# এমএলএসের সেরা তরুণ ফুটবলার বাংলাদেশি বংশোদ্ভূত কাভান সুলিভান

- Link: https://www.jhenedarkagoj.com/sports-news/%e0%a6%8f%e0%a6%ae%e0%a6%8f%e0%a6%b2%e0%a6%8f%e0%a6%b8%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%b8%e0%a7%87%e0%a6%b0%e0%a6%be-%e0%a6%a4%e0%a6%b0%e0%a7%81%e0%a6%a3-%e0%a6%ab%e0%a7%81%e0%a6%9f%e0%a6%ac%e0%a6%b2/
- Published: 2026-11-24T11:22:24+06:00
- Author: Mijanur Raman Mijanur Raman

ঝিনেদার কাগজ ডেস্কThank you for reading this post, don't forget to subscribe! যুক্তরাষ্ট্রের ফুটবলে একের পর এক ইতিহাস গড়ছেন বাংলাদেশি বংশোদ্ভূত তরুণ ফুটবলার কাভান সুলিভান। এবার মেজর লিগ সকারের (এমএলএস) ২০২৬ সালের সেরা তরুণ খেলোয়াড় নির্বাচিত হয়েছেন ফিলাডেলফিয়া ইউনিয়নের এই অ্যাটাকিং মিডফিল্ডার। মাত্র ১৭ বছর ৫৬ দিন বয়সে এ পুরস্কার জিতে সবচেয়ে কম বয়সে এমএলএসের সেরা তরুণ খেলোয়াড় হওয়ার রেকর্ড গড়েছেন তিনি। ২০০৪ সালের ১ জানুয়ারি বা তার পর জন্ম নেওয়া খেলোয়াড়দের মধ্য থেকে এই পুরস্কার দেওয়া হয়। এমএলএস ক্লাবগুলোর কারিগরি কর্মকর্তা, সংবাদমাধ্যমের প্রতিনিধি ও পেশাদার ফুটবলারদের ভোটে বিজয়ী নির্বাচিত হন। মোট ভোটের ৬৫ দশমিক ০৬ শতাংশ পেয়েছেন সুলিভান। তিনটি ভোটিং ক্যাটাগরির প্রতিটিতেই শীর্ষস্থান অর্জন করেন তিনি। সংবাদমাধ্যমের প্রতিনিধিদের ৮০ শতাংশ এবং সহকর্মী পেশাদার খেলোয়াড়দের ৬০ দশমিক ৩৪ শতাংশ ভোট পান এই তরুণ ফুটবলার। এই স্বীকৃতি অর্জনের পথে যুক্তরাষ্ট্র জাতীয় দলের দুই উদীয়মান সতীর্থকে পেছনে ফেলেছেন সুলিভান। দ্বিতীয় হয়েছেন নিউইয়র্ক রেড বুলসের জুলিয়ান হল এবং তৃতীয় হয়েছেন আদ্রি মেহমেতি। এমএলএসে নিয়মিত খেলোয়াড় হিসেবে নিজের প্রথম মৌসুমেই দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়েছেন সুলিভান। ২৯ ম্যাচে ৯ গোল করার পাশাপাশি সতীর্থদের দিয়ে ১৪টি গোল করিয়েছেন তিনি। অর্থাৎ এক মৌসুমে মোট ২৩ গোলে অবদান রেখেছেন এই আক্রমণাত্মক মিডফিল্ডার। এর মধ্য দিয়ে এমএলএসে কিশোর খেলোয়াড় হিসেবে এক মৌসুমে সর্বোচ্চ গোলে অবদানের রেকর্ড গড়েছেন। এ ছাড়া টানা ১০ ম্যাচে গোল অথবা গোলে সহায়তা করে আরেকটি রেকর্ড গড়েছেন তিনি। কোনো কিশোর ফুটবলারের টানা এত ম্যাচে গোলে অবদানের নজির এমএলএসে আগে ছিল না। গত সেপ্টেম্বরে লিগের মাসসেরা খেলোয়াড় নির্বাচিত হয়েও সবচেয়ে কম বয়সে এই স্বীকৃতি পাওয়ার রেকর্ড গড়েন সুলিভান। গত সেপ্টেম্বরে যুক্তরাষ্ট্র জাতীয় দলেও ডাক পান তিনি। জাতীয় দলের মূল একাদশে দ্বিতীয় সর্বকনিষ্ঠ খেলোয়াড় হিসেবে অভিষেকের পর ১৭ বছর ৫ দিন বয়সে গোল করে যুক্তরাষ্ট্রের ইতিহাসে সর্বকনিষ্ঠ গোলদাতার রেকর্ড গড়েন। কাভান সুলিভানের সঙ্গে বাংলাদেশের রয়েছে পারিবারিক যোগসূত্র। তিনি বাংলাদেশের বয়সভিত্তিক জাতীয় দলের দুই ফুটবলার রোনান ও ডেকলান সুলিভানের ভাই। তাঁদের নানি সুলতানা বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্রে গিয়ে বসতি গড়েন। সেই সূত্রে যুক্তরাষ্ট্রের ফুটবলে কাভান সুলিভানের সাফল্য বাংলাদেশের ফুটবলপ্রেমীদের কাছেও বিশেষ আগ্রহের বিষয় হয়ে উঠেছে। আরও পড়ুন: লিভারপুলের গোলবন্যায় বিধ্বস্ত পচেত্তিনোর ম্যানইউ আজ টিভিতে দেখা যাবে যেসব খেলা
