# ইউক্রেন যুদ্ধে ১ হাজারের বেশি রুশ সেনার আত্মহত্যার তথ্য

- Link: https://www.jhenedarkagoj.com/world-news/%e0%a6%b0%e0%a7%81%e0%a6%b6-%e0%a6%b8%e0%a7%87%e0%a6%a8%e0%a6%be-%e0%a7%a7-%e0%a6%b9%e0%a6%be%e0%a6%9c%e0%a6%be%e0%a6%b0%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%ac%e0%a7%87%e0%a6%b6%e0%a6%bf-%e0%a6%86%e0%a6%a4/
- Published: 2026-11-25T10:56:36+06:00
- Author: Mijanur Raman Mijanur Raman

**আন্তর্জাতিক ডেস্ক**

Thank you for reading this post, don't forget to subscribe!

ইউক্রেন যুদ্ধে এক হাজারের বেশি রুশ সেনা আত্মহত্যা করেছেন বলে ফাঁস হওয়া সরকারি নথি
বিশ্লেষণে উঠে এসেছে। রাশিয়ার রাষ্ট্রীয় পরিসংখ্যান সংস্থা রসস্ট্যাটের গোপন নথি বিশ্লেষণ
করে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান এ তথ্য জানিয়েছে।

বেলারুশের সাইবার পার্টিজানস ও ইউক্রেনীয় হ্যাকার গোষ্ঠী সাইলেন্ট ক্রোর সংগ্রহ করা
এক কোটি ১০ লাখের বেশি মৃত্যুসনদের তথ্যভান্ডার বিশ্লেষণ করে এ অনুসন্ধান চালানো হয়।

দ্য গার্ডিয়ানের বিশ্লেষণ অনুযায়ী, নথিতে অন্তত ১ হাজার ৮৭ জন রুশ সেনার আত্মহত্যার
তথ্য পাওয়া গেছে। এ ছাড়া ইউক্রেন বা রাশিয়ার সীমান্তবর্তী অঞ্চলে আরও ৮৮৫ জন সেনার 
মৃত্যু আগ্নেয়াস্ত্রজনিত ‘অনিশ্চিত উদ্দেশ্যে’ আঘাতের কারণে নথিভুক্ত হয়েছে। বিশেষজ্ঞদের
ধারণা, এসব ঘটনার কিছু আত্মহত্যা হলেও সেগুলো ভিন্নভাবে নথিবদ্ধ করা হয়ে থাকতে পারে।

নথিতে দেখা যায়, যুদ্ধ দীর্ঘায়িত হওয়ার সঙ্গে সেনাদের আত্মহত্যার ঘটনাও বেড়েছে। ২০২২
সালে এ ধরনের ঘটনা ৫০টির বেশি থাকলেও ২০২৪ সালে তা ২০০ ছাড়ায়। ২০২৫ সালে আত্মহত্যার
সংখ্যা বেড়ে ৩৬৫-তে পৌঁছায়। ২০২৬ সালের হিসাব অসম্পূর্ণ থাকলেও এরই মধ্যে প্রায় ৩০০টি
ঘটনার তথ্য যুক্ত হয়েছে।

চিহ্নিত ১ হাজার ৮৭টি ঘটনার মধ্যে অন্তত ৬১৪টি ঘটেছে ইউক্রেনের অধিকৃত এলাকা অথবা রাশিয়ার
সীমান্তবর্তী বেলগোরোদ ও ব্রিয়ানস্ক অঞ্চলে। যুদ্ধক্ষেত্রে আত্মহত্যাকারীদের মধ্যে 
১৮ ও ১৯ বছর বয়সী ৪৩ জন তরুণও রয়েছেন। এ ছাড়া যুদ্ধক্ষেত্রের বাইরে রাশিয়ার ভেতরে ২৫
বছরের কম বয়সী আরও ১০৮ জনের আত্মহত্যার তথ্য পাওয়া গেছে।

প্রতিবেদনে ২০২৪ সালের অক্টোবরে অধিকৃত দোনেৎস্ক অঞ্চলে দায়িত্ব পালন করা রুশ সেনা 
সার্জেন্ট অ্যালেক্সি বোলগভের মৃত্যুর ঘটনাও তুলে ধরা হয়েছে। ২৯ বছর বয়সী বোলগভ ইউনিটের
কমান্ড পোস্ট থেকে প্রায় ৩০০ মিটার দূরের একটি বনে আত্মহত্যা করেন বলে নথিতে উল্লেখ
রয়েছে।

সামরিক বিশ্লেষকদের মতে, ব্যাপক প্রাণহানি, কঠোর সামরিক শৃঙ্খলা, সহকর্মী ও ঊর্ধ্বতন
কর্মকর্তাদের চাপ এবং যুদ্ধ থেকে বেরিয়ে আসার সুযোগের অভাব সেনাদের মানসিক অবস্থার 
ওপর নেতিবাচক প্রভাব ফেলছে।

