ঝিনাইদহ সদর প্রতিনিধি
ঝিনাইদহ সদর উপজেলার কামতা পূর্বপাড়া গ্রামে মাটিবাহী ট্রাক্টরের নিচে চাপা পড়ে জাকিয়া (৪) নামের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার (২৪ অক্টোবর) বেলা সাড়ে ১২টার দিকে মধুহাটী ইউনিয়নের কামতা পূর্বপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে। বাড়ির পাশে রাস্তা পার হওয়ার সময় ট্রাক্টরের নিচে চাপা পড়ে শিশুটির মৃত্যু হয় বলে জানিয়েছে তার পরিবার।
নিহত জাকিয়া ওই গ্রামের জাফিরুল ইসলামের মেয়ে।
নিহত শিশুর ফুফা সাবদার হোসেন জানান, শনিবার সকালে বাড়ির পাশের রাস্তার ধারে অন্য শিশুদের সঙ্গে খেলছিল জাকিয়া। এ সময় একটি মাটিবাহী ট্রাক্টর ঘটনাস্থলে পৌঁছালে শিশুটি হঠাৎ দৌড়ে রাস্তা পার হওয়ার চেষ্টা করে। তখন ট্রাক্টরের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
মধুহাটী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলতাফ হোসেন জানান, শিশুটি রাস্তার পাশে খেলছিল। এ সময় ট্রাক্টরের হর্ন শুনে রাস্তা পার হতে গিয়ে সেটির নিচে চাপা পড়ে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। দুর্ঘটনার পর ট্রাক্টরচালক কামতা গ্রামের নজরুলের ছেলে মাসুদ ঘটনাস্থল থেকে পালিয়ে যান বলে জানান তিনি।
ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদউজ্জামান জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে শিশুটির মরদেহ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহটি ঝিনাইদহ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
তিনি আরও জানান, ঘটনার পর থেকে ট্রাক্টরচালক মাসুদ পলাতক রয়েছেন। নিহতের পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
চার বছরের শিশুর এমন মর্মান্তিক মৃত্যুতে পরিবার ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

