# সাক্ষাৎকার দিতে গিয়ে হঠাৎ জ্ঞান হারিয়ে মাঠে লুটিয়ে পড়লেন বিশ্বকাপজয়ী পারেদেস

- Link: https://www.jhenedarkagoj.com/sports-news/%e0%a6%b8%e0%a6%be%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b7%e0%a6%be%e0%a7%8e%e0%a6%95%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%a6%e0%a6%bf%e0%a6%a4%e0%a7%87-%e0%a6%97%e0%a6%bf%e0%a7%9f%e0%a7%87-%e0%a6%b9%e0%a6%a0%e0%a6%be/
- Published: 2026-11-23T07:25:47+06:00
- Author: Mijanur Raman Mijanur Raman

ক্রীড়া ডেস্ক Thank you for reading this post, don't forget to subscribe! লাতিন আমেরিকার ক্লাব ফুটবলের শিরোপা জয়ের আনন্দের মধ্যেই অসুস্থ হয়ে পড়েছেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী ফুটবলার লিয়ান্দ্রো পারেদেস। বোকা জুনিয়র্সের হয়ে ফাইনাল জয়ের পর মাঠে সাক্ষাৎকার দেওয়ার সময় হঠাৎ জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পড়েন ৩২ বছর বয়সী এই মিডফিল্ডার। পরে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে ওঠেন তিনি। কলম্বিয়ার বারানকুইয়ায় অনুষ্ঠিত ফাইনালে অ্যাটলেটিকো মিনেইরোকে ২-০ গোলে হারিয়ে শিরোপা জেতে পারেদেসের দল বোকা জুনিয়র্স। ম্যাচ শেষে অধিনায়ক হিসেবে সংবাদমাধ্যমকে সাক্ষাৎকার দিচ্ছিলেন তিনি। এ সময় হঠাৎ কথা বলতে বলতেই মাটিতে পড়ে যান পারেদেস। সাক্ষাৎকার গ্রহণকারী সাংবাদিক তাঁকে ধরে রাখার চেষ্টা করলেও দ্রুত জ্ঞান হারানোয় তা সম্ভব হয়নি। ঘটনার পরপরই বোকা জুনিয়র্সের চিকিৎসক দল মাঠে তাঁর প্রাথমিক চিকিৎসা শুরু করে। কিছুক্ষণ পর জ্ঞান ফিরে পেলে নিজেই হেঁটে সাজঘরে যান এই আর্জেন্টাইন তারকা। পরে তাঁকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়। তাঁর চিকিৎসার কারণে দলের দেশে ফেরার সূচিতেও পরিবর্তন আনতে হয়। পরবর্তী সময়ে হাসপাতাল থেকে নিজের শারীরিক অবস্থার খবর জানান পারেদেস। সতীর্থরা তাঁকে দেখতে হাসপাতালে যান। পরে তাঁদের সঙ্গে হোটেলে ফেরেন তিনি এবং দলের শিরোপা জয়ের আনন্দেও যোগ দেন। হঠাৎ অসুস্থ হয়ে পড়ার সম্ভাব্য কারণ হিসেবে কলম্বিয়ার প্রচণ্ড গরম ও আর্দ্র আবহাওয়ার কথা সামনে এসেছে। ম্যাচ চলাকালেও অস্বস্তিতে ভুগছিলেন পারেদেস। শারীরিক সমস্যার কারণে তাঁকে ৫৮ মিনিটে মাঠ থেকে তুলে নেওয়া হয়। এরপর বেঞ্চে বসে তাঁকে ঠান্ডা রাখার চেষ্টা করেন দলের সদস্যরা। বোকা জুনিয়র্সের কোচ রোডলফো জানান, প্রথমার্ধের শেষ দিকে পারেদেসের মাথা ঝিমঝিম করতে শুরু করে। বিরতির সময় তাঁর শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হলেও দ্বিতীয়ার্ধে আরও প্রায় ১০ মিনিট খেলার পর আবারও অস্বস্তি দেখা দেয়। ম্যাচের প্রচণ্ড গরম ও আর্দ্রতার কারণে পারেদেসের এমন শারীরিক পরিস্থিতি তৈরি হয়েছিল কি না, তা নিয়ে আলোচনা চলছে। তবে তাঁর জ্ঞান হারানোর প্রকৃত কারণ সম্পর্কে চিকিৎসকদের নিশ্চিত বক্তব্য জানা যায়নি। আরও পড়ুন: ধোনির অবসরে আইপিএলের ব্যবসায় কী প্রভাব পড়বে বেলজিয়ামের কাছে ইতালির বড় হার, গ্রুপ চ্যাম্পিয়ন ফ্রান্স
