# দেশ ছাড়লেও শেখ হাসিনা প্রতিশোধের রাজনীতি করছেন: রিজভী

- Link: https://www.jhenedarkagoj.com/politics/%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b6-%e0%a6%9b%e0%a6%be%e0%a7%9c%e0%a6%b2%e0%a7%87%e0%a6%93-%e0%a6%b6%e0%a7%87%e0%a6%96-%e0%a6%b9%e0%a6%be%e0%a6%b8%e0%a6%bf%e0%a6%a8%e0%a6%be-%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0/
- Published: 2026-11-24T11:20:47+06:00
- Author: Mijanur Raman Mijanur Raman

ঝিনেদার কাগজ ডেস্কThank you for reading this post, don't forget to subscribe! ছাত্র-জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে দেশ ছাড়লেও শেখ হাসিনার রাজনৈতিক অবস্থান ও কর্মকাণ্ডে পরিবর্তন আসেনি বলে অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। তাঁর দাবি, ক্ষমতার মোহ থেকে বের হতে না পেরে শেখ হাসিনা এখনো দেশে অগ্নিসন্ত্রাস ও নাশকতার রাজনীতি চালিয়ে যাচ্ছেন। সোমবার (২৩ নভেম্বর) সন্ধ্যায় জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ‘পতিত ফ্যাসিস্ট আওয়ামী লীগ ও তার দোসরদের দেশব্যাপী পরিকল্পিত নৈরাজ্য ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে’ অ্যাসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (এ্যাব) এ সমাবেশের আয়োজন করে। রিজভী বলেন, গণঅভ্যুত্থানের মুখে দেশ ছেড়ে পার্শ্ববর্তী দেশে আশ্রয় নিয়েও শেখ হাসিনা থেমে নেই। গত ১৭ বছর ক্ষমতায় থাকাকালে তিনি যে দমন-পীড়ন ও প্রতিহিংসার নীতি অনুসরণ করেছেন, এখনো সেই পথেই হাঁটছেন। মানুষের মৌলিক ও গণতান্ত্রিক অধিকার হরণ করে দেশ ছাড়লেও তাঁর হিংসাত্মক আচরণের পরিবর্তন হয়নি বলে মন্তব্য করেন তিনি। দেশের বিভিন্ন স্থানে অগ্নিসংযোগ ও নাশকতার অভিযোগ তুলে বিএনপির এই নেতা বলেন, বিএনপি নেতাকর্মীদের বাড়িঘর, গাড়ি, পোশাক কারখানা এবং পুলিশের স্থাপনায় আগুন দেওয়া হচ্ছে। বিদেশে পাচার করা অর্থ থেকে মোবাইল ব্যাংকিং সেবা বিকাশের মাধ্যমে টাকা পাঠিয়ে দেশে অবস্থানরত সন্ত্রাসীদের দিয়ে এসব কর্মকাণ্ড চালানো হচ্ছে বলে দাবি করেন তিনি। নাশকতা মোকাবিলায় সরকারের ভূমিকা তুলে ধরে রিজভী বলেন, তারেক রহমানের নেতৃত্বে বিএনপি সরকার ধৈর্যের সঙ্গে গণতান্ত্রিক ও আইনি প্রক্রিয়ায় পরিস্থিতি মোকাবিলা করছে। অতীতের আওয়ামী লীগ সরকারের মতো নির্বিচারে গুলি চালিয়ে মানুষ হত্যা করা হচ্ছে না। এটিই তারেক রহমানের সঙ্গে শেখ হাসিনার পার্থক্য বলে মন্তব্য করেন তিনি। ভারতে অবস্থানরত আওয়ামী লীগ নেতাদের কর্মকাণ্ড নিয়েও প্রশ্ন তোলেন রিজভী। তিনি বলেন, পার্শ্ববর্তী দেশ থেকে কূটনৈতিক শিষ্টাচারের কথা বলা হলেও ভারতে অবস্থানরত আওয়ামী লীগের চার নেতা কীভাবে বাংলাদেশের সীমান্তবর্তী পেট্রাপোলে দেশটির ইমিগ্রেশন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করলেন, তা নিয়ে প্রশ্ন রয়েছে। রিজভীর প্রশ্ন, সরকারের সবুজ সংকেত ছাড়া দেশটির সরকারি কর্মকর্তারা কীভাবে পলাতক নেতাদের সঙ্গে বৈঠক করতে পারেন? এ ঘটনাকে তিনি গভীর ষড়যন্ত্রের ইঙ্গিত বলে উল্লেখ করেন। শিশু, কিশোর ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের হত্যার সঙ্গে জড়িতদের বিচারের বিষয়ে কঠোর অবস্থানের কথা জানিয়ে রিজভী বলেন, এসব হত্যাকারীর জায়গা বাংলাদেশের মাটিতে হবে না। দেশের সাধারণ মানুষ ঐক্যবদ্ধভাবে রাজপথে নেমে সব ষড়যন্ত্র প্রতিহত করবে। এ্যাবের সদস্যসচিব প্রকৌশলী শোয়েব বাশরী হাবলুর সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য দেন প্রকৌশলী খান মুর্শিদ, প্রকৌশলী হারুন অর রশিদ, প্রকৌশলী মিয়া মো. কাইয়ুম ও প্রকৌশলী এনায়েত হোসেন। আরও পড়ুন: জাতীয় ঐক্যের প্রশ্নে প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপে বসছে এনসিপি, দেবে দুই শর্ত জাতীয় ঐক্যে যেতে সরকারকে চার শর্ত দিলেন নাহিদ ইসলাম
