ঝিনাইদহে রাতের আঁধারে দুই কৃষকের পুইশাক কেটে দেওয়ার অভিযোগ

ঝিনাইদহে রাতের আঁধারে দুই কৃষকের পুইশাক কেটে দেওয়ার অভিযোগ, ক্ষতি লাখ টাকা

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহ সদর উপজেলার হলিধানী ইউনিয়নের গাড়ামারা গ্রামে রাতের আঁধারে দুই কৃষকের জমির পুইশাক কেটে ফেলার অভিযোগ উঠেছে দুর্বৃত্তদের বিরুদ্ধে। এতে প্রায় এক লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত কৃষকেরা। ফসল কাটার মাত্র ১৫ দিন আগে এমন ঘটনায় দিশেহারা হয়ে পড়েছেন তাঁরা।

রোববার (২৫ অক্টোবর) রাতে সদর উপজেলার হলিধানী ইউনিয়নের গাড়ামারা গ্রামের কুড়ির মাঠে এ ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্ত কৃষকেরা হলেন আলআমিন ও বাহার আলী। তাঁদের ২০ শতক জমিতে চাষ করা পুইশাকের গাছ কেটে ফেলা হয়েছে বলে জানা গেছে।

ক্ষতিগ্রস্ত কৃষকদের ভাষ্য, দীর্ঘদিন ধরে জমিতে পুইশাক চাষ করে আসছিলেন তাঁরা। নিয়মিত পরিচর্যা ও পরিশ্রমে ফসল প্রায় সংগ্রহের উপযোগী হয়ে উঠেছিল। আর মাত্র ১৫ দিন পর জমি থেকে পুইশাক তুলে বাজারে বিক্রির পরিকল্পনা ছিল তাঁদের। কিন্তু ফসল কাটার আগমুহূর্তে গাছগুলো কেটে দেওয়ায় তাঁদের সেই আশা ভেঙে গেছে।

কৃষকেরা জানান, পুইশাক বিক্রির অর্থ দিয়ে সংসারের দৈনন্দিন খরচ মেটানোর পাশাপাশি আর্থিক সংকট কিছুটা কাটিয়ে ওঠার প্রত্যাশা ছিল। কিন্তু রাতের আঁধারে কে বা কারা তাঁদের ফসল নষ্ট করেছে, তা তাঁরা নিশ্চিত হতে পারেননি। জমিতে গিয়ে পুইশাকের গাছ কাটা অবস্থায় দেখতে পেয়ে তাঁরা হতাশ হয়ে পড়েন।

ক্ষতিগ্রস্ত দুই কৃষকের দাবি, তাঁদের প্রায় এক লাখ টাকার ক্ষতি হয়েছে। ফসল নষ্ট হওয়ায় আসন্ন মৌসুমে প্রত্যাশিত আয় থেকে বঞ্চিত হওয়ার আশঙ্কা করছেন তাঁরা। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন ক্ষতিগ্রস্ত কৃষকেরা।

কৃষিনির্ভর পরিবার দুটির জন্য পুইশাকের এই আবাদ ছিল আয়ের গুরুত্বপূর্ণ উৎস। ফসল নষ্ট করার ঘটনায় তাঁদের মধ্যে হতাশা ও ক্ষোভ বিরাজ করছে।

আরো পড়ুন
নির্যাতনের শিকার নারীর পাশে মানবাধিকার সংগঠন, আইনি সহায়তার আশ্বাস
ইউটিউব দেখে আনারকলি চাষ, কোটচাঁদপুরে ব্যতিক্রমী উদ্যোগ সঞ্চয়ের
কালীগঞ্জে চাঁদা না দেওয়ায় মার্কেটের ১৫ দোকান দখলের অভিযোগ
মাদকমুক্ত সমাজ গঠনের আহ্বানে ঝিনাইদহে মাদকবিরোধী র‍্যালি
ঝিনাইদহে মাটিবাহী ট্রাক্টরের চাপায় প্রাণ গেল ৪ বছরের শিশু জাকিয়ার
কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স
Scroll to Top