স্টাফ রিপোর্টার-
ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বালিয়াডাঙ্গা দাখিল মাদরাসা এবারের এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফলে উপজেলার মধ্যে শীর্ষস্থানীয় ফলাফল অর্জন করেছে। সোমবার সকাল ১০টায় সারাদেশে এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের পর এ তথ্য জানা যায়।
প্রকাশিত ফলাফলে দেখা গেছে, বালিয়াডাঙ্গা দাখিল মাদরাসা থেকে এবারের পরীক্ষায় মোট ৪৮ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। এর মধ্যে ৪৫ জন শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছে। ফলে প্রতিষ্ঠানটির পাসের হার দাঁড়িয়েছে ৯৩.৭৬ শতাংশ।
প্রতিষ্ঠানের সুপার আতিয়ার রহমান জানান, শিক্ষকদের আন্তরিক প্রচেষ্টা, নিয়মিত পাঠদান এবং শিক্ষার্থীদের কঠোর পরিশ্রমের ফলেই এ সাফল্য অর্জিত হয়েছে। তিনি বলেন, শিক্ষার্থীদের ভালো ফলাফলের জন্য শিক্ষকরা সর্বোচ্চ আন্তরিকতা নিয়ে কাজ করেছেন।
তিনি আরও জানান, ভবিষ্যতে ফলাফল আরও ভালো করার লক্ষ্যে শিক্ষার্থীদের পড়াশোনার প্রতি মনোযোগ বাড়ানোর পাশাপাশি শিক্ষকরা আরও পরিকল্পিতভাবে কাজ করবেন।
বালিয়াডাঙ্গা দাখিল মাদরাসার এ সাফল্যে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে আনন্দ ও উৎসাহ বিরাজ করছে।