# গিলের দাবি নাকচ, লালা ব্যবহারের নিষেধাজ্ঞা বহাল রাখল আইসিসি

- Link: https://www.jhenedarkagoj.com/sports-news/%e0%a6%97%e0%a6%bf%e0%a6%b2%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%a6%e0%a6%be%e0%a6%ac%e0%a6%bf-%e0%a6%a8%e0%a6%be%e0%a6%95%e0%a6%9a-%e0%a6%b2%e0%a6%be%e0%a6%b2%e0%a6%be-%e0%a6%ac%e0%a7%8d%e0%a6%af%e0%a6%ac/
- Published: 2026-11-25T10:57:41+06:00
- Author: Mijanur Raman Mijanur Raman

**ক্রীড়া ডেস্ক**

Thank you for reading this post, don't forget to subscribe!

বলে থুতু বা লালা ব্যবহারের নিষেধাজ্ঞা তুলে নেওয়ার দাবি জানিয়েছিলেন ভারতের অধিনায়ক
শুবমান গিল। তবে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) আপাতত এ নিয়ম শিথিল করার কোনো
পরিকল্পনা করছে না।

নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়েলিংটনে সিরিজের প্রথম টেস্ট ড্র হওয়ার পর গিল বলেছিলেন, 
বোলারদের রিভার্স সুইং পেতে সহায়তা করার জন্য বলে লালা ব্যবহারের অনুমতি ফিরিয়ে দেওয়া
উচিত।

তবে বার্তা সংস্থা এএফপির তথ্য অনুযায়ী, আইসিসি এখনই এ বিষয়ে নিয়ম পরিবর্তনের কথা ভাবছে
না। সংস্থাটির বিবেচনায়, বলে লালা ব্যবহার করলে বলের অবস্থা অন্যায্যভাবে পরিবর্তনের
সুযোগ তৈরি হতে পারে। বিশেষ করে মিষ্টিজাতীয় খাবার, চুইংগাম বা মিন্টের সঙ্গে লালা 
মিশে বলের ওপর প্রভাব ফেলতে পারে। মাঠে এ ধরনের ব্যবহার পর্যবেক্ষণ ও নিয়ন্ত্রণ করাও
কঠিন।

করোনাভাইরাস মহামারির সময় ২০২০ সালে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে বলে লালা ব্যবহার 
নিষিদ্ধ করে আইসিসি। দুই বছর পর নিষেধাজ্ঞাটি স্থায়ী করা হয়।

ক্রিকেটে পুরোনো বলের এক পাশ চকচকে রাখতে লালা ব্যবহার করা হতো। এতে বলের দুই পাশের
অবস্থার পার্থক্য তৈরি হয়ে পেসারদের সুইং পেতে সুবিধা হতো।

প্রথম টেস্ট ড্র হওয়ার পর গিল বলেন, কোভিড পরিস্থিতি অনেক আগেই স্বাভাবিক হলেও বলে 
লালা ব্যবহারের নিষেধাজ্ঞা এখনো বহাল রয়েছে। তাঁর মতে, এই নিয়মের কারণে বোলাররা উইকেট
পেতে সমস্যায় পড়ছেন।

ওই ম্যাচে ভারত প্রথম ইনিংসে ৯ উইকেটে ৭২০ রান করে ইনিংস ঘোষণা করে। জবাবে নিউজিল্যান্ড
১২০ ওভার ব্যাট করে ৫ উইকেটে ২৩৯ রান তুলে ম্যাচ ড্র করে।

এদিকে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) গত বছর বলে লালা ব্যবহারের নিষেধাজ্ঞা তুলে
নেওয়া হয়েছে। তবে আন্তর্জাতিক ক্রিকেটে একই সিদ্ধান্ত নেওয়ার প্রয়োজনীয়তা দেখছে না 
আইসিসি।

ভারত ও নিউজিল্যান্ডের মধ্যে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট শুক্রবার ক্রাইস্টচার্চে 
শুরু হওয়ার কথা। ম্যাচটি সামনে রেখে দুই দলই পেসারদের সহায়ক ঘাসযুক্ত উইকেটের প্রত্যাশা
করছে।

**আরও পড়ুন:**

 * [পোশাক পরে কালীগঞ্জ বিএনপির র‍্যালিতে ওসির অংশগ্রহণে জামায়াতের নিন্দা ও প্রত্যাহারের দাবি](https://www.jhenedarkagoj.com/jhenaidah-khobor/kaliganj-news/%e0%a6%93%e0%a6%b8%e0%a6%bf-%e0%a6%9c%e0%a7%81%e0%a6%b2%e0%a6%ab%e0%a6%bf%e0%a6%95%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%86%e0%a6%b2%e0%a7%80/)
 * [শ্রমিকদের নতুন মজুরি নির্ধারণে তিন দিনের সময়সীমা, শ্রমমন্ত্রীর পদত্যাগ দাবি](https://www.jhenedarkagoj.com/national/%e0%a6%b6%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%ae%e0%a6%bf%e0%a6%95%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%a8%e0%a6%a4%e0%a7%81%e0%a6%a8-%e0%a6%ae%e0%a6%9c%e0%a7%81%e0%a6%b0%e0%a6%bf-%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%b0/)
