# গরু জবাই বন্ধে কঠোর ব্যবস্থা, নতুন আইন আনার ঘোষণা শুভেন্দুর

- Link: https://www.jhenedarkagoj.com/world-news/%e0%a6%97%e0%a6%b0%e0%a7%81-%e0%a6%9c%e0%a6%ac%e0%a6%be%e0%a6%87-%e0%a6%ac%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a7%e0%a7%87-%e0%a6%95%e0%a6%a0%e0%a7%8b%e0%a6%b0-%e0%a6%ac%e0%a7%8d%e0%a6%af%e0%a6%ac%e0%a6%b8/
- Published: 2026-11-24T11:24:41+06:00
- Author: Mijanur Raman Mijanur Raman

ঝিনেদার কাগজ ডেস্কThank you for reading this post, don't forget to subscribe! পশ্চিমবঙ্গে গরু জবাই বন্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার ঘোষণা দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এ বিষয়ে প্রচলিত আইনের পাশাপাশি নতুন আইন প্রণয়নের উদ্যোগ নেওয়া হচ্ছে বলেও জানিয়েছেন তিনি। একই সঙ্গে গোশালার উন্নয়ন ও বয়স্ক গরুর রক্ষণাবেক্ষণে আর্থিক সহায়তার ঘোষণা দিয়েছেন মুখ্যমন্ত্রী। সম্প্রতি পশ্চিমবঙ্গের প্রাণিসম্পদ বিকাশ দপ্তরের উদ্যোগে ‘গোকুল মিশন’ চালুর অনুষ্ঠানে এসব কথা বলেন শুভেন্দু অধিকারী। তিনি জানান, গোশালাগুলোকে বছরে এক লাখ টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হবে। পাশাপাশি দুগ্ধ উৎপাদনকারী গরু কেনার প্রকল্প এবং বয়স্ক গরুর পরিচর্যার উদ্যোগ নেওয়া হয়েছে। গরু জবাইয়ের বিষয়ে কঠোর অবস্থান জানিয়ে মুখ্যমন্ত্রী বলেন, ‘পরিষ্কার কথা শুনে রাখুন, গোমাতা কাটতে দেব না। আইন দেখছি, বিলও আনব। এই রাজ্যে গোমাতাকে কাটতে দেব না। এখানে এসব চলবে না। গোমাতার ওপর হাত ওঠাতে দেব না।’ তিনি আরও বলেন, বর্তমানে ১৯৫০ সালের ক্যাটল অ্যাক্ট এবং হাইকোর্টের রায় অনুযায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে। অনুমোদিত কসাইখানায় যেসব প্রাণী জবাইয়ের অনুমতি রয়েছে, সেখানে তা করা যাবে। তবে গোপনে আইনবিরোধী কর্মকাণ্ড চালানো হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এ ক্ষেত্রে খড়গপুর ও হাওড়ার বাঁকড়ায় অভিযানের উদাহরণও তুলে ধরেন তিনি। এদিকে মুখ্যমন্ত্রীর বক্তব্যের পরিপ্রেক্ষিতে গরু পাচার নিয়ে নতুন করে তদন্তের দাবি জানিয়েছেন গণতান্ত্রিক তৃণমূলের আখরুজ্জামান। তিনি বলেন, ২০১৩ থেকে ২০১৭ সাল পর্যন্ত মুর্শিদাবাদসহ পশ্চিমবঙ্গের বিভিন্ন এলাকা দিয়ে বাংলাদেশসহ বিভিন্ন দেশে গরু পাচারের ঘটনায় কারা জড়িত ছিল, তা নতুন করে তদন্ত করা প্রয়োজন। পাচারকারীদের কাছ থেকে কারা সুবিধা নিয়েছেন, সেটিও তদন্তের মাধ্যমে বের করার দাবি জানান তিনি। অন্যদিকে সিপিএম নেতা বিকাশরঞ্জন ভট্টাচার্য মুখ্যমন্ত্রীর বক্তব্যের সমালোচনা করেছেন। তাঁর অভিযোগ, এ ধরনের বক্তব্যের মাধ্যমে হিন্দুত্ববাদী চিন্তাধারা প্রতিষ্ঠা এবং সমাজে ধর্মীয় বিভাজন তৈরির চেষ্টা করা হচ্ছে। তিনি বলেন, সব ধর্মের মানুষের বিশ্বাস ও ধর্মীয় আচারের প্রতি সমান সম্মান থাকা প্রয়োজন। তাঁর মতে, পশ্চিমবঙ্গে ধর্মীয় বিভাজনের রাজনীতি নতুন করে সামনে আনা হচ্ছে। গরু জবাই নিয়ন্ত্রণ, গোশালার উন্নয়ন এবং প্রস্তাবিত নতুন আইন নিয়ে পশ্চিমবঙ্গের রাজনৈতিক অঙ্গনে এ বক্তব্যকে কেন্দ্র করে আলোচনা তৈরি হয়েছে। আরও পড়ুন: খ্রিষ্টান নানা–নানির আদরে বড় হলেও নিজের মুসলিম পরিচয় ভোলেননি আল–সাইয়েদ সৌদি আরবের রাবিগ তেল শোধনাগারে ক্ষেপণাস্ত্র হামলার দাবি হুতিদের
