ঝিনেদার কাগজ ডেস্ক
ঝিনাইদহে দুর্গামন্দির ও হিন্দুদের বাড়িতে অগ্নিসংযোগের ভুয়া দাবি তুলে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি অগ্নিকাণ্ডের ভিডিও ছড়িয়ে দেওয়া হয়েছে। তবে রিউমর স্ক্যানার টিমের অনুসন্ধানে দেখা গেছে, ভিডিওটি ঝিনাইদহের কোনো ঘটনার নয়; বরং সুনামগঞ্জের একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে লাগা আগুনের পুরনো দৃশ্য।
গত সেপ্টেম্বরে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি ভিডিও পোস্ট করে দাবি করা হয়, ঝিনাইদহের চাঁদপুরে ভোররাতে দুর্গামন্দিরসহ ৭-৮টি হিন্দুবাড়িতে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে। বিভ্রান্তিকর এই পোস্টটি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক ভাইরাল হয়। প্রকাশের পর থেকে পোস্টটি এক লক্ষাধিকবার দেখা হয়েছে এবং হাজার হাজার মানুষ এটি শেয়ার করেন।
ঘটনাটির সত্যানুসন্ধানে জানা যায়, মূল ভিডিওটি সুনামগঞ্জের দিরাই উপজেলার ভাটিপাড়া ইউনিয়নের নুরনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের। গত ১৩ সেপ্টেম্বর বিদ্যালয়ের ভবনের নিচতলায় স্তূপ করে রাখা পাটকাঠি থেকে অসাবধানতাবশত অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।
পরদিন ১৪ সেপ্টেম্বর ‘Mdshakir Alom’ নামের একটি ফেসবুক অ্যাকাউন্ট থেকে ‘নুরনগর, সরকারি প্রাথমিক বিদ্যালয় খুব ভয়ংকর আগুন লেগেছে’ ক্যাপশনে ভিডিওটি পোস্ট করা হয়েছিল। সুনামগঞ্জের সেই ভিডিওটিকেই পরবর্তীতে ঝিনাইদহের দুর্গামন্দিরে অগ্নিসংযোগের মিথ্যা দাবি জুড়ে দিয়ে ফেসবুকে অপপ্রচার চালানো হয়।

