# পশ্চিমবঙ্গের নাম পরিবর্তনে উদ্যোগ, চূড়ান্ত সিদ্ধান্ত সংসদের

- Link: https://www.jhenedarkagoj.com/world-news/%e0%a6%aa%e0%a6%b6%e0%a7%8d%e0%a6%9a%e0%a6%bf%e0%a6%ae%e0%a6%ac%e0%a6%99%e0%a7%8d%e0%a6%97%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%a8%e0%a6%be%e0%a6%ae/
- Published: 2026-11-26T12:40:12+06:00
- Author: Mijanur Raman Mijanur Raman

**আন্তর্জাতিক ডেস্ক**

Thank you for reading this post, don't forget to subscribe!

ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের ইংরেজি নাম ‘ওয়েস্ট বেঙ্গল’ পরিবর্তন করে বাংলা, হিন্দি 
ও ইংরেজি—তিন ভাষাতেই ‘পশ্চিমবঙ্গ’ করার উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার। এ লক্ষ্যে আগামী
ডিসেম্বরের শুরুতে রাজ্য বিধানসভার শীতকালীন অধিবেশনে নাম পরিবর্তনের প্রস্তাব উত্থাপন
করা হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

সোমবার (২৩ নভেম্বর) রাজ্য সচিবালয় নবান্নে মন্ত্রিসভার বৈঠকের পর মুখ্যমন্ত্রী এ সিদ্ধান্তের
কথা জানান। তাঁর ঘোষণার পর রাজ্য মন্ত্রিসভা প্রস্তাবটিতে অনুমোদন দিয়েছে। বিধানসভায়
প্রস্তাব পাস হলে চূড়ান্ত অনুমোদনের জন্য তা কেন্দ্রীয় সরকার ও ভারতের সংসদে পাঠানো
হবে।

রাজ্য সরকারের যুক্তি, ইংরেজি বর্ণমালায় ‘ওয়েস্ট বেঙ্গল’ নামের প্রথম অক্ষর ‘ডব্লিউ’
হওয়ায় বর্ণানুক্রমিক তালিকায় রাজ্যটির অবস্থান থাকে একেবারে শেষের দিকে। ফলে দিল্লিতে
বিভিন্ন সর্বভারতীয় বৈঠকে পশ্চিমবঙ্গের প্রতিনিধিদের বক্তব্য দেওয়ার সুযোগ আসে সবার
শেষে। এ সমস্যা দূর করতেই নাম পরিবর্তনের উদ্যোগ নেওয়া হয়েছে।

এর আগে ২০১৮ সালে সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেস
সরকার রাজ্যের নাম ‘বাংলা’ করার প্রস্তাব বিধানসভায় সর্বসম্মতিক্রমে পাস করেছিল। এর
আগেও বামফ্রন্ট সরকারের আমলে নাম পরিবর্তনের উদ্যোগ নেওয়া হয়। তবে কেন্দ্রীয় সরকারের
অনুমোদন না পাওয়ায় কোনো প্রস্তাবই বাস্তবায়িত হয়নি।

বর্তমানে কেন্দ্র ও পশ্চিমবঙ্গ—উভয় জায়গায় বিজেপি সরকার ক্ষমতায় থাকায় নতুন প্রস্তাবটি
অনুমোদন পাওয়ার সম্ভাবনা দেখছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা। তবে নাম পরিবর্তনের উদ্যোগ নিয়ে
ভিন্নমতও রয়েছে।

ইতিহাসবিদ ও প্রাবন্ধিক গৌতম বসুমল্লিকের মতে, নাম পরিবর্তনের বিষয়টি নতুন নয়; বরং 
এটি অনেকটা চমক তৈরির উদ্যোগ। রাজ্যে আরও গুরুত্বপূর্ণ সমস্যার সমাধান প্রয়োজন বলে 
মনে করেন তিনি।

গৌতম বসুমল্লিক বলেন, ১৯৪৭ সালে ভারত ভাগের সময় বাংলার পশ্চিম অংশ ভারতের অন্তর্ভুক্ত
হয় এবং পূর্ব অংশ পাকিস্তানের অংশ হিসেবে পূর্ব পাকিস্তান নামে পরিচিতি পায়। পরে পূর্ব
পাকিস্তান স্বাধীন হয়ে বাংলাদেশ হয়। ভারতের অংশে থাকা পশ্চিমাঞ্চল বাংলা ভাষায় ‘পশ্চিমবঙ্গ’
এবং ইংরেজিতে ‘ওয়েস্ট বেঙ্গল’ নামে পরিচিতি লাভ করে।

নাম পরিবর্তন হলে প্রশাসনিক কাজে কিছু সুবিধা হতে পারে বলে মনে করা হলেও এর জন্য বড়
অঙ্কের অর্থ ব্যয়ের আশঙ্কা রয়েছে। সরকারি সাইনবোর্ড, দাপ্তরিক নথি, আবেদনপত্র, চিঠির
প্যাডসহ বিভিন্ন উপকরণ পরিবর্তন করতে হবে। এতে রাজ্য সরকারের অতিরিক্ত ব্যয় বাড়বে, 
যার প্রভাব শেষ পর্যন্ত রাজ্যের মানুষের ওপর পড়তে পারে বলে মনে করছেন সমালোচকেরা।

**আরও পড়ুন:**

 * [ঝিনাইদহে জামায়াতের নতুন আমিরদের শপথ গ্রহণ](https://www.jhenedarkagoj.com/jhenaidah-khobor/%e0%a6%9d%e0%a6%bf%e0%a6%a8%e0%a6%be%e0%a6%87%e0%a6%a6%e0%a6%b9%e0%a7%87-%e0%a6%9c%e0%a6%be%e0%a6%ae%e0%a6%be%e0%a7%9f%e0%a6%be%e0%a6%a4%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%a8%e0%a6%a4%e0%a7%81%e0%a6%a8/)
 * [দেশ ছাড়লেও শেখ হাসিনা প্রতিশোধের রাজনীতি করছেন: রিজভী](https://www.jhenedarkagoj.com/politics/%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b6-%e0%a6%9b%e0%a6%be%e0%a7%9c%e0%a6%b2%e0%a7%87%e0%a6%93-%e0%a6%b6%e0%a7%87%e0%a6%96-%e0%a6%b9%e0%a6%be%e0%a6%b8%e0%a6%bf%e0%a6%a8%e0%a6%be-%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0/)
