# আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে শাহবাগে বিক্ষোভ, মোদি-হাসিনার ছবি ও ভারতীয় পতাকায় আগুন

- Link: https://www.jhenedarkagoj.com/politics/%e0%a6%86%e0%a6%93%e0%a6%af%e0%a6%bc%e0%a6%be%e0%a6%ae%e0%a7%80-%e0%a6%b2%e0%a7%80%e0%a6%97-%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%b7%e0%a6%bf%e0%a6%a6%e0%a7%8d%e0%a6%a7%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%a6%e0%a6%be/
- Published: 2026-11-27T21:35:20+06:00
- Author: Mijanur Raman Mijanur Raman

**অনলাইন ডেস্ক**

Thank you for reading this post, don't forget to subscribe!

আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে শাহবাগে বিক্ষোভ, মোদি-হাসিনার ছবি ও ভারতীয় পতাকায়
আগুন এবং আওয়ামী লীগকে ফ্যাসিবাদী দল হিসেবে নিষিদ্ধের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে
বিক্ষোভ করেছে জাতীয় বিপ্লবী পরিষদ।

বিক্ষোভ শেষে রাজধানীর শাহবাগ মোড়ে এক ঘণ্টা প্রতীকী অবরোধ কর্মসূচি পালন করেছে দলটি।

[⌊Img 20261127 Wa0012⌉⌊Img 20261127 Wa0012⌉[

জাতীয় বিপ্লবী পরিষদের বিক্ষোভ মিছিল

এ সময় দলটির আহ্বায়ক খোমেনী ইহসানের নেতৃত্বে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি
ও ভারতে পলাতক, জুলাই গণহত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনার প্রতিকৃতি এবং
ভারতীয় পতাকায় অগ্নিসংযোগ করা হয়েছে।

তিনি জানিয়েছেন, আওয়ামী লীগ নিষিদ্ধ ও ভারতীয় আধিপত্যবাদের অবসান না হলে শিগগির 
শাহবাগে লাগাতার ব্লকেড কর্মসূচি পালন করা হবে।

শুক্রবার বাদ জুমা ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ থেকে আওয়ামী লীগ নিষিদ্ধের
দাবিতে মিছিল বের করেন জাতীয় বিপ্লবী পরিষদ ও বিপ্লবী ছাত্র পরিষদের শতাধিক নেতাকর্মী।

মিছিল থেকে ‘নারায়ে তাকবির, আল্লাহু আকবার’, ‘ফ্যাসিবাদী আওয়ামী লীগ নিষিদ্ধ করো,
করতে হবে’, ‘জঙ্গিবাদী আওয়ামী লীগ নিষিদ্ধ করো, করতে হবে’, ‘অবিলম্বে হাসিনার ফাঁসি
কার্যকর করো, করতে হবে’, ‘মোদির কালো হাত ভেঙে দাও, গুঁড়িয়ে দাও’, ‘ভারতীয় আগ্রাসন,
রুখে দাও জনগণ’, ‘ফেলানীর বাংলায় হাসিনার ঠাঁই নাই’, ‘দিনেশ ত্রিবেদীকে বহিষ্কার করতে
হবে’, ‘দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা’ সহ বিভিন্ন প্রতিবাদী স্লোগান দেওয়া হয়।

মিছিলটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকা প্রদক্ষিণ করে শাহবাগ মোড়ে গিয়ে চার 
রাস্তার মাঝখানে অবস্থান নেয়।

সেখানে জাতীয় বিপ্লবী পরিষদের আহ্বায়ক খোমেনী ইহসান, গুমের শিকার নাগরিকদের স্বজনদের
সংগঠন ‘মায়ের ডাক’-এর সংগঠক মঞ্জুর হোসেন ঈসা, জাতীয়তাবাদী লেখক ইঞ্জিনিয়ার রেজাউল
করিম, সাইয়েদ কুতুব, বিপ্লবী ছাত্র পরিষদের আহ্বায়ক আবদুল ওয়াহেদ ও কবি জিহাদী ইহসান
বক্তৃতা করেন।

