# গোপালগঞ্জ-নড়াইলের মহাসড়ক এলাকায় সরকারের নিয়ন্ত্রণ নিয়ে প্রশ্ন জামায়াতের

- Link: https://www.jhenedarkagoj.com/politics/%e0%a6%97%e0%a7%8b%e0%a6%aa%e0%a6%be%e0%a6%b2%e0%a6%97%e0%a6%9e%e0%a7%8d%e0%a6%9c-%e0%a6%a8%e0%a6%a1%e0%a6%bc%e0%a6%be%e0%a6%87%e0%a6%b2%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%ae%e0%a6%b9%e0%a6%be%e0%a6%b8%e0%a6%a1/
- Published: 2026-11-19T01:35:38+06:00
- Author: Mijanur Raman Mijanur Raman

**নিজস্ব প্রতিবেদক**

Thank you for reading this post, don't forget to subscribe!

দেশের বিভিন্ন অঞ্চলে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং জননিরাপত্তা নিয়ে গভীর উদ্বেগ
প্রকাশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার
বলেছেন, গোপালগঞ্জ, ফরিদপুরের ভাঙ্গা, নড়াইল ও পিরোজপুরের মহাসড়কসংলগ্ন এলাকাগুলোতে
সরকারের কার্যকর উপস্থিতি ও নিয়ন্ত্রণ নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে।

বুধবার সকালে জামায়াতের আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা শফিকুর রহমানের সভাপতিত্বে
দলের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়। পরে রাজধানীর মগবাজারে জামায়াতের
কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে বৈঠকের সিদ্ধান্ত ও দেশের সামগ্রিক পরিস্থিতি নিয়ে
দলের মূল্যায়ন তুলে ধরেন মিয়া গোলাম পরওয়ার।

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও নিয়ন্ত্রণে
থাকার বক্তব্যের সমালোচনা করে গোলাম পরওয়ার বলেন, জনগণের জানমালের নিরাপত্তা এবং সরকারি
স্থাপনা সুরক্ষায় স্বরাষ্ট্র মন্ত্রণালয় যথাযথ দায়িত্ব পালন করতে পারছে না বলে মনে 
করে জামায়াতের নির্বাহী পরিষদ।

তিনি বলেন, গোপালগঞ্জ, ফরিদপুরের ভাঙ্গা, নড়াইল ও পিরোজপুরের মহাসড়কসংলগ্ন এলাকাগুলোতে
রাষ্ট্রের কার্যকর অভিভাবকত্ব দৃশ্যমান হচ্ছে না। এসব এলাকার নিরাপত্তা নিশ্চিত করা
সরকারের দায়িত্ব। পরিস্থিতি মোকাবিলায় দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়া প্রয়োজন।

**রাষ্ট্রপতিকে দায়িত্ব পালনের আহ্বান**

রাষ্ট্রের গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলোর কার্যকারিতা নিয়ে প্রশ্ন তুলে জামায়াতের এই
নেতা বলেন, বর্তমান পরিস্থিতিতে রাষ্ট্রের অভিভাবক হিসেবে রাষ্ট্রপতির এগিয়ে আসা প্রয়োজন।
জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে রাষ্ট্রপতির পক্ষ থেকে প্রয়োজনীয় ভূমিকা ও 
সরকারকে নির্দেশনা দেওয়ার আহ্বান জানান তিনি।

**ডিসেম্বরজুড়ে জামায়াতের কর্মসূচি**

দেশের চলমান সংকটের জন্য সরকারের রাজনৈতিক অবস্থানকে দায়ী করেছে জামায়াতের কেন্দ্রীয়
নির্বাহী পরিষদ। গোলাম পরওয়ারের ভাষ্য অনুযায়ী, গণভোটের রায় উপেক্ষা করে সরকার একদলীয়
কর্তৃত্ববাদী মানসিকতায় দেশ পরিচালনার দিকে এগোচ্ছে বলে মনে করছে দলটি।

তিনি বলেন, সাম্প্রতিক ঘটনাপ্রবাহে সাধারণ মানুষের পাশাপাশি জামায়াতের নেতাকর্মীরাও
উদ্বিগ্ন। আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে। পুলিশের ওপর হামলা ও যানবাহন ভাঙচুরের
ঘটনাও ঘটছে। অনেক ক্ষেত্রে পুলিশ সদস্যদের অসহায় অবস্থায় দায়িত্বস্থল ছেড়ে যেতে হচ্ছে।

