# রিয়াল মাদ্রিদের তরুণ মিডফিল্ডারকে নিয়ে আর্জেন্টিনা-স্পেনের লড়াই

- Link: https://www.jhenedarkagoj.com/sports-news/%e0%a6%b0%e0%a6%bf%e0%a7%9f%e0%a6%be%e0%a6%b2-%e0%a6%ae%e0%a6%be%e0%a6%a6%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%bf%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b0/
- Published: 2026-11-24T11:37:21+06:00
- Author: Mijanur Raman Mijanur Raman

খেলা ডেস্কThank you for reading this post, don't forget to subscribe! রিয়াল মাদ্রিদের একাডেমিতে বেড়ে ওঠা ১৯ বছর বয়সী কার্লোস দিয়েজকে জাতীয় দলে পেতে আগ্রহী আর্জেন্টিনা ও স্পেন। দুই দেশেরই হয়ে খেলার যোগ্যতা রয়েছে এই তরুণ মিডফিল্ডারের। ফলে তাঁকে নিজেদের দলে টানতে দুই ফুটবল ফেডারেশনের মধ্যে শুরু হয়েছে প্রতিযোগিতা। স্পেনের হয়ে বয়সভিত্তিক একটি ম্যাচ খেললেও তাঁকে নিয়ে আশাবাদী আর্জেন্টিনাও। কার্লোস দিয়েজের জন্ম স্পেনের মাদ্রিদে। বর্তমানে তিনি রিয়াল মাদ্রিদের ‘সি’ দলের অধিনায়ক। স্প্যানিশ নাগরিকত্বের পাশাপাশি মায়ের জন্মসূত্রে আর্জেন্টিনার হয়েও খেলার সুযোগ রয়েছে তাঁর। রিয়ালের একাডেমিতে নিজের প্রতিভার স্বাক্ষর রেখে ইতিমধ্যে নজর কেড়েছেন দুই দেশের ফুটবল কর্তাদের। রিয়াল মাদ্রিদের দ্বিতীয় রিজার্ভ দল ‘সি’ স্পেনের চতুর্থ স্তরের ফুটবল লিগে খেলে। এই দলের হয়ে গত মৌসুমে ২১ গোল করেছেন দিয়েজ। তাঁর অর্জনের তালিকায় রয়েছে লিগ, চ্যাম্পিয়নস কাপ, উয়েফা যুব লিগ ও অনূর্ধ্ব-২০ ইন্টারকন্টিনেন্টাল কাপের শিরোপা। আর্জেন্টিনার সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টস জানিয়েছে, ইউরোপে বেড়ে ওঠা তরুণ প্রতিভাদের জাতীয় দলে যুক্ত করার পরিকল্পনার অংশ হিসেবে দিয়েজের ওপর নজর রাখছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)। দিয়েজকে দলে চায় আর্জেন্টিনা আর্জেন্টিনার অনূর্ধ্ব-১৭ ও অনূর্ধ্ব-২০ দলের কোচ দিয়েগো প্লাসেন্তে বেশ কিছুদিন ধরেই দিয়েজের খোঁজখবর রাখছেন। চলতি নভেম্বরে তাঁকে অনূর্ধ্ব-২০ দলের সঙ্গে অনুশীলন করানোর উদ্যোগও নেওয়া হয়েছিল। তবে খেলোয়াড় ছাড়ার বাধ্যবাধকতা না থাকায় রিয়াল মাদ্রিদ তাঁকে ছাড়েনি। কাতারে চলমান অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপে মোজাম্বিকের বিপক্ষে আর্জেন্টিনার জয়ের পর স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কার সঙ্গে কথা বলেন প্লাসেন্তে। দিয়েজকে নিয়ে নিজের আগ্রহের কথা জানিয়ে তিনি বলেন, ‘আমরা তাঁর মান সম্পর্কে জানি। চেয়েছিলাম, ফিফার নভেম্বরের বিরতিতে সে আসুক, যাতে দলের সঙ্গে অনুশীলন করতে পারে।’ ইউরোপে বেড়ে ওঠা ফুটবলারদের দক্ষিণ আমেরিকার ফুটবলের সঙ্গে পরিচিত করানোর গুরুত্বও তুলে ধরেন তিনি। দিয়েজকে দলে পাওয়ার সম্ভাবনা নিয়ে প্রশ্ন করা হলে নিকো পাজের পথ অনুসরণের প্রসঙ্গেও ইতিবাচক ইঙ্গিত দেন এই কোচ। স্পেনও রাখছে নজর আর্জেন্টিনার হয়ে খেলার যোগ্যতা থাকা ইউরোপে জন্ম নেওয়া তরুণদের খুঁজে বের করতে এএফএর বিশেষ স্কাউটিং কার্যক্রম রয়েছে। এ ধরনের ফুটবলারদের ‘ইউরোপিবেস’ নামে ডাকা হয়। দিয়েজও রয়েছেন এই তালিকায়। অন্যদিকে স্প্যানিশ ফুটবল ফেডারেশনও তাঁকে নিয়ে আগ্রহ দেখাচ্ছে। স্পেন অনূর্ধ্ব-২০ দলের সম্ভাব্য খেলোয়াড়দের তালিকায় তাঁর নাম রেখেছেন কোচ পাকো গ্যালার্দো। গত জানুয়ারিতে ইতালির বিপক্ষে স্পেন অনূর্ধ্ব-১৯ দলের হয়ে একটি প্রীতি ম্যাচে ৪৫ মিনিট খেলেছেন দিয়েজ। তবে আগামী অনূর্ধ্ব-২০ বিশ্বকাপের জন্য স্পেনের হালনাগাদ দলে এখনো জায়গা হয়নি তাঁর। আগামী বছরের ১৭ সেপ্টেম্বর থেকে ৯ অক্টোবর আজারবাইজান ও উজবেকিস্তানে এই টুর্নামেন্ট আয়োজনের কথা রয়েছে। সেখানে অংশ নেওয়ার কথা আর্জেন্টিনারও। মাঝমাঠে মদরিচের আদর্শ কার্লোস দিয়েজকে নিয়ে দুই দেশের আগ্রহের পেছনে রয়েছে তাঁর ফুটবলীয় দক্ষতাও। তিনি মূলত বক্স-টু-বক্স মিডফিল্ডার। মাঝমাঠের বিভিন্ন পজিশনে খেলতে পারেন। দুই পায়েই সমান দক্ষতা থাকায় আক্রমণ ও রক্ষণ—দুই ক্ষেত্রেই অবদান রাখতে সক্ষম। দিয়েজের আদর্শ ফুটবলার ক্রোয়েশিয়ার সাবেক তারকা লুকা মদরিচ। মদরিচের মতো মাঝমাঠে খেলার গতি ও ছন্দ নিয়ন্ত্রণ করতে পছন্দ করেন তিনি। তাঁর পছন্দের জার্সি নম্বরও ১০। রিয়াল মাদ্রিদের একাডেমিতে নিকো পাজের সঙ্গে একই কোচ আলভারো আরবেলোয়ার অধীনে কাজ করেছেন দিয়েজ। গত এপ্রিলে বেলজিয়ান ক্লাব ব্রুগাকে টাইব্রেকারে হারিয়ে উয়েফা যুব লিগ জেতে রিয়ালের অনূর্ধ্ব-১৯ দল। সেই দলের অধিনায়ক ছিলেন দিয়েজ। এখন প্রশ্ন, নিকো পাজের মতো শেষ পর্যন্ত আর্জেন্টিনার জার্সি বেছে নেবেন, নাকি স্পেনের হয়েই আন্তর্জাতিক ফুটবলে নিজের ভবিষ্যৎ গড়বেন কার্লোস দিয়েজ? দুই দেশের আগ্রহের মধ্যে তাঁর সিদ্ধান্তের অপেক্ষায় ফুটবলপ্রেমীরা। আরও পড়ুন: মেসির স্মৃতিবিজড়িত মাঠে খেলবে না আর্জেন্টিনা লিভারপুলের গোলবন্যায় বিধ্বস্ত পচেত্তিনোর ম্যানইউ