খোমেনী ইহসান তার বক্তৃতায় বলেন, দুঃখজনকভাবে জুলাই বিপ্লবের পর বিএনপি আওয়ামী লীগকে
নিষিদ্ধ করার বিরোধিতা করেছে। আর তারেক রহমানের সরকার ক্ষমতায় আসার পর দলটিকে নানা
কৌশলে পুনর্বাসন করা হচ্ছে। গোপালগঞ্জে লীগের সন্ত্রাস দেখার পর যখন লীগ নিষিদ্ধের 
কথা হচ্ছে, তখনো অপকৌশল করা হচ্ছে। আইনমন্ত্রী আসাদুজ্জামান ট্রাইব্যুনালের মামলার 
মাধ্যমে নিষিদ্ধ করার কথা বলে আওয়ামী লীগকে সংগঠিত হওয়ার সুযোগ করে দিচ্ছেন।

তিনি বলেন, আমাদের কথা পরিষ্কার: নির্বাহী আদেশে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে এবং
সংসদে ফ্যাসিবাদ নিষিদ্ধের আইন পাস করে তা সংবিধানে যুক্ত করতে হবে।

এ দাবি আদায়ে কঠোর আন্দোলনের ঘোষণা দিয়ে খোমেনী ইহসান বলেন, শাহবাগে আজকের প্রতীকী
অবস্থান কর্মসূচি হলো ‘ডেমো’ (প্রাথমিক মহড়া)। কিন্তু শিগগির আওয়ামী লীগকে স্থায়ীভাবে
নিষিদ্ধ করা না হলে শাহবাগ মোড় অবরোধ করে লাগাতার অবস্থান কর্মসূচি পালন করা হবে।

তিনি বলেন, আওয়ামী লীগ কোনো রাজনৈতিক দল নয়। বাংলাদেশের স্বাধীনতার পর থেকেই দলটি
ভারতের এজেন্টের ভূমিকা পালন করছে। তারা বারবার বাংলাদেশের জনগণের ভোটাধিকার হরণ করে
ফ্যাসিবাদ কায়েম করেছে। আর প্রতিবারই জনগণকে বুকের রক্ত দিয়ে সেই ফ্যাসিবাদ থেকে 
মুক্ত হতে হয়েছে। কাজেই জুলাই বিপ্লবের পর আবারও মাথাচাড়া দিয়ে ওঠা আওয়ামী লীগকে
কুসুম কুসুম বিরোধিতা করে দমন করা যাবে না।

তিনি বলেন, বাংলাদেশে আওয়ামী ফ্যাসিবাদ দমন করতে হলে ইতালি, জার্মানি ও অস্ট্রিয়ায়
ফ্যাসিবাদ ও নাৎসিবাদ দমনের মতো করেই করতে হবে। এজন্য ফ্যাসিবাদবিরোধী স্থায়ী সাংবিধানিক
আইন প্রণয়ন করতে হবে।

এ আইনের রূপরেখা তুলে ধরে তিনি বলেন, আওয়ামী লীগের সব অফিস ও সহায়-সম্পত্তি বাজেয়াপ্ত
করতে হবে। দলটির সব চিহ্নিত দুর্বৃত্ত নেতাকে রাজনীতিতে স্থায়ীভাবে নিষিদ্ধ করতে হবে।
শেখ মুজিব-হাসিনা পরিবারের সদস্য ও জুলাই গণহত্যায় জড়িত কাউকেই রাজনীতি করতে দেওয়া
যাবে না। যারা দলটির ‘জয় বাংলা’ স্লোগান দেবে, যারা দলটির পক্ষে টকশোতে কথা বলবে, 
তাদের সাত বছরের সশ্রম কারাদণ্ড দিতে হবে।

