# দিল্লিতে সহকর্মীর বিরুদ্ধে তরুণীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ

- Link: https://www.jhenedarkagoj.com/world-news/%e0%a6%a6%e0%a6%bf%e0%a6%b2%e0%a7%8d%e0%a6%b2%e0%a6%bf%e0%a6%a4%e0%a7%87-%e0%a6%b8%e0%a6%b9%e0%a6%95%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%ae%e0%a7%80%e0%a6%b0-%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%b0%e0%a7%81%e0%a6%a6%e0%a7%8d/
- Published: 2026-11-25T12:55:03+06:00
- Author: Mijanur Raman Mijanur Raman

**আন্তর্জাতিক ডেস্ক**

Thank you for reading this post, don't forget to subscribe!

ভারতের রাজধানী নয়াদিল্লির প্রীতবিহার এলাকায় ২২ বছর বয়সী এক তরুণী সহকর্মীদের হাতে
দলবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় দুই নারীসহ তিনজনকে গ্রেপ্তার
করেছে দিল্লি পুলিশ। অভিযুক্ত আরও তিনজন পলাতক রয়েছেন।

পুলিশের প্রাথমিক তদন্ত অনুযায়ী, ঘটনার দিন ওই তরুণীসহ সাত সহকর্মী প্রথমে একটি ক্যাফেতে
একসঙ্গে সময় কাটান। সেখানে তাঁরা মদ্যপান করেন। দিবাগত রাত ২টার দিকে ক্যাফে থেকে বেরিয়ে
যান তাঁরা। তাঁদের সবাই দুটি পৃথক ক্যাফেতে কাজ করেন।

পুলিশ জানায়, ক্যাফে থেকে বের হওয়ার পর তরুণী তাঁর মাকে ফোন করে জানান, তিনি মান্দাওয়ালিতে
এক বন্ধুর বাড়িতে যাচ্ছেন। পরে এক পুরুষ সহকর্মী তাঁকে ও আরও তিন নারীকে মান্দাওয়ালিতে
নামিয়ে দেন। তবে তাঁরা বন্ধুর বাড়িতে না গিয়ে কাছাকাছি প্রীতবিহার থানা এলাকার একটি
ক্যাফেতে যান।

কর্মকর্তাদের ভাষ্য, ওই তরুণী জানতেন ক্যাফেটির চাবি একটি ফুলের টবের নিচে রাখা থাকে।
পরে তিনি সহকর্মীদের নিয়ে সেখান থেকে চাবি বের করে বন্ধ ক্যাফেটি খোলেন। ভেতরে তাঁরা
আবারও পার্টি করেন এবং মদ্যপান করেন। ভোররাত সাড়ে ৩টার দিকে সবাই ক্যাফে থেকে বেরিয়ে
যান।

পুলিশ জানায়, ভোর আনুমানিক ৫টা ৪৫ মিনিটে ওই তরুণী এক পুরুষ বন্ধুকে সঙ্গে নিয়ে পুলিশ
নিয়ন্ত্রণ কক্ষে (পিসিআর) ফোন করেন। পরে তাঁকে থানায় নেওয়া হয় এবং স্বাস্থ্য পরীক্ষার
জন্য পাঠানো হয়।

পুলিশের কাছে দেওয়া অভিযোগে তরুণী জানান, তাঁর দুই পুরুষ সহকর্মী তাঁকে যৌন নির্যাতন
করেছেন। এ সময় দলের অন্য চারজন ঘটনাটি দেখলেও কেউ বাধা দেননি বলে অভিযোগ করেন তিনি।

এ ঘটনায় দলবদ্ধ ধর্ষণের অভিযোগে মামলা করেছে পুলিশ। দুই নারীসহ তিনজনকে গ্রেপ্তার করা
হয়েছে। পলাতক বাকি তিনজনকে গ্রেপ্তারে অভিযান চলছে।

**আরও পড়ুন:**

 * [কালীগঞ্জে লকডাউন ঘিরে নাশকতার অভিযোগে ছাত্রলীগের দুই কর্মী গ্রেপ্তার](https://www.jhenedarkagoj.com/jhenaidah-khobor/kaliganj-news/%e0%a6%95%e0%a6%be%e0%a6%b2%e0%a7%80%e0%a6%97%e0%a6%9e%e0%a7%8d%e0%a6%9c%e0%a7%87-%e0%a6%b2%e0%a6%95%e0%a6%a1%e0%a6%be%e0%a6%89%e0%a6%a8-%e0%a6%98%e0%a6%bf%e0%a6%b0%e0%a7%87-%e0%a6%a8%e0%a6%be/)
 * [ঝিনাইদহে সন্ত্রাসবিরোধী মামলায় ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার](https://www.jhenedarkagoj.com/jhenaidah-khobor/jhenaidah-sadar/%e0%a6%9d%e0%a6%bf%e0%a6%a8%e0%a6%be%e0%a6%87%e0%a6%a6%e0%a6%b9%e0%a7%87-%e0%a6%b8%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%be%e0%a6%b8%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%b0%e0%a7%8b%e0%a6%a7-2/)
