সামাজিক মাতব্বর আনু মন্ডল এবং বকুল বিশ্বাসের সমর্থকদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ ও উত্তেজনা চলছিল। বৃহস্পতিবার সকালে আনু মন্ডলের সমর্থক প্রবাসী মনি বিশ্বাসের জমিতে বকুল বিশ্বাসের লোকজনের গরু ঢুকে ধান খেলে তার স্ত্রী শামেলা খাতুন প্রতিবাদ জানান। এতে ক্ষিপ্ত হয়ে বকুল বিশ্বাসের লোকজন শামেলা খাতুনকে মারধর করেন।
এ খবর ছড়িয়ে পড়লে আনু মন্ডল ও বকুল বিশ্বাসের সমর্থকরা ঢাল, সরকি, রামদা ও লাঠিসোটাসহ দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। দফায় দফায় চলা এ সংঘর্ষে নারীসহ উভয় পক্ষের অন্তত ৭ জন আহত হন।
সংঘর্ষের বিষয়টি নিশ্চিত করে শৈলকুপা থানার কর্মকর্তা ইনচার্জ (ওসি) হুমায়ুন কবির মোল্যা জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতদের উদ্ধার করে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে এবং বর্তমান পরিস্থিতি শান্ত রয়েছে।