ফরেন পলিসি রিসার্চ ইনস্টিটিউটের জ্যেষ্ঠ ফেলো রব লি বলেন, সেনাদের সামনে এগিয়ে যেতে
বাধ্য করতে রুশ বাহিনীতে ব্যাপক বলপ্রয়োগ ও শারীরিক নির্যাতনের ঘটনা ঘটে। এসব পরিস্থিতি
সেনাদের মধ্যে হতাশা তৈরি করতে পারে।

রুশ সেনাদের দলত্যাগে সহায়তাকারী সংগঠন ‘ইদিতে লেসোম’-এর মুখপাত্র ইভান চুভিলিয়ায়েভের
মতে, যুদ্ধক্ষেত্র থেকে তথ্য বাইরে আসার সুযোগ খুবই সীমিত। তাঁর দাবি, কোনো সেনা আত্মহত্যা
করলেও অনেক ক্ষেত্রে সরকারি নথিতে তাঁকে যুদ্ধে নিহত বীর হিসেবে দেখানো হয়।

দ্য গার্ডিয়ানের অনুসন্ধানে আরও বলা হয়েছে, ২০২২ সালে দোনেৎস্কে সৈনিক আলেকজান্ডার 
লাজোরের পরিবারকে তাঁর যুদ্ধে নিহত হওয়ার খবর দেওয়া হয়েছিল। তবে সহকর্মীদের দাবি, তিনি
আত্মহত্যা করেছিলেন। এদিকে মিডিয়াজোনা ও আইস্টোরিজের তথ্য অনুযায়ী, অন্তত ৪৯ হাজার 
রুশ সেনাকে পলাতক বা অনুপস্থিত ঘোষণা করা হয়েছে।

**যুদ্ধে নিহত সাত লাখের বেশি রুশ সেনা**

এদিকে নিউইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, মেদুজা ও মিডিয়াজোনার নতুন হিসাব 
অনুযায়ী, ইউক্রেন যুদ্ধে রাশিয়ার সাত লাখের বেশি সেনা নিহত হয়েছেন।

রসস্ট্যাটের ফাঁস হওয়া তথ্যের পাশাপাশি উত্তরাধিকারসংক্রান্ত নথি, মৃত্যুসংবাদ, সিভিল
রেজিস্ট্রি ও সরকারি তথ্য বিনিময়ব্যবস্থা বিশ্লেষণ করে এ হিসাব তৈরি করা হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, সেপ্টেম্বর পর্যন্ত রাশিয়া সরকারিভাবে অন্তত ৪ লাখ ৯০ হাজার সেনার
মৃত্যুর তথ্য নথিভুক্ত করেছে। তবে তথ্য হালনাগাদে বিলম্বের কারণে ২০২৫ ও ২০২৬ সালের
অনেক মৃত্যু ওই হিসাবে অন্তর্ভুক্ত হয়নি।

যুদ্ধের প্রাণহানির প্রকৃত তথ্য সম্পর্কে রুশ নাগরিকদের ধারণা সীমিত বলে প্রতিবেদনে
উল্লেখ করা হয়েছে। ক্রেমলিনের দমন-পীড়ন, সংবাদমাধ্যমের ওপর নিয়ন্ত্রণ এবং প্রচারের 
কারণে এসব তথ্য আড়ালে থেকে যাচ্ছে বলে দাবি করেছে সংবাদমাধ্যমটি।

**আরও পড়ুন:**

 * [ঝিনাইদহে তিন মাসে ৯০ জনের আত্মহত্যা, নিহতদের দুই-তৃতীয়াংশ নারী](https://www.jhenedarkagoj.com/jhenaidah-khobor/maheshpur/%e0%a6%9d%e0%a6%bf%e0%a6%a8%e0%a6%be%e0%a6%87%e0%a6%a6%e0%a6%b9%e0%a7%87-%e0%a6%a4%e0%a6%bf%e0%a6%a8-%e0%a6%ae%e0%a6%be%e0%a6%b8%e0%a7%87-%e0%a7%af%e0%a7%a6-%e0%a6%9c%e0%a6%a8%e0%a7%87%e0%a6%b0/)
 * [ঝিনাইদহে আত্মহত্যায় ১০ বছরে প্রাণ হারিয়েছেন ৩ হাজারের বেশি, চলতি ৬ মাসেই ১৮৯ জন](https://www.jhenedarkagoj.com/jhenaidah-khobor/%e0%a6%9d%e0%a6%bf%e0%a6%a8%e0%a6%be%e0%a6%87%e0%a6%a6%e0%a6%b9%e0%a7%87-%e0%a6%86%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%ae%e0%a6%b9%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be%e0%a6%af%e0%a6%bc/)
