# রূপপুর পারমাণবিক কেন্দ্রের প্রথম ইউনিট ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত

- Link: https://www.jhenedarkagoj.com/national/%e0%a6%b0%e0%a7%82%e0%a6%aa%e0%a6%aa%e0%a7%81%e0%a6%b0-%e0%a6%aa%e0%a6%be%e0%a6%b0%e0%a6%ae%e0%a6%be%e0%a6%a3%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%95-%e0%a6%95%e0%a7%87%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a6%e0%a7%8d%e0%a6%b0/
- Published: 2026-11-17T18:38:20+06:00
- Author: Mijanur Raman Mijanur Raman

**অনলাইন ডেস্ক**

Thank you for reading this post, don't forget to subscribe!

দীর্ঘ প্রতীক্ষা ও ধারাবাহিক কারিগরি পরীক্ষা-নিরীক্ষার পর এই মাইলফলক অর্জিত হয়েছে,
যা রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের উৎপাদন কার্যক্রম ও জাতীয় গ্রিডের সংযোগে গুরুত্বপূর্ণ
ধাপ হিসেবে ধরা হচ্ছে।

১৭ নভেম্বর মঙ্গলবার বিকেল ৩টায় বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনামের উপস্থিতিতে
দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপুরের প্রথম ইউনিট থেকে ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ
পরীক্ষামূলকভাবে জাতীয় গ্রিডে যুক্ত করা হয়।

প্রাথমিক পরীক্ষামূলক সংযোগে উৎপাদিত বিদ্যুৎ প্রায় ৮ থেকে ১০ ঘণ্টা জাতীয় গ্রিডে সরবরাহ
করা হবে। এই সময়ে টারবাইন, জেনারেটর ও গ্রিডের সঙ্গে সমন্বিত পরিচালনব্যবস্থার কার্যকারিতা
ও স্থিতিশীলতা পর্যবেক্ষণসহ গুরুত্বপূর্ণ কারিগরি পরীক্ষা চালানো হবে।

এরপর বিভিন্ন কারিগরি পরীক্ষা-নিরীক্ষার জন্য বিদ্যুৎকেন্দ্রটিকে জাতীয় গ্রিড থেকে 
বিচ্ছিন্ন করা হবে। প্রায় ২৮ ঘণ্টা বিরতির পর পুনরায় ৪ থেকে ৬ ঘণ্টার জন্য গ্রিডে যুক্ত
করে প্রয়োজনীয় কারিগরি ও পরিচালনসংক্রান্ত পরীক্ষা সম্পন্ন করা হবে।

পরীক্ষার প্রতিটি ধাপে কেন্দ্রের বিভিন্ন সিস্টেমের কার্যকারিতা, টারবাইন ও জেনারেটরের
কর্মক্ষমতা এবং জাতীয় গ্রিডের সঙ্গে সমন্বয় নিবিড়ভাবে যাচাই করা হবে। সব কারিগরি পরীক্ষার
ফল সন্তোষজনক হলে এবং এ পর্যায়ের নির্ধারিত কাজ শেষ হলে পরবর্তী পরীক্ষামূলক পরিচালনার
জন্য বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (বায়েরা) অনুমোদন নিতে হবে।

বায়েরা অনুমোদন দিলে বিদ্যুৎকেন্দ্রটি পুনরায় পরীক্ষামূলকভাবে জাতীয় গ্রিডে যুক্ত করে
বিদ্যুৎ সরবরাহের পরবর্তী কার্যক্রম শুরু হবে। রুশ ঠিকাদারের সঙ্গে চুক্তি অনুযায়ী,
১০ মাসের পরীক্ষামূলক পরিচালনা সম্পন্ন হওয়ার পর প্রথম ইউনিট থেকে পূর্ণ সক্ষমতায় বাণিজ্যিকভাবে
বিদ্যুৎ সরবরাহের পরিকল্পনা রয়েছে।

এ পর্যায় শেষে প্রথম ইউনিটটি রুশ ঠিকাদারের কাছ থেকে বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের
কাছে প্রাথমিকভাবে হস্তান্তর করা হবে। পরবর্তী সময়ে সরকারি গেজেট বা প্রজ্ঞাপনের মাধ্যমে
পরিচালনাকারী প্রতিষ্ঠান হিসেবে এনপিসিবিএলের কার্যক্রম শুরু হবে।

উল্লেখ্য, রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দুটি ইউনিটের প্রতিটির উৎপাদনক্ষমতা ১২০০
মেগাওয়াট। মোট ২৪০০ মেগাওয়াট সক্ষমতার এই বিদ্যুৎকেন্দ্র দেশের ক্রমবর্ধমান বিদ্যুৎ
চাহিদা পূরণ, জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করা এবং টেকসই বিদ্যুৎ উৎপাদনে গুরুত্বপূর্ণ
ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

**আরও পড়ুন:**

 * [রাষ্ট্রায়ত্ত ছয় ব্যাংকের ৩ হাজার ১২৫ প্রকল্প অচল, আটকে ৩৮ হাজার কোটি টাকার বেশি](https://www.jhenedarkagoj.com/national/%e0%a6%b0%e0%a6%be%e0%a6%b7%e0%a7%8d%e0%a6%9f%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%be%e0%a6%af%e0%a6%bc%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%a4-%e0%a6%ac%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be%e0%a6%82%e0%a6%95/)
 * [৯৮৮ কর্মকর্তা-কর্মচারীর আন্দোলনে উত্তাল জাতীয় বিশ্ববিদ্যালয়, তিন দিন অফিস বন্ধ ঘোষণা](https://www.jhenedarkagoj.com/national/%e0%a7%af%e0%a7%ae%e0%a7%ae-%e0%a6%95%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%ae%e0%a6%95%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%be-%e0%a6%95%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%ae%e0%a6%9a%e0%a6%be%e0%a6%b0%e0%a7%80%e0%a6%b0/)