আওয়ামী লীগ প্রশ্নে বরাবরই ভুল করছে উল্লেখ করে বিএনপির কঠোর সমালোচনা করেন খোমেনী
ইহসান। তিনি বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বিলুপ্ত লীগকে পুনরুজ্জীবিত করেছিলেন।
তিনি শেখ হাসিনাকে দিল্লি থেকে এনে রাজনীতি করার সুযোগ দিয়েছিলেন। কিন্তু হাসিনা ১৯৮১
সালের ১৭ মে দেশে আসার ১৩ দিনের মাথায় ৩০ মে রাতে জিয়াউর রহমান নিহত হয়েছিলেন।

তিনি বলেন, বিএনপি শহীদ জিয়ার পরিণতি থেকে শিক্ষা নেয়নি। বরং তারা মনে করে, আওয়ামী
লীগকে রাজনীতিতে পুনর্বাসন করলে শুধু এ দুই দলই মিলেমিশে রাজনীতি করবে। আর অন্য প্রতিপক্ষরা
লীগের সন্ত্রাসের সামনে কোণঠাসা হয়ে যাবে। কিন্তু ইতিহাস বলে, আওয়ামী লীগ পুনর্বাসিত
হয়ে সবার আগে বিএনপিকেই টার্গেট করে।

আওয়ামী লীগ ফিরে আসার পর প্রথমে জামায়াতের শীর্ষ নেতারা হত্যার শিকার হননি, বরং শহীদ
জিয়াই শহীদ হয়েছিলেন বলে মন্তব্য করেন খোমেনী ইহসান।

তিনি বলেন, জিয়াকে হত্যার পর জামায়াতের শীর্ষ নেতাদের হত্যা করতে লীগের চল্লিশ বছর
লেগেছিল। আবার তাদের হত্যার পর খালেদা জিয়াকে টার্গেট করতে লীগ তিন বছরেরও বেশি সময়
নেয়নি। তারা তাকে মিথ্যা মামলায় দণ্ডিত করে জেলে নিয়ে তিলে তিলে হত্যা করেছে।

তিনি আরও বলেন, আবার সুযোগ পেলে আওয়ামী লীগ সবার আগে তারেক রহমানকেই ধরবে। গোপালগঞ্জে
এমপিদের বাড়িঘর টার্গেট করে লীগ বুঝিয়ে দিয়েছে, তাদের টার্গেট ছোট নয়, বরং বড়।

বাংলাদেশে ভারত আবারও আধিপত্যবাদের থাবা বিস্তারের চেষ্টা করছে বলে অভিযোগ করেন খোমেনী
ইহসান।

তিনি বলেন, চব্বিশের ৫ আগস্ট ভারতের সবচেয়ে বড় অ্যাসেট শেখ হাসিনার পতন হয়েছে। আশা
করেছিলাম, এরপর ভারতের আচরণের পরিবর্তন হবে। শেখ হাসিনাকে ফেরত দেবে, সীমান্ত হত্যা
বন্ধ করবে, অসম চুক্তিগুলোর অবসান ঘটাবে এবং অভিন্ন নদীতে পানির ন্যায্য হিস্যা দেবে।
কিন্তু ভারত আওয়ামী লীগকে দিয়ে বাংলাদেশে গৃহযুদ্ধ লাগাতে চাচ্ছে। এ অবস্থায় আমরা
আগামী ১৬ ডিসেম্বর থেকে ‘ভারত খেদাও’ আন্দোলন শুরু করব। দেশের কোথাও ভারতীয় পণ্য বিক্রি
করতে দেওয়া হবে না। ভারত থেকে কোনো গাড়ি ঢুকতে দেওয়া হবে না।

