নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ:
আওয়ামী লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে ঝিনাইদহের কালীগঞ্জে আচমকা ঝটিকা মিছিল ও বিক্ষোভ করেছে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ।
শুক্রবার ভোরে শহরের স্বাভাবিক কর্মচাঞ্চল্য শুরু হওয়ার আগেই কালীগঞ্জ প্রধান বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় এই মিছিল বের করা হয়। ১৫ থেকে ২০ জন নেতাকর্মী এতে অংশ নিয়ে আওয়ামী লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার দাবিতে বিভিন্ন স্লোগান দেন।
ঘটনাটির ১ মিনিট ২০ সেকেন্ডের একটি ভিডিও ক্লিপ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় ব্যাপক আলোচনার সৃষ্টি হয়। ভিডিও ফুটেজে দেখা যায়, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতি এড়াতে এবং সম্ভাব্য গ্রেপ্তার এড়াতে অত্যন্ত সংক্ষিপ্ত সময়ের মধ্যে ভোরবেলা মিছিলটি শেষ করে দ্রুত স্থান ত্যাগ করেন তারা।
ভাইরাল হওয়া ওই ভিডিও ফুটেজে ঝিনাইদহ জেলা ছাত্রলীগের দপ্তর সম্পাদক শেখ সাদি, সহ-সভাপতি শাহরিয়ার সীমান্ত এবং সহ-সম্পাদক মোহাম্মদ তৌফিক ওমর সাব্বিরসহ সংগঠনের বেশ কয়েকজন নেতাকর্মীকে উপস্থিত থাকতে দেখা গেছে।
এ বিষয়ে ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার মুশফিকুর রহমান জানান, সামাজিক যোগাযোগমাধ্যমে ছাত্রলীগের একটি মিছিলের ভিডিও তাদের নজরে এসেছে। পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।