গোলাম পরওয়ার জানান, ডিসেম্বরজুড়ে জামায়াতের বিভিন্ন কর্মসূচি থাকবে। বৃহস্পতিবার সংবাদ
সম্মেলনের মাধ্যমে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা করা হবে। এ ছাড়া আগামী শনিবার রাজধানীতে
সন্ত্রাস ও সহিংসতার বিরুদ্ধে সমাবেশ ও বিক্ষোভ মিছিল করবে দলটি।

**আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টার অভিযোগ**

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা চলছে বলেও অভিযোগ করেছে জামায়াতের
নির্বাহী পরিষদ। গোলাম পরওয়ার দাবি করেন, সরকারের দুর্বলতা, প্রশাসনের একটি অংশের নিষ্ক্রিয়তা
এবং পরিকল্পিত ভূমিকার কারণে এ ধরনের পরিস্থিতি তৈরি হচ্ছে।

তিনি বলেন, সীমান্তের ওপারে অবস্থান করা আওয়ামী লীগের কিছু নেতাকর্মী দেশে প্রবেশ করতে
পারে—এমন তথ্য প্রশাসনের কর্মকর্তারা তাদের জানিয়েছেন। এ বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে
সহযোগিতাও চাওয়া হয়েছে বলে দাবি করেন তিনি।

গোলাম পরওয়ারের অভিযোগ, প্রশাসন, বিচার বিভাগ, পুলিশ ও সাংবিধানিক বিভিন্ন প্রতিষ্ঠানে
আগের সরকারের ঘনিষ্ঠ ব্যক্তিদের একটি অংশ এখনো সক্রিয় রয়েছে। তাদের চিহ্নিত করে আইনের
আওতায় আনার পাশাপাশি আওয়ামী লীগকে পুনর্বাসনের যেকোনো উদ্যোগ থেকে সরকারকে বিরত থাকার
আহ্বান জানান তিনি।

**পোশাকশ্রমিকদের আন্দোলন নিয়ে বক্তব্য**

সাম্প্রতিক পোশাকশ্রমিকদের আন্দোলন নিয়েও নিজেদের অবস্থান তুলে ধরেন জামায়াতের সেক্রেটারি
জেনারেল। তাঁর দাবি, গার্মেন্টস খাতের সহিংসতার পেছনে শ্রমিকদের দাবি-দাওয়ার পাশাপাশি
রাজনৈতিক উসকানিও রয়েছে।

তিনি অভিযোগ করেন, ফ্যাসিবাদী ও আধিপত্যবাদী শক্তি দেশের অর্থনীতি ও শিল্প খাতকে অস্থিতিশীল
করার উদ্দেশ্যে এসব ঘটনায় মদদ দিচ্ছে। পরিস্থিতি মোকাবিলায় সরকারকে কার্যকর পদক্ষেপ
নেওয়ার আহ্বান জানান তিনি।

**আরও পড়ুন:**

 * [জামায়াত–কওমির বিরোধ কেন, কোথা থেকে এর শুরু](https://www.jhenedarkagoj.com/jhenaidah-khobor/%e0%a6%9d%e0%a6%bf%e0%a6%a8%e0%a6%be%e0%a6%87%e0%a6%a6%e0%a6%b9/%e0%a6%9c%e0%a6%be%e0%a6%ae%e0%a6%be%e0%a6%af%e0%a6%bc%e0%a6%be%e0%a6%a4-%e0%a6%95%e0%a6%93%e0%a6%ae%e0%a6%bf%e0%a6%b0-%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%b0%e0%a7%8b%e0%a6%a7-%e0%a6%95%e0%a7%87%e0%a6%a8/)
 * [কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের হামলায় নড়াইলে সংঘর্ষে কৃষকদল ও জাসাসের দুই নেতা নিহত](https://www.jhenedarkagoj.com/%e0%a6%b0%e0%a6%be%e0%a6%9c%e0%a6%a8%e0%a7%80%e0%a6%a4%e0%a6%bf/%e0%a6%95%e0%a6%be%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%af%e0%a6%95%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%ae-%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%b7%e0%a6%bf%e0%a6%a6%e0%a7%8d%e0%a6%a7-%e0%a6%86-%e0%a6%b2%e0%a7%80%e0%a6%97%e0%a7%87-2/)