সমাবেশে মঞ্জুর হোসেন ঈসা বলেন, আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবিতে আমরা রাজপথে নেমেছি
এবং রাজপথ থেকেই ফ্যাসিবাদকে চিরতরে নিষিদ্ধ করব। সরকারের উদ্দেশে তিনি বলেন, চারপাশে
থাকা সন্দেহভাজন ব্যক্তিদের আগে চিহ্নিত করতে হবে। তাদের কাছ থেকে সুযোগ-সুবিধা নিয়ে‘
মোটাতাজা গরু’ হওয়ার চেষ্টা করা যাবে না। ইলিয়াস আলী, চৌধুরী আলম ও সাজিদুল ইসলাম
সুমনরা এখনো গুম। তাই আওয়ামী লীগকে কোনো ছাড় বা সমঝোতা চলবে না। শহীদ ওসমান হাদির
রক্তের শপথ নিয়ে দুঃশাসনের বিরুদ্ধে আমরা লড়াই চালিয়ে যাব।

ইঞ্জিনিয়ার এ কে এম রেজাউল করিম বলেন, আওয়ামী ফ্যাসিবাদ মোকাবিলায় কোনো শিথিলতা 
দেখানোর সুযোগ নাই। পুলিশ যদি ডিমোরালাইজড হয়ে যায়, তাহলে যুক্তরাজ্যের ন্যায় নাগরিকদের
মধ্য থেকে ভলান্টিয়ার পুলিশ নিয়োগ দেওয়ার দাবি জানাই। জাতীয়তাবাদী ছাত্রদল ও ছাত্রশিবিরসহ
বিভিন্ন ছাত্র সংগঠন থেকে দেশপ্রেমিক নাগরিকদের নিয়োগ দেওয়ার দাবি জানাই।

সাইয়েদ কুতুব বলেন, বাংলাদেশ রক্তের বিনিময়ে স্বাধীন রাষ্ট্র হয়েছে, এটি কারও দান
নয়। সীমান্ত ও সার্বভৌমত্ব নিয়ে কোনো ধরনের আস্ফালন মেনে নেওয়া হবে না।

জিহাদী ইহসান বলেন, বাংলাদেশের স্পিকার মেজর হাফিজ উদ্দিন আহমেদ পাকিস্তানে যাওয়ায়
একশ্রেণির লোকজন তাকে মুক্তিযুদ্ধের চেতনাবিরোধী বলে সুর তুলছে। আওয়ামী ও ভারত তোষণ
না করলে সব মুক্তিযোদ্ধাই ওদের কাছে রাজাকার। যারাই ভারতবিরোধিতা করে, তারা তাদের কাছে
রাজাকার।

কর্মসূচিতে জাতীয় বিপ্লবী পরিষদের নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী সদস্য সচিব
আবদুস সালাম, কেন্দ্রীয় সদস্য সাকিব সামিন, সাইদুল ইসলাম ও জয়নুল আবেদিন, হাফেজ বায়েজিদ
বোস্তামি প্রমুখ।

**আরও পড়ুন:**

 * [খেলাধুলার মাধ্যমে তরুণদের মাদক থেকে দূরে রাখার বার্তা](https://www.jhenedarkagoj.com/jhenaidah-khobor/kaliganj-news/%e0%a6%96%e0%a7%87%e0%a6%b2%e0%a6%be%e0%a6%a7%e0%a7%81%e0%a6%b2%e0%a6%be-%e0%a6%ae%e0%a6%be%e0%a6%a7%e0%a7%8d%e0%a6%af%e0%a6%ae%e0%a7%87/)
 * [সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার দেখানো হলো ডরিনকে](https://www.jhenedarkagoj.com/jhenaidah-khobor/%e0%a6%b8%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%be%e0%a6%b8%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%b0%e0%a7%8b%e0%a6%a7%e0%a7%80-%e0%a6%86%e0%a6%87%e0%a6%a8%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%ae%e0%a6%be%e0%a6%ae/)

**এলাকা সম্পর্কে:** [কালীগঞ্জ উপজেলা (উইকিপিডিয়া)](https://bn.wikipedia.org/wiki/%E0%A6%95%E0%A6%BE%E0%A6%B2%E0%A7%80%E0%A6%97%E0%A6%9E%E0%A7%8D%E0%A6%9C_%E0%A6%89%E0%A6%AA%E0%A6%9C%E0%A7%87%E0%A6%B2%E0%A6%BE)
