মোঃ জাহাঙ্গীর আলম, কোটচাঁদপুর (ঝিনাইদহ) সংবাদদাতা:
মানবাধিকার সুরক্ষা ও বাস্তবায়নে ঐক্যবদ্ধ হই—এই স্লোগানকে সামনে রেখে ঝিনাইদহের কোটচাঁদপুরে অধিকার বাস্তবায়ন ফাউন্ডেশন (এবিএফ)-এর উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৫ আগস্ট) বিকেলে কোটচাঁদপুর শহরের পৌর পাঠাগার মিলনায়তনে উপজেলা শাখার আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ-৩ আসনের জাতীয় সংসদ সদস্য অধ্যাপক মতিয়ার রহমান।
সভায় মানবাধিকারকে মানুষের মর্যাদা, স্বাধীনতা, ন্যায়বিচার ও সমঅধিকারের অন্যতম ভিত্তি হিসেবে উল্লেখ করে বক্তারা বলেন, একটি মানবিক ও ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় জাতিসংঘ ঘোষিত মানবাধিকারের মূলনীতি বাস্তবায়নে রাষ্ট্র, সমাজ, বিভিন্ন সংগঠন এবং সাধারণ মানুষকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। সমাজে নির্যাতন, বৈষম্য, অন্যায় ও অধিকারবঞ্চনার বিরুদ্ধে সচেতনতা সৃষ্টি এবং আইন ও ন্যায়ের শাসন প্রতিষ্ঠায় সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
সাংবাদিক জাহাঙ্গীর আলম এর সভাপতিত্বে ও মোস্তাফিজুর রহমান আপেল এর সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কোটচাঁদপুর উপজেলা শাখার আমির মাস্টার আজিজুর রহমান, পৌর আমির মুহাদ্দিস আব্দুল কাইয়ুম এবং যুব, মিডিয়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক শরিফুল ইসলাম।
আলোচনায় মানবাধিকার সুরক্ষা, নাগরিক অধিকার বাস্তবায়ন এবং সমাজের বিভিন্ন অনিয়ম ও অসঙ্গতি তুলে ধরার ক্ষেত্রে গণমাধ্যমের দায়িত্ব ও ভূমিকা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। বক্তারা বলেন, বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতা সমাজের অসঙ্গতি তুলে ধরার পাশাপাশি মানুষের ন্যায্য অধিকার আদায়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
বক্তারা আরও বলেন, মানবাধিকার শুধু একটি সংগঠনের বিষয় নয়; এটি প্রতিটি মানুষের মর্যাদা ও নিরাপদ জীবন নিশ্চিত করার সঙ্গে সম্পর্কিত। তাই অধিকার লঙ্ঘনের ঘটনা প্রতিরোধ, সচেতনতা বৃদ্ধি এবং ন্যায়বিচার প্রতিষ্ঠায় পারস্পরিক সহযোগিতা ও ঐক্যের বিকল্প নেই।
সভায় অধিকার বাস্তবায়ন ফাউন্ডেশন (এবিএফ) কোটচাঁদপুর উপজেলা শাখার নেতৃবৃন্দ, গণমাধ্যমকর্মী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
সভায় “জাতিসংঘ ঘোষিত মানবাধিকার বাস্তবায়নে অঙ্গীকারবদ্ধ” থাকার প্রত্যয় ব্যক্ত করে মানবাধিকার সুরক্ষা ও বাস্তবায়নে সকলের সম্মিলিত অংশগ্রহণের আহ্বান জানানো হয়।