ঝিনাইদহ প্রতিনিধি
ঝিনাইদহ শহরের ভুটিয়ারগাতী এলাকায় বাইপাস সড়কে যাত্রীবাহী বাসচাপায় এক সেনাসদস্য ও তাঁর স্ত্রী নিহত হয়েছেন। বুধবার (২৬ আগস্ট) সকাল সাড় ৯টার দিকে বাইপাস সড়কের গ্যাস ডিপো এলাকায় এ হৃদয়বিদারক দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন— নড়াইলের লোহাগড়া উপজেলার লক্ষ্মীপাশা গ্রামের বাসিন্দা সেনাসদস্য সোহেল কাজী (৩৫) এবং তাঁর স্ত্রী জান্নাতুল ফেরদৌস তুলি (২৮)। নিহত তুলি ঝিনাইদহের শৈলকুপা উপজেলার বড়দাহ গ্রামের আব্দুস সাত্তার বুলুর মেয়ে। সোহেল কাজী চট্টগ্রামে সেনাবাহিনীর বিএমএ শাখায় প্রশিক্ষক হিসেবে কর্মরত ছিলেন।
পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, সকালে সোহেল কাজী স্ত্রী তুলিকে মোটরসাইকেলে নিয়ে শৈলকুপার বড়দাহ গ্রামে শ্বশুরবাড়ির উদ্দেশে যাচ্ছিলেন। পথিমধ্যে ভুটিয়ারগাতী বাইপাস সড়কের গ্যাস ডিপো এলাকায় পৌঁছালে পাশের সড়ক থেকে আসা একটি রিকশার সঙ্গে সংঘর্ষ এড়াতে গিয়ে তিনি মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারান। এতে মোটরসাইকেলটি সড়কে উল্টে পড়ে কুষ্টিয়া থেকে খুলনাগামী ‘গড়াই পরিবহন’-এর একটি বাসের নিচে চলে যায়।
বাসচাপায় ঘটনাস্থলেই প্রাণ হারান স্ত্রী তুলি খাতুন। ফায়ার সার্ভিসের সদস্যরা আশঙ্কাজনক অবস্থায় সেনাসদস্য সোহেল কাজীকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করেন। সেখানে তাঁর অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য যশোর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) পাঠানো হয়, যেখানে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
এদিকে দুর্ঘটনার পরপরই ক্ষুব্ধ স্থানীয় বাসিন্দারা ওই সড়কে স্পিডব্রেকার নির্মাণের দাবিতে সড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ ও সড়ক অবরোধ করেন। এতে বাইপাস সড়কে সাময়িকভাবে যান চলাচল বন্ধ হয়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সঙ্গে কথা বলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং যান চলাচল স্বাভাবিক করে।
ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান জানান, সড়ক দুর্ঘটনায় দম্পতি নিহতের ঘটনায় ঘাতক বাসটিকে আটক করা হয়েছে। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে এবং এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।